‘ঘরের শত্রু বিভীষণ সামলাতে ব্যস্ত ময়মনসিংহের বিএনপি।’ জেলা বিএনপির সাংগঠনিক অবস্থা সম্পর্কে বলতে গিয়ে দলটির সেখানকার শীর্ষ স্থানীয় নেতা ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেন এ মন্তব্য করেন। তবে কে এই বিভীষণ, তা বলেননি ‘নাইকো দুর্নীতি’ খ্যাত এ কে এম মোশাররফ হোসেন।বিএনপিতে তাঁর প্রতিপক্ষ হিসেবে পরিচিত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ অবশ্য প্রসঙ্গটি উঠতেই লুফে নিলেন। বললেন, ‘এ বিভীষণটি হলেন স্বয়ং মোশাররফ হোসেন। তিনি তো ময়মনসিংহে বিএনপির মেহমান, মাঝেমধ্যে সুযোগ পেলে আসেন।’উত্তর জেলা বিএনপির অবস্থা আরও খারাপ বলে জানালেন সেখানকার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন তালুকদার। তাঁর দাবি, তিনিই সেখানকার একমাত্র নেতৃত্বস্থানীয় ব্যক্তি, যিনি ময়মনসিংহে বসবাস করেন।কর্মীরা বললেন, দল ক্ষমতায় নেই, আন্দোলনেও ঢিলেঢালা; তবু কোন্দল সামলাতে ব্যস্ত ময়মনসিংহ জেলা বিএনপি। ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ নামে দুটি সাংগঠনিক জেলায় বিভক্ত বিএনপির অনেকগুলো উপদল। রয়েছে পাল্টাপাল্টি কমিটিও।১৯৭৯ সালে খুররম খান চৌধুরীকে আহ্বায়ক করে ময়মনসিংহ উত্তর জেলায় বিএনপির যাত্রা। ওই বছরই জিয়াউর রহমান আকস্মিকভাবে বালিয়া মাদ্রাসায় যান এবং সেখানে সমাবেশ করেন। কিছুদিন পর সম্মেলন করে মুসলিম লীগের সাবেক নেতা রজব আলী ফকিরকে সভাপতি করা হয়। দক্ষিণে প্রথমে আহ্বায়ক ও পরে সভাপতি হন মুসলিম লীগ ছেড়ে আসা এ কে এম ফজলুল হক।দক্ষিণ জেলা বিএনপি: রাজনৈতিকভাবে অধিকতর গুরুত্বপূর্ণ দক্ষিণে বছর দুয়েক আগে দলের সম্মেলন হয়েছে। সম্মেলনের প্রায় দুই বছর পর গত মার্চ মাসে বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে ১৮৪ সদস্যের কমিটি করে দেওয়া হয়। কিন্তু ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও ‘ভূমিদস্যু’ বলে পরিচিত মোর্শেদ আলমকে এ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক করা হলে দলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। দক্ষিণ জেলার সভাপতি এ কে এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ জানান, তাঁদের প্রস্তাবিত কমিটিগুলোতে এ নামটি ছিল না। এ কে এম মোশাররফ হোসেন বলেন, ‘এ ব্যাপারে কেন্দ্রের কাছে আপত্তি উত্থাপন করে রেখেছি।’ ওয়াহাব আকন্দ বলেন, ‘আপত্তির কিছু নেই। কেন্দ্র চাইলে এমন অনেককেই যুক্ত করতে পারেন এবং তা বিএনপির গঠনতন্ত্রবিরোধী নয়।’এ কে এম মোশাররফ হোসেন গত সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর আসনে নির্বাচন করেন। তাঁর নিজের এলাকা মুক্তাগাছায় বিএনপির প্রার্থী ছিলেন তাঁর ছোট ভাই জাকির হোসেন ওরফে ক্লাসিক বাবুল। দুই ভাই-ই পরাজিত হন। আগামী নির্বাচনেও মোশাররফ হোসেন ময়মনসিংহ সদর থেকেই নির্বাচন করতে চান বলে প্রথম আলোকে জানিয়েছেন। একইভাবে আবু ওয়াহাব আকন্দ ও সংস্কারপন্থী বলে পরিচিত সদরের সাবেক সাংসদ দেলোয়ার হোসেন খান ওরফে দুলুও সদরে প্রার্থী হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন প্রথম আলোর কাছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন দক্ষিণ জেলা কমিটির জ্যেষ্ঠ সদস্য হিসেবে ঠাঁই পাওয়ায় তিনিও সদর আসন থেকে মনোনয়ন চাইতে পারেন বলে এলাকায় আলোচনা শুরু হয়েছে।যুবদল: মোশাররফ হোসেন, দেলোয়ার হোসেন খান ও ওয়াহাব আকন্দকে কেন্দ্র করে ত্রিধারায় বিভক্ত হয়ে আছে দক্ষিণ জেলা বিএনপি। তবে প্রথম দুই নেতা মোশাররফ হোসেন ও ওয়াহাব আকন্দের বিরোধের প্রভাব পড়েছে বিএনপির অঙ্গসংগঠনগুলোতেও। গত ১ ফেব্রুয়ারি দক্ষিণ জেলা যুবদলের ১০ সদস্যের নতুন কমিটি কেন্দ্র থেকে ঘোষিত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয় ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামীম আজাদ ও যুবদলের আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মাসুদকে। এ কমিটিতে ঠাঁই হয়নি ভেঙে দেওয়া কমিটির সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় যুবদলের সদস্য এনামুল হক আকন্দ ওরফে লিটন আকন্দের। ফলে কমিটি ঘোষণার পর থেকে প্রায় এক মাস বিএনপির কার্যালয় দখলে নিয়ে প্রতিবাদ-বিক্ষোভ করেন তাঁর অনুসারীরা। এখনো তা লিটন আকন্দের দখলেই রয়ে গেছে। লিটন আকন্দ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের ভাতিজা। শহরের হরিকিশোর রায় রোডের বিএনপি কার্যালয় লিটন আকন্দের দখলে থাকায় মোশাররফ হোসেনের অনুসারীরা তাঁর বাসাকে কেন্দ্র করে দলীয় কার্যক্রম চালান। স্বেচ্ছাসেবক দল: বিতর্ক আছে স্বেচ্ছাসেবক দলের দক্ষিণ জেলা কমিটি নিয়েও। এ কমিটিতে সাবেক সভাপতি আলমগীর মাহমুদ আলমকে আহ্বায়ক এবং জাসদ থেকে আসা শহীদুল আমিন খসরুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করায় ক্ষুব্ধ আবু ওয়াহাব আকন্দ। ওয়াহাব আকন্দ বলেন, বিএনপির সহযোগী সংগঠনের কমিটিগুলো করার ক্ষেত্রে মোশাররফ হোসেন তাঁর নিজের ইচ্ছাকে গুরুত্ব দিচ্ছেন। যে কারণে তিনি ২৮ আগস্ট স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে যাননি। ওই মিছিলে গিয়েছিলেন মোশাররফ হোসেন।উত্তর জেলা: এই কমিটি নিয়ে কেন্দ্রীয় বিএনপি এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বলে জানান নেতারা। এখানে বিএনপির ভেতর অনেকগুলো উপদল থাকলেও প্রবলভাবে দুটি উপদলের অস্তিত্ব প্রকাশ পায়। এক পক্ষের নেতৃত্বে আছেন উত্তর জেলা বিএনপির সভাপতি আফজাল এইচ খান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন তালুকদার। অপর পক্ষে রয়েছেন সাবেক দুই সাংসদ খুররম খান চৌধুরী ও শাহ শহীদ সারোয়ার। ২০০৯ সালের ৩০ নভেম্বর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মেলন হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আফজাল এইচ খান সভাপতি নির্বাচিত হন। ভোট ছাড়াই সাধারণ সম্পাদকের পদ দাবি করেন সাবেক সাংসদ শাহ নূরুল কবীর শাহীন। আর ভোট চান মোতাহার হোসেন তালুকদার। শেষ পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে কেন্দ্রীয় নেতারা ফিরে যান। পরে আকস্মিকভাবে কেন্দ্র থেকে চিঠি দিয়ে মোতাহার হোসেন তালুকদারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিয়ে তাঁকেই উত্তর জেলার সাংগঠনিক সব কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। ওই দিনই (৩০ নভেম্বর, ২০০৯) শহরের রেলওয়ের কৃষ্ণচূড়া চত্বরে পাল্টা কমিটি ঘোষণা করা হয়। তাতে সভাপতি হন খুররম খান চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ শহীদ সারোয়ার। কোন্দল উপজেলাতেও: উত্তর জেলার আওতাধীন উপজেলাগুলোতে কোন্দল চরমে। উত্তর জেলার সভাপতি আফজাল এইচ খান হালুয়াঘাট উপজেলা বিএনপিরও সভাপতি। সেখানে পাল্টা কমিটি করেছেন হালুয়াঘাটের উপজেলা চেয়ারম্যান আলী আজগর। মনোনয়নের আশায় ২০০৭ সালের ২২ জানুয়ারির না হওয়া নির্বাচনের আগে আগে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলী আজগর বিএনপিতে যোগ দেন। কিন্তু কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ ওরফে প্রিন্স সেখানে মনোনয়ন পান। এমরান সালেহর নিয়ন্ত্রণে পরিচালিত হয় সেখানকার যুবদল। আবার খুররম খান নান্দাইল উপজেলারও সভাপতি। সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন প্রবাসী রফিকুল ইসলাম। তবে দলে তাঁর কোনো পদ নেই।ময়মনসিংহ বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ময়মনসিংহে বিএনপির দুটি সাংগঠনিক জেলায় কমিটি রয়েছে। অবশ্য উত্তর জেলায় এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি। তিনি বলেন, বড় দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকাটা অস্বাভাবিক নয়। একে কোন্দল বলাটা ঠিক হবে না। ময়মনসিংহে বিএনপির দলীয় কর্মসূচি যথাযথভাবে পালিত হয় দাবি করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘তার পরও কোনো কারণে নেতৃত্বের প্রতিযোগিতা যদি দলের কর্মকাণ্ডে প্রভাব ফেলে তা কেন্দ্রীয়ভাবে দেখা হবে। তবে সেখান থেকে এখনো কেউ কোনো অভিযোগ করেননি।’