‘ঘূর্ণি’ বেচে ঘুরল দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াল থেকে শুনলে মনে হবে ঝিঁঝি পোকা ডাকছে। আরেকটু কান পাতলে মনে হবে—না, ঝিঁঝির ডাক নয়, একটু অন্য রকম সুর। এ সুর শিশু-কিশোরকে দুরন্তপনায় মেতে উঠতে হাতছানি দেয়। হাতছানির উৎস ‘ঘূর্ণি’ নামের এমন এক খেলনা, যার মধ্যে মিশে আছে গ্রামবাংলার মেলার গন্ধ। খেলনাটির সুরেলা ঘূর্ণনে অনেকেই উন্মনা হয় শৈশবের স্মৃতির টানে। মনে পড়ে যায় আপনজনের হাত ধরে বৈশাখী বা অন্য কোনো মেলায় ঘুরে বেড়ানোর কথা। এই ঘূর্ণি বেচে যে মানুষটি স্বাবলম্বী হয়েছেন, গোটা গ্রামের মানুষকে আর্থিক স্বাচ্ছন্দ্যের পথ দেখিয়েছেন, তিনি নাটোর সদর উপজেলার শ্রীপুরপাড়া গ্রামের নজর উদ্দিন মণ্ডল (৪৮)। তাঁর পথ ধরে ওই গ্রামের ঘরে ঘরে এখন তৈরি হচ্ছে ঘূর্ণি। আর তা দেদার বিক্রি করে ভালোভাবে দিন কাটাচ্ছেন অনেকে। পাঁচ টাকা ছিল পুঁজি: নজর উদ্দিন জানান, তাঁর দিনমজুর বাবার সংসারে অভাব লেগেই থাকত। এ কারণে তিনি পড়াশোনা করতে পারেননি। সংসারের অভাব ঘোচাতে শৈশবেই কিছু একটা করার কথা ভাবতেন তিনি। ১৯৭৪ সালে নজর উদ্দিন ছিলেন ১২ বছর বয়সের এক বালক। একদিন তিনি পাশের গ্রাম শমসপাড়ায় বেড়াতে যান। সেখানে সোলেমান আলী নামের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর। তিনি ঘূর্ণি বানিয়ে বিক্রি করছিলেন। তাঁর কাছ থেকে পাঁচ টাকায় এক হাজার ঘূর্ণি কিনে আনেন নজর উদ্দিন। ওই ঘূর্ণি বিক্রি করতে তিনি যশোরে যান। তিন দিনে তাঁর সব ঘূর্ণি বিক্রি হয়ে যায়। এতে ৩৫ টাকা আয় হয়। নিরক্ষর নজর অল্প বয়সে স্বল্প পুঁজিতে এত লাভ পেয়ে আনন্দে আটখানা। আরও বেশি ঘূর্ণি কিনে যশোর শহরে যান। পরে অন্যান্য শহরেও যেতে থাকেন। এভাবে ব্যবসার পরিধি বাড়ে তাঁর, বাড়ে লাভের অঙ্ক।নজর উদ্দিন জানান, খেলনাটি তৈরি করতে এক ইঞ্চি ব্যাসের মাটির একটি ছোট রিং বা বলয়, রঙিন কাগজ, গরুর লেজের চুল, বিটুমিন ও একটি ছোট কাঠির দরকার হয়। রঙিন কাগজে মোড়ানো মাটির বলয়টি গরুর লেজের চুল দিয়ে বিটুমিন লাগানো কাঠির সঙ্গে জুড়ে দিলেই তা ‘ঘূর্ণি’ হয়ে যায়। কাঠিটি ধরে কায়দা করে নাড়লে মাটির বলয়টি বৃত্তাকারে সশব্দে ঘুরতে থাকে। নজর উদ্দিন ঘূর্ণি তৈরির বিভিন্ন উপকরণ অর্থের বিনিময়ে গ্রামের লোকজনকে দিয়ে তিনি তৈরি করিয়ে নেন। এতে প্রতি ঘূর্ণিতে খরচ পড়ে ৩৫ পয়সা। একেকটি ঘূর্ণি তিনি এক টাকা করে বিক্রি করেন। এভাবে ঘূর্ণি বিক্রি করে তিনি আজ অনেক সহায়-সম্পত্তির মালিক। ঘূর্ণি বিক্রির আয় দিয়ে তিনি ২০ বিঘা জমি কিনেছেন, যায় মূল্য প্রায় কোটি টাকা।