চ্যানেল আইতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক চন্দ্রমগ্ন। এটি লিখেছেন বিপাশা হায়াত এবং পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। এতে অভিনয় করছেন অবিদ রেহান। কথা হলো তাঁর সঙ্গে।‘চন্দ্রমগ্ন’ ধারাবাহিকের ‘মিলন’কে নিয়ে কিছু বলুন।নাটকে আমিই মিলন চরিত্রে অভিনয় করছি। মিলনকে ঘিরেই পুরো নাটকের গল্প। এখন অবশ্য গল্পটি পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। আর হয়তো কয়েকটি পর্ব বাকি আছে। অনেকটা হঠাৎই মালতীকে বিয়ে করেছিলেন মিলন। বিয়ের পরদিনই তিনি হারিয়ে যান। এরপর অনেক ঘটনা ঘটেছে। মালতী যৌনকর্মীর পেশা বেছে নিতে বাধ্য হন। বিয়ের আগে মিলন যাঁকে ভালোবাসতেন, পরে তাঁকেই বিয়ে করেন। নাটকের শেষ দিকে এমন কিছু ঘটনা ঘটবে, যা দর্শক হয়তো অনেক দিন মনে রাখবেন।এই নাটকে কাজ করে কেমন অভিজ্ঞতা হলো?তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত আমাকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করার সুযোগ দিয়েছেন। এর চেয়ে বড় অভিজ্ঞতা আর কী হতে পারে! আমার অভিনয়জীবনের জন্য এটি একটি মাইলফলক হয়ে থাকবে। নাটকে আমার ছেলে সূর্য রেহানও অভিনয় করেছে। তখন অবশ্য ওর বয়স ছিল পাঁচ মাস। এটি আপনার কততম ধারাবাহিক নাটক?এরই মধ্যে আমি ৪৫টি ধারাবাহিকে অভিনয় করেছি। এর মধ্যে ছিল শঙ্খবাস, লাল নীল বেগুনি, মামা-ভাগ্নে, তৃণার গল্প, সবকিছু ভেঙে পড়ে, চোরকুঠুরি—প্রায় সব কটিই কিন্তু প্রশংসিত হয়েছে। আপনি তো মঞ্চেও কাজ করছেন।...মঞ্চে কাজ করছি ১৯৯৭ সাল থেকে। প্রথমে ছিলাম বিহঙ্গ থিয়েটারে, এরপর থিয়েটার সেন্টার। আর ২০০১ সাল থেকে আছি নাট্যকেন্দ্রে। এরই মধ্যে নাট্যকেন্দ্রের প্রজাপতি, ডালিমকুমার ও আরজচরিতামৃত নাটকে অভিনয় করেছি। শেষের দুটি নাটকে আমি নাম-ভূমিকায় অভিনয় করেছি। আরজ আলী মাতুব্বর চরিত্রটি আমার জন্য অনেক বড় পাওয়া। এই নাটকটি মঞ্চে এসেছে গত বছর। ‘চন্দ্রমগ্ন’ ছাড়া টিভিতে এখন আপনার কোন নাটকগুলো দেখানো হচ্ছে?দেশ টিভিতে ভজকট আর এটিএন বাংলায় ছন্নছাড়া। আগামী মাস থেকে কয়েকটি নাটকের প্রচার প্রায় একই সঙ্গে শুরু হচ্ছে।