‘চলতি’র চাপে অধ্যাপকেরা
জ্যেষ্ঠ অধ্যাপকদের বাদ দিয়ে একাধিক বিশেষায়িত হাসপাতালের উচ্চ পদে কনিষ্ঠ চিকিৎসকদের নিয়োগ দেওয়া হচ্ছে। অভিজ্ঞতা ও দক্ষতা নিয়ে অধ্যাপকেরা চাকরিজীবনের শেষ পর্যায়ে সহকারী বা সহযোগী অধ্যাপকদের অধীনে কাজ করতে বাধ্য হচ্ছেন। এতে শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।জ্যেষ্ঠতা লঙ্ঘন করতে প্রথমে হাসপাতাল অভ্যন্তরীণ একটি আদেশ জারি করে, পরে মন্ত্রণালয় তা অনুমোদন দেয়। কাগজপত্রে দেখা গেছে, সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপকের চলতি দায়িত্ব দিয়ে তাঁকে আবার সাময়িকভাবে ‘ভারপ্রাপ্ত’ অধ্যাপকের পদে বসানো হয়েছে। গুরুত্বপূর্ণ এসব পদ দখল করছেন আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সদস্য বা ক্ষমতাসীন দলের কারও ঘনিষ্ঠ ব্যক্তি। বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলেও এ রকম জ্যেষ্ঠতা লঙ্ঘনের ঘটনা ঘটেছিল।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য খাতে নিয়োগ, বদলি, পদোন্নতি নিয়ন্ত্রণ করার কথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ও অধিদপ্তরের। কিন্তু নিয়ন্ত্রণ করছে বিএনপির আমলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আর এখন স্বাচিপ। যোগ্য লোককে উপযুক্ত পদ দেওয়া না হলে তাঁরা হতাশ হয়ে পড়বেন। ভুগবে সাধারণ মানুষ।পেশাজীবী চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ও স্বাচিপ নেতা শারফুদ্দিন আহমেদ বলেন, এসব প্রতিষ্ঠানে কোনো অধ্যাপক দায়িত্ব নিতে চান না।তবে দায়িত্ব নিতে চান এমন একাধিক অধ্যাপকের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে।জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল: গত বছরের ২৯ জুন সাবেক পরিচালক ও অধ্যাপক মির্জ্জা মো. হিরণ অবসরে যান। তখন ইনস্টিটিউটে গোলাম মহিউদ্দিন আকবর চৌধুরী, জামশেদ হায়দার সিদ্দিকী, সুফিয়া বেগম, মো. রাশিদুল হাসান ও আলী হোসেন—এই পাঁচজন অধ্যাপক ছিলেন। তাঁদের ডিঙিয়ে মির্জ্জা মো. হিরণ পরিচালকের দায়িত্ব ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক এ কে এম মোস্তফা হোসেনকে দিয়ে যান। তখন মন্ত্রণালয় এ বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি।একাধিক অধ্যাপক ও সহকারী অধ্যাপক ক্ষোভ প্রকাশ করে বলেন, সহকারী অধ্যাপক হঠাৎ অধ্যাপকের পদে বসলে প্রতিষ্ঠানে শৃঙ্খলা থাকে না। এই হাসপাতালে আগে প্রতিদিন সকালে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পরিচালকের নেতৃত্বে অধ্যাপকেরা জটিল রোগীদের নিয়ে আলোচনা করতেন। এখন শিক্ষার্থী ও অধ্যাপকেরা এই আলোচনায় থাকতে চান না।পরিচালক ও অধ্যাপকের পদে একজন সহকারী অধ্যাপককে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ইনস্টিটিউটের অধ্যাপক মো. রাশিদুল হাসান হাইকোর্টে রিট মামলা করেন। আদালত কেন বক্ষব্যাধি ইনস্টিটিউটে যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে দ্রুততার সঙ্গে একজনকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। ১৯ জুনের মধ্যে রুলের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হলেও, সরকার আদালতের এই নির্দেশ আমলে