বাফুফের গত নির্বাচনে সহসভাপতি পদে হেরে বলেছিলেন, ‘ফুটবলে আর আসব না।’ তবে বাফুফের আগামী ২৮ এপ্রিলের নির্বাচনে সহসভাপতি পদে আবার প্রার্থী হচ্ছেন আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। নিজের ফেরা, নির্বাচন এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে বলছেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার শোনা যাচ্ছে, বাফুফের নির্বাচনে আপনি এবারও সহসভাপতি পদে প্রার্থী। অথচ আপনি বলেছিলেন, ফুটবলে আর কখনো আসবেন না...আশরাফ উদ্দিন আহমেদ (চুন্নু): হ্যাঁ, বলেছিলাম। তখন পরিস্থিতি ছিল একরকম, এখন অন্য রকম। এখন আমি ভেবে দেখলাম, আমার মেধা ও শ্রম ফুটবলে কাজে না লাগালে সেটা হবে আত্মপ্রতারণা। বিবেকের সঙ্গে তো প্রতারণা করতে পারি না। কিন্তু এবারও যে জিতবেন সেই নিশ্চয়তা কেমন?আশরাফ: আমি জয়ের ব্যাপারে আশাবাদী। অনেকের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে এবং সবার কাছ থেকেই সমর্থন পাচ্ছি। সিনিয়র সহসভাপতি নাকি সহসভাপতি পদে দাঁড়াব, এটা এখনো চূড়ান্ত করিনি। তবে সহসভাপতি পদেই সম্ভাবনা বেশি। নিশ্চয়ই শুনেছেন, বর্তমান ক্ষমতাসীনেরা একটা ঐক্যপ্রক্রিয়া চালাচ্ছে। আপনি কি এতে আছেন?আশরাফ: অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। কারা করেছেন, নাম বলতে চাইছি না। তবে এখনো কাউকে কথা দিইনি। দেখা যাক, সময় তো আছে। ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেব। সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ঐক্যের ডাক দিয়েছেন। বলেছেন, বর্তমান কমিটির অসমাপ্ত কাজ করার জন্য আরও এক মেয়াদে থাকা উচিত। এটাকে কীভাবে দেখছেন?আশরাফ: তাঁরা নিজেরা আরেক মেয়াদে থাকা ঠিক করবেন, এটা হয় নাকি! ঐক্যের উদ্দেশ্য যদি হয় নিজেদের মধ্যে পদবণ্টন, তাহলে এটা সফল হবে না। চাপিয়ে দেওয়া ঐক্য গ্রহণযোগ্য নয়। আমরা বসে বসে তা দেখব, সেটাও ভাবার কারণ নেই। ঐক্য করলে সবাইকে নিয়েই করতে হবে। ঐক্যের নামে মুখরোচক কথা শুনতে ভালো লাগে, কিন্তু সবাইকে এটা গেলানো যাবে না। গঠনতন্ত্র নিয়েও তো একটা নাটক হয়ে গেল। বাইরে থেকে আপনার অভিমত কী?আশরাফ: আমার কথা পরিষ্কার, গঠনতন্ত্র নিয়ে যেটা হলো, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কাউন্সিলর না হলেও নির্বাচন করা যাবে, এটা একটা উদ্ভট নিয়ম করা হয়েছে। বাংলাদেশের কোনো নির্বাচনেই ভোটার না হলে প্রার্থী হওয়া যায় না। ফুটবলে এখন হঠাৎ করে আইন বদলে ফেলা মানে গোটা ব্যাপারটাই আমার কাছে প্রতারণা মনে হচ্ছে। কেউ ভোটারই নন, অথচ নির্বাচনে দাঁড়াবেন, এটা কোনো কথা হলো! এটা নাকি ফিফার নিয়ম।আশরাফ: ফিফার নিয়ম হলে গতবার কেন এই নিয়মে নির্বাচন হয়নি? এবার কেন হচ্ছে? এসব বুঝতে আমি অক্ষম। আসলে যখন যেভাবে সুবিধা, সেভাবেই নিয়ম বদলে যায়—এই হচ্ছে বাংলাদেশ। এমনিতে বর্তমান কমিটির চার বছরের কাজ কীভাবে মূল্যায়ন করবেন?আশরাফ: আমার মূল্যায়ন এককথায় এ রকম—ফুটবল ফেডারেশন হয়ে গেছে ঢাকা ফুটবল ফেডারেশন। মনে হয়, ঢাকার খেলা চালানোর জন্যই এই ফেডারেশনের জন্ম। তার পরও ঢাকায়ও তো খেলা ঠিকভাবে চালাতে পারেনি। বারবার খেলা বন্ধ হয়েছে এবং হচ্ছে। ঢাকার তৃণমূল লিগগুলোর খবর নেই। তৃণমূলের জন্য একটা মাঠ সংস্কার পর্যন্ত এই ফেডারেশন করতে পারেনি বা করেনি। মোদ্দা কথা, কমিটি ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত সভাপতি পদে কাজী সালাউদ্দিনই একক প্রার্থী। আপনি এটাকে কীভাবে দেখছেন?আশরাফ: এটা নিয়ে চিন্তাই করিনি। কে সভাপতি হচ্ছেন, এ নিয়ে আমার কোনো মাথাব্যথাও নেই।