বাফুফের নির্বাচনে ঘটে গেল বড় এক নাটকীয়তা। সভাপতি পদে কাজী সালাউদ্দিনের একমাত্র প্রতিদ্বন্দ্বী আবদুর রহিম ৩০ এপ্রিলের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর এই আসা-যাওয়াটা কৌতূহলোদ্দীপক। তবে বাফুফের সাবেক এই সাধারণ সম্পাদক ও সহসভাপতির দাবি, ফুটবলের স্বার্থেই এমন সিদ্ধান্ত আপনি নির্বাচনে এলেন কেন? আবার সরে যাওয়ারই বা কারণ কী?আবদুর রহিম: আমি সভাপতি পদে নির্বাচন করতে চেয়েছিলাম কয়েকটি কারণে। দীর্ঘদিন ধরে ফুটবলে যুক্ত আছি। এবার ভাবলাম কাউন্সিলররা সভাপতি হিসেবে নির্বাচিত করলে ফুটবল উন্নয়নে কাজ করব। আর সরে গেলাম সালাউদ্দিনকে সমর্থন জানিয়ে। আমার শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ, নিজের চিন্তাভাবনা মিলিয়েই ফুটবলের স্বার্থে এ সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্ত মনোনয়নপত্র প্রত্যাহারের আগে কেন নেননি? এখন তো কাগজ-কলমে প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন না...রহিম: সভাপতি পদে নির্বাচন করার ব্যাপারে অনড়ই ছিলাম। তাই মনোনয়নপত্র প্রত্যাহার করিনি। তবে এখন দেখছি, আমার নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সালাউদ্দিন সাহেবের প্রতিশ্রুতির মিল আছে। দুজনই চাই জেলার ফুটবলকে জাগিয়ে তুলতে। লক্ষ্য যখন এক, একসঙ্গে কাজ করাই শ্রেয়। ব্যালটে আপনার নাম থাকবে। সে ক্ষেত্রে বেশি ভোট পেয়ে যদি সভাপতি নির্বাচিত হয়ে যান!রহিম: আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি ব্যালটে আমার নাম যাতে না থাকে। তার পরও থাকলে ভোটারদের কাছে আবেদন, তাঁরা যেন সালাউদ্দিনকেই ভোট দেন। আমি যেহেতু মাঠে নেই, তাই সালাউদ্দিন এক অর্থে সভাপতি নির্বাচিত হয়েই গেছেন। অনেকে বলেন, চাপের মুখে আপনাকে বাধ্য করা হয়েছে সালাউদ্দিনকে মাঠ ছেড়ে দিতে। কথাটা সত্যি?রহিম: চাপ নয়, স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি। কেউ জোর করেনি। জোর করার কিছু নেই। আপনাকে নাকি জোর করেই সালাউদ্দিনের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল। সালাউদ্দিনের সঙ্গীরাই এই কাজ করেছেন বলে গুঞ্জন আছে।রহিম: আমাকে কেউ নির্বাচন করতে ডেকে আনেনি। নিজেই এসেছি। আমি তো ফুটবলেরই লোক। ফেডারেশনের সাধারণ সম্পাদক, সহসভাপতিসহ অনেক পদে ছিলাম। অনেক দিন লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। সেই হিসেবে এই জগতের সবই আমার চেনা-জানা। কিন্তু আপনি ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে জোর প্রচারণা চালাচ্ছিলেন। সেই নির্বাচন স্থগিত হওয়ায় হঠাৎ ফুটবলের নির্বাচনে এলেন। সিটি নির্বাচন হলে আসতেন?রহিম: সিটি নির্বাচন হলে হয়তো ফুটবলে সভাপতি পদে নির্বাচন করতাম না। তবে আমি ঢাকা জেলা ফুটবল অ্যাসোসিয়েশসেনর সভাপতি হওয়ার নির্বাচনে সম্পৃক্ত থাকতাম। গত নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হতে না পারার পর আপনাকে সেভাবে ফুটবলে দেখা যায়নি। তাহলে সবই কি নির্বাচনকেন্দ্রিক?রহিম: আমাকে গত চার বছর সেভাবে না দেখার কারণ আছে। আমি বাফুফের ফুটবল স্ট্যাটাস কমিটিতে ছিলাম। মিটিং থাকলে রাতে নীরবে ফেডারেশনে এসে কাজ করে চলে গিয়েছি। এ ছাড়া সর্বশেষ প্রথম বিভাগ ফুটবল লিগ পরিচালনায়ও সক্রিয় ছিলাম। আমার ওই দায়িত্ব পালনে পাতানো খেলার জন্য ওয়ারী আর বাড্ডার পয়েন্ট কেটে নিয়েছি। শোনা যাচ্ছে, নির্বাচনের পর আপনাকে বাফুফের কোনো একটা দায়িত্ব দেওয়া হতে পারে। সেই প্রতিশ্রুতি নাকি সালাউদ্দিন আপনাকে দিয়েছেন?রহিম: আগেই বলেছি, নির্বাচনের পর আমরা একসঙ্গে কাজ করব বলে অঙ্গীকারবদ্ধ। নতুন কমিটি এসে আমাকে দায়িত্ব দিলে নিশ্চয়ই পালন করব। ঢাকা ডিএফএর সভাপতি হিসেবে কতটা কাজ করতে পেরেছেন গত চার বছরে? চোখে পড়ার মতো কিছু তো দেখা গেল না...রহিম: আমরা অনেক কাজ করেছি। ডিসি গোল্ডকাপসহ জেলার নিয়মিত আয়োজনগুলো হয়েছে। এ ক্ষেত্রে অন্যদের চেয়ে ঢাকা ডিএফএ এগিয়ে ছিল।