‘ঘুমপাড়ানি’ ক্রিকেটের এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শঙ্খ ঘোষের ‘ঘুমিয়ে পড়া অ্যালবাম’-এর কাছে ঋণ স্বীকার করে এই টেস্টের তৃতীয় দিনটির নাম দিয়ে দেওয়া যায় ‘ঘুমিয়ে পড়া ক্রিকেট!’ ‘ঘুমপাড়ানি ক্রিকেট’ কথাটা বোধহয় আরও সুপ্রযুক্ত হয়।ক্রিকেটের তো আর ঘুম-জাগরণ বলে কিছু নেই। ঘুম-টুম যা পেল, সেটি দর্শকদের। বেশ কিছুদিন ধরেই অবশ্য টেস্টে পাকিস্তানের ব্যাটিং অনিদ্রা রোগের মহৌষধ। পুরোনো দিনের টেস্ট ম্যাচের কথা মনে করিয়ে দেওয়ার প্রতিজ্ঞা নিয়েই যেন নামেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। মনে করিয়ে দেন হানিফ মোহাম্মদের উত্তরাধিকার। হানিফ মোহাম্মদের ৩৩৭ রানের ইনিংস নিয়ে অনেক গল্পগাথা চালু আছে। ১৯৫৭-৫৮ সিরিজে ব্রিজটাউনের ওই ছয় দিনের টেস্টে এক দর্শক নাকি গাছের ডালে বসে খেলা দেখছিলেন। ডাল ভেঙে পড়ে যাওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে রাত কাটিয়ে পরদিন বিকেলে আবার মাঠের পাশের ওই গাছের ডালে। সবিস্ময়ে ওই দর্শক আবিষ্কার করেন, হানিফ তখনো ব্যাটিং করে যাচ্ছেন।গল্পগাথা বলছি, তবে সত্যি তো হতেই পারে। হানিফ ব্যাটিং করেছিলেন ১৬ ঘণ্টা ১০ মিনিট। মিনিটের হিসাবে ৯৭০ মিনিট। হানিফ অবশ্য দাবি করেন, তিনি আরও ২৯ মিনিট বেশি উইকেটে ছিলেন। কোথাও একটা ভুল হয়েছে। তাঁর কাছে কী যেন একটা প্রমাণও আছে। যে কারণে উইজডেনে এই রেকর্ডের নিচে টীকা দিয়ে লেখা হয়—হানিফ মনে করেন তিনি...। ৯৭০ মিনিটই হোক বা ৯৯৯—প্রথম শ্রেণীর ক্রিকেটে দীর্ঘতম ইনিংসের রেকর্ড হিসেবে এটি টিকে ছিল ৪২ বছর। টেস্ট ক্রিকেটে এখনো টিকে আছে। সম্ভবত চিরদিনই থাকবে। পাকিস্তানের এই দলের ব্যাটসম্যানদের কারোরই ক্রিকেটের আদি ‘লিটল মাস্টার’-এর ধৈর্য ও মনঃসংযোগের ধারেকাছে যাওয়ার সাধ্যি নেই। সেই চেষ্টাও কেউ করেন না। যুুগ বদলেছে, সঙ্গে যুগের দাবিও। তবে কাল পাকিস্তানি ব্যাটসম্যানরা হানিফের কথা ঠিকই মনে করিয়ে দিলেন।যে চারজন ব্যাটিং করলেন, তাঁদের মধ্যে মিসবাহ-উল-হকের স্ট্রাইক রেট সবচেয়ে বেশি। সেটিও ৫২.০০। সেঞ্চুরির পর একটু হাত খুলে না মারলে বড় বিসদৃশ দেখায় বলে তৌফিক উমরের স্ট্রাইক রেটটা কোনোমতে ৫০ ছুঁল। স্ট্রাইক রেট কম রাখতে আজহার আলীর সঙ্গে ইউনুস খানের জোর লড়াই হলো। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর আজহার জয়ী! গড়ে ১০০ বলে তাঁর ৩৮.৭৭ রান। ইউনুসের ৪০.৬৭।সারা দিনে ৬৯ ওভার খেলা হলো, রান ২০৫, রানরেট ২.৯৭—এমনিতে আদর্শ টেস্ট ব্যাটিংয়ের প্রতিচ্ছবি। কিন্তু কী কারণে দর্শকেরা টেস্ট ম্যাচ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে—তা নিয়ে আলোচনার জন্য আদর্শ এক দিনও বটে। রান-টান না উঠুক, উইকেট পড়লেও তো হয়। অথচ সারা দিনে উইকেট পড়ল মাত্র দুটি।টেস্ট ক্রিকেট এমন দিন অনেক দেখেছে। তবে ওয়ানডে আর টি-টোয়েন্টির যুগে কালেভদ্রেই আসে এমন নিস্তরঙ্গ এক দিন। পাকিস্তানের ব্যাটিংটা আরও বিসদৃশ দেখানোর কারণ এই টেস্টের ব্যতিক্রমী পরিস্থিতি। কুয়াশা এবং একটু উঁকি দিয়েই মিলিয়ে যাওয়া অভিমানী সূর্য প্রায় সারা দিনই ফ্লাডলাইট জ্বালিয়ে রাখতে বাধ্য করল। তার পরও এই টেস্ট টানা তৃতীয় দিন অনেকগুলো ওভার হারিয়ে ফেলল। প্রথম তিন দিনে ৬৬.