‘ঘটনা পূর্বপরিকল্পিত, গোয়েন্দা সংস্থা সবই জানে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ার-ম্যান মিজানুর রহমান রামু ও উখিয়ায় বৌদ্ধমন্দির ও বসতিতে হামলার ঘটনাকে পূর্ব-পরিকল্পিত এবং গোয়েন্দারা জানতেন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘এখন মনে হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে সবকিছু হয়েছে। এই পূর্বপরিকল্পনার কোনো আঁচ, কোনো ধারণা কি আমাদের যাঁরা গোয়েন্দা সংস্থায় রয়েছেন, তাঁরা কেউ কি জানতেন না? আমি বলি, গোয়েন্দা সংস্থা সবই জানে।’ গতকাল বুধবার এক সেমিনারে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান গোয়েন্দাদের কথা উল্লেখ করে আরও বলেন, ‘তাঁরা এও জানেন যে, কোন সংবাদটি সকলের জন্য প্রকাশ করা হবে এবং কোনটি প্রকাশ করা হবে না। কেন প্রকাশ করা হবে না, তারও পেছনে নিশ্চয়ই কিছু কারণ থাকে। সেই কারণটা কার স্বার্থকে রক্ষা করে, সেটি বোধ হয় চিন্তার বিষয়। আমি অনুরোধ করব, সদাশয় সরকার যেন এ ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে চিন্তা করে দেখে যে, এত বড় একটা ব্যত্যয় কীভাবে হতে পারে। যার জন্য সারা বিশ্বের সামনে আমাদের মাথা আজকে হেঁট হয়ে গেছে।’মিজানুর রহমান বলেন, ‘বিষয়টিকে যেনতেন করে শুধু রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে তার গুরুত্ব যেন কমিয়ে না ফেলা হয়, এ ব্যাপারে যারা দায়িত্বে রয়েছেন, তাঁদের বিনীতভাবে অনুরোধ করছি। এর পেছনে যারা রয়েছে, তাদের দ্রুততার সঙ্গে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যেন এ রকম অশুভ ঘটনা বাংলাদেশে আর না ঘটে।’ গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘ইউনিভার্সেল পিরিওডিক রিভিউ (ইউপিআর): পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান সভাপতির বক্তব্যে আরও বলেন, ‘গত কয়েক দিন আমাদের খবরের কাগজে যে ভাঙাচোরা, এখানে-ওখানে পড়ে থাকা বুদ্ধমূর্তি দেখেছি, সেগুলো কোনো বুদ্ধের মূর্তি বা প্রতিমা নয়, সেগুলো অসাম্প্রদায়িক বাংলাদেশের রক্তাক্ত হূদয়ের প্রতিচ্ছবি এবং এটি আমাদের লজ্জায় ফেলেছে। ’জাতিসংঘে জমা দেওয়ার জন্য তৈরি ‘ইউনিভার্সেল পিরিওডিক রিভিউ (ইউপিআর)’ প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিবেদনে লেখা আছে, অন্ততপক্ষে গত তিন থেকে সাড়ে তিন বছরে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে একটি স্বাভাবিক আশাব্যঞ্জক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে একটি কালিমা লেপন করা হলো। কেন, কী জন্য, কার স্বার্থে—এটা আজকে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।’ মিজানুর রহমান আরও বলেন, ‘গোঁজামিল দিয়ে কোনো শুভ কাজ হয় না। সেই গোঁজামিলটা সংবিধানে আমরা করেছি। একদিকে ধর্মনিরপেক্ষতা ঘোষণা করেছি, অন্যদিকে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে রেখে দিয়েছি। তারই বলি হচ্ছে রামুর ঘটনা। এই গোঁজামিল যদি চলতে থাকে, তা হলে তার অশুভ ফল ভবিষ্যতেও আমাদের তাড়া করতে থাকবে। যত দ্রুত সম্ভব এই অস্বাভাবিক সন্ধি থেকে বেরিয়ে আসতে হবে। মিজানুর রহমান আরও বলেন, ‘আদিবাসীদের অনেক অধিকার পূরণের বিষয়ে জাতীয় নিরাপত্তার হুমকির কথা বলা হয়। এটা বলা ঠিক হচ্ছে কি না জানি না, কিন্তু এই যে নিরাপত্তার একটি হুমকির কথা বলা হয়, সেই হুমকির যথার্থতা প্রমাণ করার জন্যই রামু ও উখিয়াতে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে—এ প্রশ্নটি ভেবে দেখার জন্য সবাইকে অনুরোধ করছি।’চেয়ারম্যান জানান, আগামী শুক্রবার মানবাধিকার কমিশন রামুর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবে। সেখানে স্থানীয় জনসাধারণ ও প্রশাসনের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরকারের কাছে একটি সুপারিশমালা উপস্থাপন করা হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, মানবাধিকার কমিশনের সদস্য অধ্যাপক নীরুপমা চাকমা প্রমুখ।