ঘূর্ণি-গ্রামে একদিন: সদর উপজেলার হালতি বিলের উত্তর প্রান্ত ঘেঁষে শ্রীপুরপাড়া গ্রাম। সম্প্রতি এক বিকেলে ওই গ্রামে গিয়ে দেখা যায়, ছোট গ্রামটির দুই পাড়া পূর্ব ও পশ্চিম পাড়ার অনেক ঘরেই বিভিন্ন বয়সের নারী-পুরুষ মিলে ঘূর্ণি তৈরি করছেন। এমনকি ছোটরাও সহযোগিতা করছে। পশ্চিমপাড়ায় নজর উদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর ছোট ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র মিন্টু উঠানে বসে ঘূর্ণির খুদে মাটির বলয় রঙিন কাগজে মোড়াচ্ছে। নজর উদ্দিনের একমাত্র জামাতা আউয়ালের (৩২) কথা হয়। পুরান ঢাকায় ঘূর্ণি বিক্রি করে তিনি সম্প্রতি গ্রামে ফিরেছেন। তিনি জানান, এবারও ঘূর্ণি বিক্রি করে বেশ লাভ হয়েছে। আউয়াল বলেন, গ্রামের অনেকেই মাত্র ১৫০ থেকে ২০০ টাকা পুঁজি খাটিয়ে ঘূর্ণির ব্যবসা করে আজ লাখ লাখ ঢাকার জমির মালিক।পূর্ব পাড়ার মকবুল হোসেনের স্ত্রী জরিনা বেগম বলেন, ‘গত ১৫ বছর ধরে আমি ঘূর্ণির জন্য মাটির রিং তৈরি করে আসছি। প্রতি হাজার রিংয়ের জন্য ৬০ টাকা পাই। প্রতিদিন দুই হাজার রিং তৈরি করি। সংসারের কাজের ফাঁকে এ কাজ করে বাড়তি আয় হচ্ছে।’ গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্র মিলন হোসেন জানায়, অবসরে প্রতিদিন ঘূর্ণির রিংয়ে রঙিন কাগজ লাগিয়ে ৩০ টাকা করে আয় করে সে। রাশেদা (২৬) বলেন, ‘অল্প বয়সে বিয়ে হয়ছিল। শ্বশুরবাড়িতে ঘর-দুয়ারের অবস্থা ভালো ছিল না। তিন বেলা খাবারও জুটত না। ছেলির বাপ ১৫ বছর ধরি ঘূর্ণি বিক্রি করি সংসারে সুখ আনছে। ঘূর্ণির টাকায় টিনের বাড়ি করছি, জমি কিনছি। ছেলিমিয়ারে স্কুলে পড়াচ্ছি। এখন খুব ভালো আছি।’ মফিজুল ইসলাম বলেন, ‘এখানকার ঘূর্ণি নিয়ে আমরা দেশের বিভিন্ন জেলায় যাই। প্রতি মাসে তিন থেকে চারবার ঘূর্ণি বিক্রি করতে বের হই। এতে মাসে ১২ থেকে ১৪ হাজার টাকা লাভ হয়। দুই ঈদ আর বৈশাখী মেলার সময় বিক্রি বেশি হয়।’ স্থানীয় খাজুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, ‘শ্রীপুরপাড়া আমার ইউনিয়নের একটি ব্যতিক্রমী গ্রাম। এখানকার নারী-পুরুষ সবাই খুব পরিশ্রমী। গ্রামে বেকার ও ভিক্ষুক নেই। শুধু ঘূর্ণি বানিয়েই তাঁরা জীবনযাত্রার মান বাড়িয়েছেন। বাইরের জেলায় এ গ্রামের যাঁরা ঘূর্ণি নিয়ে যান, তাঁদের আমি ইউপির পক্ষ থেকে পরিচয়পত্র ও ট্রেড লাইসেন্স দিয়েছি। এতে তাঁরা নির্বিঘ্নে ব্যবসা চালাচ্ছেন। তাঁদের পথ অনুসরণ করলে দেশের অতি দরিদ্ররা উপকৃত হবে।’