৪ ওভার কম খেলা হয়েছে। এই টেস্টের বাকি দুই দিনেরও এই বৃত্তবন্দী থাকার সম্ভাবনাই বেশি। কাগজে-কলমে পাঁচ দিনের হলেও বাস্তবতা এটিকে চার দিনের টেস্ট ম্যাচই বানিয়ে দিচ্ছে।বাংলাদেশের জন্য ভালো। জয় তো দূরকল্পনা, ড্রয়ের স্বপ্ন তো দেখাই যায়। বাংলাদেশের জন্য জয়ের সমতুল্য ওই ড্র ঠেকাতে পাকিস্তানিদের কি আরেকটু দ্রুত ব্যাটিং করা প্রত্যাশিত ছিল না? নাকি দুর্দান্ত বোলিং আক্রমণ বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ করে দিতে খুব বেশি সময় লাগবে না বলে আত্মবিশ্বাস জোগাচ্ছে মিসবাহ-উল-হককে?একটা নিয়ম মেনেই এগোচ্ছে বলে আবহাওয়ার গতিমতির তাও একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। কিন্তু মিরপুরের উইকেটের কী ব্যাখ্যা? নারীর মন সম্পর্কে প্রচলিত ‘দেবা না জানন্তি’ কথাটা অনায়াসে মিরপুরের উইকেট সম্পর্কেও চালিয়ে দেওয়া যায়। গত পরশু দ্বিতীয় দিন বিকেলে বল এমন টার্ন করল যে, মনে হলো তৃতীয় দিনে স্পিনাররা ঘূর্ণিজাদুর মায়াজাল না ছড়িয়ে দিয়েই যান না! অথচ কাল সেটির এমনই রূপবদল যে, অফ স্পিনের বদলে নাসির হোসেন মিডিয়াম পেস বোলিং করতে শুরু করলেন!দিনের সেরা স্পেলটিও এক পেসারেরই। দ্বিতীয় নতুন বলে নাজমুলের ৭-৩-১২-১ স্পেলটিই ব্যাটসম্যানদের যা একটু ভোগাল। কাল আরেকটি যে উইকেট পড়েছে, সেটি পেয়েছেন সাকিব। আজহার আলীকে ‘মিস্টার ফিফটি’ হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে দিয়ে।উইকেট পড়েছে দুটি। তবে ক্যাচ-স্টাম্পিং মিলিয়ে উইকেট পাওয়ার সুযোগ নষ্ট হয়েছে চার-চারটি। তিনটিরই সুবিধাভোগী তৌফিক উমর। ৫৬ রানে কট বিহাইন্ডের আবেদনে মগ্ন মুশফিকুর স্টাম্পিং করতে ভুলে গেলেন! রবিউলের করা লাঞ্চের ঠিক পরের বলে গালিতে ক্যাচ ফেললেন নাজিমউদ্দিন। উমর তখন ৬৬। সানির বলে ব্যাট-প্যাড ক্যাচটা শর্ট লেগে শাহরিয়ার নাফীস ধরতে না পারার আগেই অবশ্য সেঞ্চুরি হয়ে গেছে বাঁহাতি ওপেনারের।শেষ পর্যন্ত তৌফিক উমরকে ফিরিয়ে দিয়েছেন দুর্দান্ত ওই স্পেলের নাজমুল। তবে বাংলাদেশি ফিল্ডারের কৃপাধন্য ইউনুস খান এখনো আছেন। নাসিরের বলে ডিপ মিড উইকেটে তুলে দেওয়া ক্যাচটা শাহাদাত নিতে পারলে বোলিং-ব্যর্থতার দায়টা একটু হলেও ঘোচাতে পারতেন। তখন ১৫ রানে থাকা ইউনুস দিন শেষে ৪৮ রানে অপরাজিত। ইউনুস ও তৌফিক উমরের শেষ ‘লাইফ’টি চা-বিরতির পরে টানা দুই ওভারে। বিরতির পর আবার খেলায় মন বসাতে বাংলাদেশের খেলোয়াড়দের বোধহয় একটু সময় লাগে!পাকিস্তান এখনো ৪৬ রানে পিছিয়ে। বড় একটা লিড নিয়ে ছাড়ার ইচ্ছা থাকলে আজ ব্যাটিংয়ে ‘গিয়ার চেঞ্জ’ করাটা অবশ্যপালনীয় কর্তব্যের মধ্যেই পড়বে। গেমপ্ল্যান ঠিক করতে বাংলাদেশেরও হাতিঘোড়া ভাবার প্রয়োজন নেই। সকালে দ্রুত দু-তিনটি উইকেট না পড়ে গেলে পাকিস্তানি ব্যাটসম্যানদের স্ট্রাইক রেটের অমন রুগ্ণ দশা নিশ্চিত করাটাই হবে একমাত্র কাজ।বাংলাদেশের জন্য ড্র-ও তো জয়ের চেয়ে খুব কম মহার্ঘ্য নয়!তৃতীয় দিনের শেষেবাংলাদেশ ১ম ইনিংস: ৩৩৮পাকিস্তান ১ম ইনিংস: ২৯২/৩