ডেভিস কাপ টেনিসের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ ৩-এ খেলতে ২৩ এপ্রিল তেহরানে যাচ্ছে বাংলাদেশ দল। প্রায় পাঁচ বছর পর দলে সুযোগ পেলেন হেনরি পৃথুল মণ্ডল। জাতীয় প্রতিযোগিতায় খেলছেন জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের হয়ে, রয়েছেন দারুণ ছন্দে। আইটি নিয়ে পড়াশোনা করলেও এই তরুণকে সারাক্ষণই টানে টেনিস অনেক দিন পর ডেভিস কাপের দলে ফিরলেন। ভীষণ খুশি নিশ্চয়ই?হেনরি পৃথুল মণ্ডল: খুবই খুশি। সেই ২০০৭ সালে সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে খেলেছি। এরপর সেভাবে খেলার মধ্যেই ছিলাম না। কিছুদিন হলো নিজ উদ্যোগে অনুশীলন করে তবেই ডাক পেয়েছি ডেভিস কাপের দলে। খেলার মধ্যে ছিলেন না কেন? পৃথুল: রাজশাহীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছি। ওখানে আমার সঙ্গে অনুশীলন করার মতো কোনো খেলোয়াড় সেভাবে খুঁজে পাই না। অনুশীলনের অভাবেই খেলাটা ভুলতে বসেছিলাম। ডেভিস কাপ নিয়ে বাংলাদেশের প্রস্তুতি কেমন হয়েছে?পৃথুল: এশিয়া-ওশেনিয়া অঞ্চলের এই গ্রুপে এবার রয়েছে মালয়েশিয়া, ইরান, ওমান, কুয়েত, সিরিয়া, কিরগিজস্তান ও ভিয়েতনাম। আমরা ইরানে যাওয়ার পরই চারটি দল নিয়ে দুটি গ্রুপ হবে। জানি না আমরা কোন গ্রুপে খেলব। তবে ইরানের গ্রুপে পড়লে সমস্যা হবে। ইরান ভালো দল, ওদের নিয়েই আমাদের ভয় বেশি। আমি, অমল, রঞ্জন, দীপু লাল—চারজনই ভারতীয় কোচ গজেন্দ্র সিংয়ের তত্ত্বাবধানে গত কিছুদিন কঠোর অনুশীলন করছি। আশা করি, খারাপ করব না। আপনি নাকি আইটিএফের লেভেল ওয়ান কোচেস কোর্সটাও করেছেন?পৃথুল: হ্যাঁ। এটা করে রাখার উদ্দেশ্য, কোনো না কোনো সময় খেলাটা তো ছেড়ে দিতেই হবে। তখন টেনিস কোচ হিসেবে কোথাও আবেদন করলে এটা অনেক সাহায্য করবে। প্রথমে আমার অবশ্য খুব বেশি ইচ্ছা ছিল না। আইটিএফের মালয়েশিয়ান ডেভেলপমেন্ট অফিসার সুরেশ মেননই আমাকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করেন। আইটিতে পড়াশোনা করছেন, পাস করে তো আইটিতেই ক্যারিয়ার গড়তে চাইবেন?পৃথুল: আসলে টেনিসটা খুব বেশি ভালোবেসে ফেলেছি তো এই জন্য চাইলেও খেলা ছাড়তে পারি না। তাই ভাবছি যত দিন টেনিসকে দেওয়ার সামর্থ্য থাকবে, তত দিন খেলে যাব। টেনিসের আগ্রহটা কার কাছ থেকে পেলেন?পৃথুল: মা এলিজাবেথ বিশ্বাস টেনিস খেলাটা ভীষণ পছন্দ করেন। টিভিতে খেলা দেখতেন খুব। এ ছাড়া ছোটবেলায় পদ্মার ধারে আমাকে নিয়ে হাঁটতে বের হলেই দেখতেন রাস্তার পাশের কোর্টে টেনিস খেলছে ছোট ছেলেমেয়েরা। সাদা পোশাকে ওদের ছুটোছুটি দেখে বাবাকে বলতেন। এরপর রাজশাহী জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে অনুশীলন শুরু করি। ক্লাস সিক্সে উঠে বিকেএসপিতে পরীক্ষা দিলাম। টিকেও গেলাম। মায়ের কোনো পছন্দের খেলোয়াড় আছে?পৃথুল: আগে কারও নাম জানতেন না। কিন্তু এখন অনেককে চেনেন। নিয়মকানুনও এখন সব বোঝেন। এমনকি কোথায় আমার সমস্যা সেটাও মাঝেমধ্যে দেখিয়ে দেন। মা রজার ফেদেরারের দারুণ ভক্ত। ফেদেরারের খেলা থাকলে টিভির সামনে থেকে ওঠেনই না। আমার অবশ্য ভালো লাগে আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোর খেলা। মার্টিন দেল পোত্রোকে পছন্দ করার কারণ কী?পৃথুল: আসলে আমার খেলার ধরনটা তাঁর সঙ্গে মিলে যায়। পোত্রোও পেছন দিক থেকে বেশি র্যালি করে। সব সময় সামনে গিয়ে খেলে না। আমি তার খেলা নকল করার চেষ্টা করি।