আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলেই ঘটে যাবে প্রত্যাশাতীত কিছু। প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। আজকের ম্যাচে তাই চাপ সঙ্গী হওয়ারই কথা। তবে কাল দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসে মাশরাফি বিন মুর্তজা তা মানতে চাইলেন না ফাইনালে খেলতে হলে কাল (আজ) জিততেই হবে। কীভাবে দেখছেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা?মাশরাফি বিন মুর্তজা: আমরা এটাকে ইতিবাচকভাবেই নিচ্ছি। ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচ জেতার পর আমাদের আত্মবিশ্বাস এখন অনেক বেশি। তবে আগেও বলেছি, ফাইনাল খেলার আশা নিয়ে আমরা এশিয়া কাপ খেলছি না। খেলছি প্রতিটি ম্যাচ জেতার জন্য। এশিয়া কাপে অনেক বেশি শট খেলছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। এটা কি বিপিএলে টি-টোয়েন্টি ম্যাচ খেলার কারণেই?মাশরাফি: আমার মনে হয়, টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডে ক্রিকেটের মিল নেই। টি-টোয়েন্টি থেকে ওয়ানডেতে এসে মানিয়ে নেওয়াটা আরও কঠিন। ব্যাটসম্যানদের মধ্যে একটু বেশিই শট খেলার প্রবণতা থাকে। আমার বরং ভালো লাগছে, আমাদের ব্যাটসম্যানরা উইকেটে টিকে থেকেছে এবং বড় স্কোর করেছে। টি-টোয়েন্টির প্রভাব সেভাবে পড়েনি। তিন বছর আগে একটা ত্রিদেশীয় সিরিজে একই অবস্থায় ছিল বাংলাদেশ এবং সেবারও প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। এবারও কি বাংলাদেশ জিতে ফাইনালে যেতে পারবে?মাশরাফি: শ্রীলঙ্কার বিপক্ষে আগে ভালো-খারাপ যা-ই খেলি, কাল (আজ) আমাকে ভালো খেলতে হবে, এটাই বিশ্বাস করি। আগে কী করেছিলাম, সেটা টেনে লাভ নেই। পাকিস্তান বা ভারতের বিপক্ষে যে রকম ভালো খেলেছি, সে রকম খেলতে পারলে সুযোগ থাকবে। ভারতকে হারানোর পর দল নিশ্চয়ই অনুপ্রাণিত...সিনিয়র খেলোয়াড়েরা কী ভূমিকা রাখছেন দলে?মাশরাফি: সিনিয়র ক্রিকেটাররা সবাই সব সময় সাহায্য করে। আমাদের দলটা এমন, সবাই সবাইকে সব সময় সাহায্য করি। জুনিয়র ক্রিকেটারদের অনেকেই নিয়মিত ভালো করছে। নাসির ভালো করেছে, সাকিব ভালো করছে। তামিম ফর্মে ছিল না, সে-ও ফর্মে ফিরেছে। নাজিমউদ্দিন প্রথম ম্যাচে ভালো একটা শুরু করেছিল। উইকেটের কথা মনে রাখলে আমাদের বোলিংটাও খুব একটা খারাপ হচ্ছে না। এখন কাজ হচ্ছে, এই ছন্দ ধরে রাখা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আপনাদের ওপর প্রত্যাশার চাপ থাকবে। এটাকে কীভাবে নিচ্ছেন?মাশরাফি: শুরুতে আমরা ফাইনাল খেলার চিন্তা করিনি। তবে সব সময়ই উন্নতির সুযোগ আছে। আমরা জানতাম, এই টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলতে পারলে অনেক কিছু শিখতে পারব। পাকিস্তান ও ভারতের সঙ্গে ম্যাচের পর আমরা এখন খুবই ভালো অবস্থায় আছি। এটা ধরে রাখতে পারলে ফাইনালেও যাওয়া সম্ভব। চাপের কিছু নেই। চাপ মনে করছেন না, কিন্তু ফাইনালে ওঠার যে সুযোগ আছে, তা থেকে তো একটা চাপ চলেই আসে...মাশরাফি: আমাদের ক্রিকেটারদের দেখে তা মনে হচ্ছে না। কেউ ওভাবে চিন্তা করছে না। আমাদের একটাই কথা, যেভাবে খেলেছি, ওভাবে খেলতে চাই। টুর্নামেন্ট যেভাবে শুরু করেছি, ঠিক সেভাবেই থাকতে চাই। সামনে সুযোগ আছে, নিতে পারলে ভালো। তবে প্রথম কাজ ভালো খেলা। এখানে চাপ নেওয়ার কিছু নেই। প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ওঠার সুযোগ। এই ম্যাচ বাংলাদেশের ক্রিকেটের জন্য কতটা গুরুত্বপূর্ণ?মাশরাফি: ফাইনাল খেলতে পারলে অনেক বড় অর্জন হবে। আত্মবিশ্বাসটা খুব বেড়ে যাবে। এরপর যখন এমন বড় বড় টুর্নামেন্ট আসবে, আমরা হয়তো প্রথম থেকেই ফাইনালে খেলার আশা করতে পারব। তবে এখনই এসব ভেবে চাপ নিতে চাই না।