১০ ট্রাক অস্ত্র চালান আনার সঙ্গে এনএসআইয়ের তৎকালীন মহাপরিচালক (ডিজি) মো. আবদুর রহিমের সংশ্লিষ্টতার কথা ‘পরিবেশ-পরিস্থিতি ও চাপের’ কারণে জোট সরকারের আমলে আদালতে বলতে পারেননি বলে জানিয়েছেন মামলার বাদী আহাদুর রহমান। গতকাল সোমবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এ মামলার আসামি আবদুর রহিমের আইনজীবীর জেরার জবাবে আহাদুর রহমান এ কথা বলেন। ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামের সিইউএফএলের জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটকের সময় আহাদুর রহমান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন। তিনি বাদী হয়ে এ ঘটনায় মামলাটি করেন। তাঁকে গতকাল দিনভর এ মামলার আসামি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুর রহিমের আইনজীবী কামরুল ইসলাম জেরা করেন।আসামির আইনজীবী: ‘২০০৫ সালের ৬ জুলাই ও ২০০৬ সালের ১৭ জানুয়ারি দুইবার আদালতে দেওয়া জবানবন্দিতে আপনি এই ঘটনায় আবদুর রহিমের সংশ্লিষ্টতার কথা বলেননি।’ আহাদুর: ‘তখন পরিবেশ-পরিস্থিতি ও চাপের কারণে ব্রিগেডিয়ার রহিমের নাম বলিনি।’ আইনজীবী: ‘পরিবেশ-পরিস্থিতি ও চাপের বিষয়টি মামলার এজাহার বা অন্য কোথাও লিপিবদ্ধ করেছিলেন?’ আহাদুর: ‘পরিস্থিতির কারণেই এ কথা কোথাও লিপিবদ্ধ করিনি।’ আইনজীবী: এ ঘটনায় কবে কখন জব্দ তালিকা করেন?আহাদুর: ‘ঘটনার রাতে ঘাটে রাখা ট্রলারসহ সবকিছু তল্লাশি শেষে জব্দ তালিকা করি।’ আইনজীবী: ‘তাহলে এক দিন পর আটক ট্রলার এমভি খাজার দান থেকে কীভাবে অস্ত্র উদ্ধার হলো।’ আহাদুর: ‘ট্রলারের ইঞ্জিন নম্বর দেখতে গেলে ইঞ্জিনের ভেতর লুকানো অবস্থায় দুটি এসএমজি ও একটি ম্যাগাজিন পাওয়া যায়।’ গত ১৫ নভেম্বর আদালতে দেওয়া সাক্ষ্যে আহাদুর রহমান বলেছিলেন, ‘উদ্ধার করা অবৈধ অস্ত্র ও গোলাবারুদ আদালতের নির্দেশে চট্টগ্রাম সেনানিবাসের অর্ডিন্যান্স ডিপোতে জমা দিই।’ সাক্ষ্যের বিষয়টি উদ্ধৃত করে আসামির আইনজীবী প্রশ্ন করেন, ‘সেনানিবাসে জমা দেওয়ার সময় কি জব্দ তালিকা অনুসারে সব অস্ত্র ছিল?’ জবাবে আহাদুর: ‘জব্দ তালিকার চেয়ে ২৪টি হ্যান্ড গ্রেনেড কম ছিল।’ এরপরের প্রশ্নে একটি বাক্সে অস্ত্র ছাড়া শুধু ৩২টি ম্যাগাজিন পাওয়া গিয়েছিল উল্লেখ করে আইনজীবী কামরুল ইসলাম বলেন, ‘আপনি, সার্জেন্ট আলাউদ্দিন ও সার্জেন্ট হেলাল উদ্দিন মিলে ওই বাক্সের আটটি অস্ত্র অন্য কোথাও সরিয়ে রাখেন। এ কারণেই ওই বাক্সে অস্ত্র ছাড়া শুধু ৩২টি ম্যাগাজিন পাওয়া গিয়েছিল।’ জবাবে আহাদুর বলেন, ‘এটা সত্য নয়।’ জেরা শেষে বিচারক এস এম মজিবুর রহমান আজ (মঙ্গলবার) সকাল পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি ঘোষণা করেন।