নেয়নি। বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগেই ৭ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব খাজা আবদুল হান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তা হিসেবে এ কে এম মোস্তফা হোসেন, পরিচালক (ভারপ্রাপ্ত), সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব) অবসর গ্রহণের বয়স বৃদ্ধির সুবিধা ৫৭ বছর থেকে ৫৯ বছরে উন্নীত করা হয়েছে। তাঁকে পরিচালক হিসেবে পুনর্বহাল করা হলো।এই প্রতিষ্ঠানের একজন বিশেষজ্ঞ চিকিৎসক বলেছেন, অন্যায় করছে কর্তৃপক্ষ। এই অন্যায়ের প্রতিকার না হলে তিনি চাকরি ছেড়ে বিদেশে চলে যাওয়ার কথাও ভাবছেন।এ প্রসঙ্গে এ কে এম মোস্তফা হোসেন বলেন, ‘কর্তৃপক্ষ যাঁকে সবচেয়ে যোগ্য মনে করে, তাঁকেই পরিচালক পদে পদায়ন করে। আমাকে যোগ্য মনে করেছে বলেই নিচু পদে থাকা সত্ত্বেও পরিচালক পদ দিয়েছে।’ তিনি দাবি করেন, প্রতিষ্ঠান চমৎকার চলছে।জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল: প্রতিষ্ঠানের পরিচালক মোল্লা ওবায়দুল্লাহ বাকী ইনস্টিটিউট শাখার স্বাচিপের সভাপতি। বর্তমান সরকার ক্ষমতায় আসার ছয় মাস পর ওবায়দুল্লাহ বাকীকে পরিচালকের পদে বসানো হয়। আগের পরিচালক ছিলেন অধ্যাপক গোলাম মোস্তফা, পারভীন শাহিদা আখতার ও মিজানুর রহমান—এই তিনজন অধ্যাপককে ডিঙিয়ে সহযোগী অধ্যাপককে পরিচালকের দায়িত্ব দেওয়ায় হতাশা অনেকের মধ্যে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ চিকিৎসক বলেন, নবীন চিকিৎসকেরা দেখছেন, দক্ষতা ও যোগ্যতা পদোন্নতির মাপকাঠি নয়। তাঁরা দক্ষতা অর্জনের চেয়ে লেজুড়বৃত্তির ব্যাপারে বেশি মনোযোগী। তাই অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে রোগীর পাশে না থেকে নেতাদের পেছনে তাঁরা ঘুরছেন বেশি।মোল্লা ওবায়দুল্লাহ বাকী কোনো মন্তব্য করতে রাজি হননি।স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল: মিটফোর্ড হাসপাতালে উপপরিচালকের পদটি সহযোগী অধ্যাপকের সমতুল্য হলেও দায়িত্ব পালন করছেন আবুল হাসেম খান। তিনি মূলত স্বাস্থ্য কর্মকর্তা, আছেন সহকারী অধ্যাপকের চলতি দায়িত্বে।২০০৯ সালের ২০ জুলাই তৎকালীন উপপরিচালক সুবোধ চন্দ্র দাসকে কেন্দ্রীয় ঔষধাগারে বদলি করা হলে হাসপাতালের অভ্যন্তরীণ একটি নির্দেশে আবুল হাসেম খান দায়িত্ব পান। একই বছর মিটফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে তাঁকে আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে আবুল হাসেম খান সপ্তম গ্রেডের কর্মকর্তা হয়ে তৃতীয় গ্রেডের কর্মকর্তার দায়িত্ব পালন করছেন এবং সুযোগ-সুবিধা নিচ্ছেন।হাসপাতালের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপপরিচালক পদটি বিসিএস ক্যাডারভুক্ত। আবুল হাসেম খান ১৯৮৮ সালে নন-ক্যাডার হিসেবে কাজ শুরু করেন। ভূরি ভূরি সহযোগী অধ্যাপক থাকা সত্ত্বেও তিনি আয়ন-ব্যয়ন কর্মকর্তার গুরুত্বপূর্ণ পদটি দখল করে আছেন। হাসপাতালের একটি সুঁই থেকে শুরু করে কোটি টাকার যন্ত্রপাতি কেনার মূল কাজটি এখন তাঁর হাতে। মিটফোর্ড হাসপাতালে স্বাচিপের দুটি দল। এক দলের নেতৃত্বে আছেন হাসেম।জানতে চাইলে আবুল হাসেম খান বলেন, মন্ত্রণালয় তাঁকে যোগ্য বিবেচনা করেছে বলেই এই পদে পদায়ন করেছে।