‘লোহারপুল থেকে বিআরটিসি বাস চালু করো’ এমন লেখাসংবলতি পোস্টার দেখা গেল গেন্ডারিয়ার লোহারপুল মোড় এলাকায়। এ থেকেই আঁচ করা যাচ্ছে এলাকাবাসী চলাফেরায় ভোগান্তির মধ্যে আছে। সকালবেলা কাঠেরপুল বাসস্ট্যান্ডে গিয়ে এর প্রমাণ পাওয়া গেল। বাসের জন্য অপেক্ষমাণ মানুষ লম্বা সারিতে দাঁড়িয়ে আছে। তাদের অনেকেই সংবাদপত্র, ছাতা কিংবা হাত দিয়ে রোদ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে। তারা জানায়, প্রতিদিন সকালেই অফিস আর স্কুলগামীরা ঢাকার অন্যান্য এলাকায় যেতে সমস্যায় পড়ে।একই প্রসঙ্গে লোহারপুল মোড়ের ওষুধ ব্যবসায়ী মোহাম্মদ সামী জানান, মাস কয়েক আগে লোহারপুল বাসস্ট্যান্ডে ‘মালঞ্চ’ নামে একটি বাস সার্ভিস চালু হয়। সেটি মোহাম্মদপুর পর্যন্ত চলাচল করে। মাস খানেক ধরে মালঞ্চের বাসগুলো এই স্ট্যান্ডে আসছে না। গেন্ডারিয়া ও ফরিদাবাদের বাসিন্দাদের কাঠেরপুল বাসস্ট্যান্ড থেকে বাসে উঠতে হচ্ছে।ঘুরে দেখা গেছে, লোহারপুল মোড়ে ডিএমপির বাসস্ট্যান্ড নির্দেশকের গায়ে ছোট্ট একটি নির্দেশনামা সাঁটানো। সেটি সাঁটিয়েছে মালঞ্চ ট্রান্সপোর্ট (প্রা.) লিমিটেড। এই নির্দেশনামায় বলা হয়েছে, এখন থেকে লোহারপুল বাসস্ট্যান্ডের পরিবর্তে কাঠেরপুল স্ট্যান্ড থেকে মালঞ্চের বাসগুলো চলাচল করবে। গেন্ডারিয়ার বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, ‘বাস সার্ভিস চালুর জন্য আমরা সপ্তাহ খানেক আগে মানববন্ধন করেছি। আমাদের এখন দাবি একটাই, লোহারপুল থেকে বিআরটিসি বাস সার্ভিস চালু হোক।’কাঠেরপুল বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রী আইনজীবী খুরশিদ আলম জানান, লোহারপুল এলাকায় বছর তিনেক আগে বেশ কয়েকটি বাস সার্ভিস ছিল। সেগুলো সব বন্ধ হয়ে গেছে। অনেকেই বাসসংকটে পড়ে রিকশায় গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক ও মতিঝিলে গিয়ে বাসে ওঠেন। বাসের জন্য সারিতে দাঁড়ানো আরেক যাত্রী মঞ্জু বালা বলেন, লোহারপুল থেকে ফার্মগেট, মহাখালী, নিউমার্কেট, মিরপুর, রামপুরা আর টঙ্গী রুটের বাস সার্ভিস প্রয়োজন।এদিকে ফরিদাবাদের বাসিন্দা মাহবুব উদ্দিন চৌধুরী জানান, ফরিদাবাদ, গেন্ডারিয়া, সূত্রাপুর এলাকাবাসীর দুর্ভোগ কমাতে বিআরটিসির চেয়ারম্যানের কাছে আবেদন করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, মতিঝিল-টঙ্গী রুটের বিআরটিসির বাসগুলো লোহারপুল মোড় পর্যন্ত আনা যায় কি না। তাতে লোহারপুল মোড় থেকে মতিঝিল হয়ে টঙ্গী পর্যন্ত চলাচল করবে বাসগুলো। এ বিষয়ে কথা হয় বাংলাদেশ সড়ক ও পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালক (কারিগরি বিভাগ) কর্নেল আখতার কামালের সঙ্গে। তিনি জানান, কোনো নির্দিষ্ট এলাকার মানুষ যদি বিআরটিসির কার্যালয়ে তাদের চাহিদা জানিয়ে আবেদন করে, তাহলে অবশ্যই সেটা বিবেচনা করা হবে।