‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বাতিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বাতিল করা হয়েছে। এ পরীক্ষা আবার অনুষ্ঠিত হবে। আজ শনিবার রাতে ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ৩০০ থেকে ৪০০ শিক্ষার্থী তাদের ফল পুনর্মূল্যায়নের আবেদন করায় আজ রাতে ডিনস কমিটির এ সভা ডাকা হয়। সভায় এ সিদ্ধান্ত হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে কিছু প্রশ্নে ভুল থাকায় শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন করা সম্ভব হয়নি। প্রশ্নপত্রে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠায় ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, কমিটি ভেবেছে, বারবার পুনর্মূল্যায়ন না করে নতুন করে পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীরা আগের প্রবেশপত্র দিয়েই এ পরীক্ষা দিতে পারবেন। নতুন করে কোনো আবেদন করতে হবে না। প্রবেশপত্র হারিয়ে ফেললে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নতুন করে ডাউনলোড করা যাবে। পরীক্ষার তারিখ শিগগির জানানো হবে।‘খ’ ইউনিটের সাক্ষাৎকার স্থগিত: ‘খ’ ইউনিটের সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও কলা অনুষদের ডিন সদরুল আমিন রাতে প্রথম আলোকে বলেন, অনিবার্য কারণবশত সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। সাক্ষাৎকারের সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।