‘ঘরে চাল নাই, চিকিৎসার পাইসা নাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের এ গ্রামের মানুষ খুবই কষ্টে আছে। অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। আগে সবাই বেনারসি শাড়ি বানাত। এ শাড়ি ঢাকার ব্যবসায়ীরা এসে কিনে নিত। শাড়ি বিক্রির আয় দিয়ে প্রত্যেকের সংসারও ভালো চলত। পুঁজির অভাবে এখন সবাই তাঁতকলগুলো বন্ধ করে দিচ্ছে। সরকার তো আমাদের দুর্দশা দেখে না। ঋণ দেয় না। না খেয়ে এ গ্রামের মানুষকে মরতে হবে’—এক নিঃশ্বাসে কথাগুলো বলতে থাকেন রংপুরের গঙ্গাচড়ার বেনারসিশিল্পের রূপকার আবদুল রহমান। বেনারসিশিল্পের সঙ্গে জড়িত গ্রামটির দুই হাজার নারী-পুরুষের কণ্ঠস্বর হয়ে কথা বলেন তিনি। পুঁজির অভাব ও উৎপাদিত বেনারসির বাজারজাত করাসহ নানা সমস্যায় গ্রামটির তাঁতিরা আগ্রহ হারিয়ে ফেলছেন। ইতিমধ্যে ৭০ ভাগ তাঁত বন্ধ হয়ে গেছে। এ শিল্পের সঙ্গে জড়িত দুই হাজার শ্রমিক বেকার হয়ে গেছেন। অনুসন্ধানে জানা গেছে, রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের হাবু গ্রামের আবদুর রহমান দেশ-বিদেশে বেনারসি শাড়ির ওপর বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে গ্রামে ফেরেন। ১৯৯৭ সালের দিকে মাত্র দুইটি তাঁতকল নিয়ে তিনি কাজ শুরু করেন। এলাকার বেকার নারী-পুরুষকে বিনা পারিশ্রমিকে প্রশিক্ষণ দিয়ে তাঁদের বেনারসি শাড়ি তৈরি করতে উদ্যোগী করেন। এরপর তিন থেকে চার বছরের মধ্যে পুরো গ্রামে দেড় শ তাঁত গড়ে ওঠে। এ কারণে গ্রামটির নামও পাল্টে যায়। হয়ে ওঠে হাবু বেনারসি পল্লি। বর্তমানে সেই আবদুর রহমানের ১৩টি তাঁতের মধ্যে সাতটিই বন্ধ রয়েছে। পুঁজির অভাবে ধস নেমেছে পুরো গ্রামের সম্ভাবনাময় এ শিল্পে। ওই গ্রামের তাঁতমালিক আবদুর জব্বার জানান, দুটি কল চালাতে সুতা, তানাবানাসহ বিভিন্ন উপকরণ মিলে ৫০ হাজার টাকা দরকার। জমিজমা বিক্রি করে এখানকার অভাবী মানুষ তাঁতশিল্পের সঙ্গে জড়িয়ে পড়লেও এখন হিমশিম খাচ্ছেন। উৎপাদন খরচ বাড়লেও শাড়ির দাম না বাড়ায় অনেকে তাঁত বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। একই কথা বলেন তাঁতমালিক আমজাদ হোসেন, আকমল হোসেন ও জিকরুল হক। তাঁরা জানান, দুটি তাঁতে সপ্তাহে ছয়টি শাড়ি তৈরি করা সম্ভব। প্রত্যেকটির উৎপাদন খরচ গড়ে ৯৫০ টাকা। বিক্রি হয় এক হাজার থেকে এক হাজার ১০০ টাকায়। তাও আবার স্থানীয় বাজার না থাকায় ঢাকার মিরপুরে গিয়ে মহাজনদের কাছে বিক্রি করতে হয়। এ শিল্পের সঙ্গে জড়িত বেকার হয়ে পড়া অন্যদের মধ্যে রুবিনা খাতুন, সায়দা বেগম, মোসলেমা খাতুন, সুলতানা খাতুন, আসমা খাতুন সুতা তোলার কাজ করতেন। তাঁরা জানান, এখানে কাজ করে দিনে ৬০ থেকে ৭০ টাকা রোজগার হতো। তাঁত বন্ধ হয়ে যাওয়ায় এখন সম্পূর্ণ বেকার। আছমা খাতুন বলেন, ‘ঘরে চাল নাই, চিকিৎসার পাইসা নাই। তাঁত বন্ধ হয়া যাওয়ায় দিন যায়ছে হামার খেয়া না খেয়া।’ রাজনৈতিক নেতারাও হামার উন্নয়ন করিবার চাইছেন। কিন্তু কায়ও কথা রাখে নাই।’ আর এক কারিগর সেকেন্দার হোসেন বলেন, ‘হামার কোনো দাবি নাই। কিছু ঋণ আর শাড়ি বিক্রির ব্যবস্থা করি চাই।’