‘চাকরি ছেড়েছিলাম ফুটবলের টানেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবিকার তাগিদে সিগারেট কোম্পানিতে চাকরি করেছেন। পরে চট্টগ্রামের ইস্পাহানি কোম্পানিতে বিপণন প্রতিনিধির চাকরি পেয়েও করেননি। শুধুই ফুটবলের টানে। সেই কেষ্ট কুমার এখন জাতীয় ফুটবলে দলে। অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আজ শ্রীলঙ্কায় রওনা হওয়ার আগে কুষ্টিয়ার ছেলে ফিরে গেলেন সংগ্রামমুখর সেই দিনগুলোতে আপনি হঠাৎই শীর্ষ পর্যায়ে উঠে এলেন। কীভাবে সম্ভব হলো?কেষ্ট কুমার: আমি কুষ্টিয়ার খোকসার ছেলে। ছোটবেলা থেকেই ফুটবল ভালো লাগে। কিন্তু আমি গরিবের সন্তান বলে চাকরির সন্ধান করতে হয়েছে। চাকরিও পেয়েছি। সেটা অল্প কিছুদিন পর ছেড়ে দিয়েছি। ফুটবল না খেললে ভালো লাগত না। তবে চাকরি করার সময় শুধু ছুটির দিনে খেলতে পারতাম। ঈশ্বরের কৃপায়, সেই দিনগুলো আমি পেছনে ফেলে এসেছি।  চাকরি করতেন কোথায়?কেষ্ট: কুষ্টিয়াতেই নেভি সিগারেট ফ্যাক্টরিতে। সেলসম্যানের কাজ। মাসে চার হাজার টাকা বেতন। এই টাকা দিয়ে কিছুই হতো না। মাস তিনেক করার পর ছেড়ে দিয়ে ফুটবলে ফিরি। এরপর চট্টগ্রামে ইস্পাহানিতে সেলসম্যানের চাকরি পাই। চট্টগ্রামে গিয়ে সাত দিন ছিলামও। কিন্তু চাকরিটা করিনি। তা-ও সেই ফুটবলের জন্যই। মোট কথা, আমার চাকরি-টাকরি করতে ভালো লাগত না। নানা জায়গায় হায়ারে ফুটবল খেলতে যেতাম। মাগুরায় বেশি খেলতাম। আর্থিক অবস্থা কি খুবই খারাপ ছিল, যে কারণে চাকরির সন্ধানে নামেন?কেষ্ট: হ্যাঁ, বাবার আর্থিক অবস্থা ভালো ছিল না। বলতে পারেন, আমি গরিবঘরের একটা ছেলে। বাবার সাইকেল-ভ্যান মেরামতের দোকান ছিল, পার্টসও বিক্রি করতেন। তো ওই আয় দিয়ে আসলে সংসারটা ভালোভাবে চলত না। তার জন্যই আমাকে নামতে হয় জীবিকার সন্ধানে।  আপনার বয়স ২৩ পেরোয়নি। এখন কি মনে হয় জীবনটা বদলে গেছে? কেষ্ট: অনেক বদলে গেছে। সেই আমি আর এই আমি এক নই। এই আমি অনেক ভালো আছি। ফুটবলে খেলে কিছু রোজগারও হচ্ছে। আমি প্রথম ঢাকায় খেলি বাড্ডায়। তারপর ভিক্টোরিয়ায় ‘বি’ লিগের সেকেন্ড টায়ার হয়ে এবার বিজেএমসিতে। অনূর্ধ্ব-২৩ দলের হয়ে নেপালের পোখরা কাপে খেলেছি, জাতীয় দলের থাইল্যান্ড ও মালয়েশিয়া সফরে স্কোয়াডে ছিলাম। তবে ম্যাচ খেলা হয়নি। এখন আবার শ্রীলঙ্কা যাচ্ছি। ঢাকার এই ফুটবল-জগৎটা কেমন লাগছে আপনার কাছে? কেষ্ট: স্বপ্নের মতো। এখানে নাম, যশ, টাকা—সবই আছে। শুধু আপনাকে ভালো খেলতে হবে। আমি একজন ডিফেন্ডার। অল্প দিনেই আমি মূল ধারায় ঢুকতে পারায় সবকিছু অন্য রকম লাগছে। গ্রামের একটা ছেলের কাছে এর চেয়ে বড় পাওনা আর কী হতে পারে!  পারবেন তো টিকে থাকতে?কেষ্ট: চেষ্টা করে যাব। কারণ, আমার লড়াই মাত্র শুরু। জানি, দলে জায়গা ধরে রাখা কঠিন। তার পরও পরিশ্রম করলে কোনো কিছুই অসম্ভব নয়। তা ছাড়া পরিশ্রম করেই তো এত দূর এসেছি। সুতরাং আমি টিকে থাকব, থাকতেই হবে।