অলিম্পিকের প্রস্তুতি নিতে লন্ডনে রয়েছেন শ্যুটার শারমিন আক্তার (রত্না)। একই উদ্দেশ্যে গত ১৮ মে ব্যাংককে গেছেন তিরন্দাজ ইমদাদুল হক (মিলন)। সেখান থেকেই টেলিফোনে জানালেন নিজের প্রস্তুতি ও অলিম্পিক ভাবনা নিয়ে ব্যাংককে আপনার প্রস্তুতি কেমন চলছে?ইমদাদুল হক (মিলন): মোটামুটি ভালোই চলছে। এসেই অবশ্য অনুশীলন শুরু করতে পারিনি। তখন এই কমপ্লেক্সে একটি কার রেসিং টুর্নামেন্ট চলছিল। এ জন্য ২২ মে থেকে অনুশীলন শুরু করি। এখন পর্যন্ত শুধু ১০ মিটারই অনুশীলন করছি। সামনের সপ্তাহে ৭০ মিটারের অনুশীলন শুরু করাবেন কোচ। কোন কোচের তত্ত্বাবধানে অনুশীলন করছেন?ইমদাদুল: কোরিয়ান এক কোচ আমাদের অনুশীলন করান। নাম মনে নেই। উনি অবশ্য আমাদের কোচ নিশীথ স্যারের পর্যায়েরই। ওনার কাছে অনুশীলন করতে শুরুতে সমস্যা হচ্ছিল। সমস্যা কেন?ইমদাদুল: উনি প্রথমেই আমার টেকনিক বদলে দেন। দাঁড়ানোর পজিশন, ড্র, তির-ধনুক ধরার স্টাইল সবই একটু-আধটু বদলে দিচ্ছেন। তবে এখনো যেহেতু ৭০ মিটারে অনুশীলন শুরু করিনি, তাই বুঝতে পারছি না এটা ভালো হবে না খারাপ হবে। ব্যাংককে তো খুব গরম এখন। অথচ লন্ডনে অলিম্পিক হবে বেশ ঠান্ডা আবহাওয়ার মধ্যে। আবহাওয়াগত ব্যবধান পারফরম্যান্সে প্রভাব ফেলবে না?ইমদাদুল: তা ফেলতে পারে। এখানে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি, যদিও এখন এখানে মাঝেমধ্যেই অনেক বৃষ্টি হয়। বৃষ্টিতে অনুশীলনও ঠিকমতো করতে পারি না। আমরা আউটডোরে অনুশীলন করি। মাঝেমধ্যে অনেক বাতাস থাকে, আবার হঠাৎই দেখা গেল বৃষ্টি। ইংল্যান্ডের সঙ্গে পুরো উল্টো আবহাওয়া। আমাদের সঙ্গে অনেককেই দেখি গরমে টি-শার্ট খুলে ফেলে। আপনার সঙ্গে আর কোন কোন দেশের তিরন্দাজ আছে?ইমদাদুল: এখানে ইরাক, মঙ্গোলিয়া এবং বাংলাদেশের ছেলেরাই অনুশীলন করছে। ভারতের প্রতিযোগীরা অনেক আগেই কোরিয়ায় অনুশীলন সেরে এসেছে। অন্যদের সঙ্গে কি কোনো কথাবার্তা হয়?ইমদাদুল: ভাষাগত সমস্যার কারণে তেমন কারও সঙ্গে কথাবার্তা হয় না। ছুটির দিনেও বাইরে যাই না। এখানে ইরাকের রান্ড নামের একজন আর্চার আছে। ওর সঙ্গে ভালো বন্ধুত্ব হয়েছে। দুই বছর আগে ইরানে গ্রাঁ প্রিঁতে পরিচয়। এরপর ইন্দোনেশিয়ায় ও খেলেছে। বাংলাদেশেও খেলে গেছে। ওর সঙ্গেই বেশির ভাগ সময় প্র্যাকটিস নিয়ে আলোচনা করি। ব্যাংককের খাবারদাবারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছেন?ইমদাদুল: এখানে প্রথম দিন ওরা যে খাবার দিয়েছিল সেটা একদম বাজে। আমি মুখে দিতে পারছিলাম না। এটা দেখে চপল স্যার (কাজী রাজীবউদ্দিন, ফেডারেশনের সাধারণ সম্পাদক) এখানকার কর্মকর্তাদের বলে গেছেন আমার খাওয়ার খরচটা যেন আমাকে দিয়ে দেয়। আর চপল স্যারও কিছু টাকা দিয়ে গেছেন। দুটি মিলিয়ে বাইরের রেস্টুরেন্ট থেকে খাবার কিনে আনি। বিওএ থেকে এখন পর্যন্ত কোনো আর্থিক সহযোগিতা আমি পাইনি। অনুশীলন কি প্রতিদিনই হয়?ইমদাদুল: শুধু রোববার হয় না। বাকি ছয় দিন দুই থেকে তিন বেলা অনুশীলন করতে হয়। অলিম্পিকের বাকি দুই মাস। এত অল্প দিনের প্রস্তুতিতে কী করতে পারবেন?ইমদাদুল: আসলে আরও আগে আসা উচিত ছিল। কারণ এখন আমার টেকনিক বদলাতে হচ্ছে। টেকনিক বদলাতে হলে তা করতে হয় টুর্নামেন্ট শুরুর অন্তত ৫-৬ মাস আগে। এখন যেভাবে অনুশীলন করছি সেটা আমার পছন্দ না। গেম খুব কাছাকাছি। এটা আরও আগে হলেই ভালো হতো। অলিম্পিকে তাহলে কী আশা?ইমদাদুল: আমি আগেও বলেছি, এখনো বলছি, হয়তো পদক আমি জিততে পারব না। তবে আমি চাইব সেরা দশে থাকতে। এর চেয়ে ভালো করতে পারলে সেটা হবে প্লাস পয়েন্ট।