‘ঘুম নেই’-এর শততম প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকাল নাট্য সম্প্রদায় আয়োজিত মুক্তিযুদ্ধ সংস্কৃতি উৎসব শেষ হলো নাসির উদ্দীন ইউসুফের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা ঘুম নেই-এর শততম মঞ্চায়নের মধ্য দিয়ে। ঘুম নেই-এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন জন মার্টিন।গতকাল বৃহস্পতিবার জাতীয় নাট্যশালা মিলনায়তনে উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী ও হাসান আরিফ। সভাপতিত্ব করেন উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক আফজাল হোসেন।ঘুম নেই নাটকের পটভূমি মুক্তিযুদ্ধ। যেখানে বলা হয়েছে, যারা যুদ্ধ করেছে, যারা যুদ্ধ দেখেছে এবং যারা যুদ্ধের কথা শুনেছে—সবাই একটি অলিখিত প্রতিযোগিতায় যেন শামিল হয়েছে। মুক্তিযুদ্ধ ‘বর্তমান কাল’ থেকে ‘অতীত কাল’-এ স্থানান্তরিত হয়ে ক্রমাগত কেবল বিবর্ণ ইতিহাস হয়ে যাচ্ছে। নাটকে আরও বলা হয়েছে, মুক্তিযুদ্ধ বাঙালির জীবনে ঘটে যাওয়া আকস্মিক কোনো ঘটনা নয়। মুক্তিযুদ্ধ আমাদের বহমান জীবনের চেতনা। প্রতিনিয়ত এই চেতনা শাণিত করে আমাদের সুন্দর জীবন গড়ার সংগ্রাম। মুক্তিযুদ্ধ কখনোই শেষ হয়ে যাওয়া কোনো যুদ্ধ নয়।