‘চিংড়িঘের সেই সুখ কাইড়ে নিছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১০ বছর আগেও নিজের ক্ষ্যাতুতে ২০ সের ওজনির তরমুজ ও মিঠে কুমড়ো তুইলেছি। উইস্তে, করোল্লা, বাঙ্গি ও ঝিঙে বেইচে সংসার চলতো। ধান তো পাতামই। কিন্তু সর্বনাইশে নোনা পানির চিংড়িঘের আমাইগে সেই সুখ কাইড়ে নিছে। আমরা সেই পুরোনো দিন ফিরে পাতি চাই।’চিংড়িঘেরের বিরুদ্ধে এভাবে ক্ষোভ প্রকাশ করেন অর্পণা মণ্ডল। তাঁর বাড়ি পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের কুমখালী গ্রামে। ঘেরের বিরূপ প্রভাবে নেমে আসা দুর্গতির কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। বলেন, ‘যত দিন বাঁইচে থাকব, লোনা পানি আর জমিতি উঠতি দিব না।’শুধু অর্পণাই নন, এমন ক্ষোভ ও হতাশা ওই গ্রামের প্রায় পাঁচ হাজার কৃষিজীবী গরিব মানুষের। তাঁদের অভিযোগ, লোনা পানির চিংড়ি চাষ তাঁদের সর্বস্বান্ত করেছে। এর মধ্যে এই চিংড়ি চাষের বিরুদ্ধে তাঁরা রুখে দাঁড়িয়েছেন।শিবসা নদীর পারের কুমখালীর বাসিন্দারা জানান, প্রায় আট বছর আগে গ্রামে ৭৩৫ বিঘার ধানি ও সবজি চাষের জমিতে লোনা পানি তুলে চিংড়িঘের গড়ে তোলা হয়। বৈদ্যনাথ ঢালী নামে এক ব্যক্তি জমির মালিকদের কাছ থেকে চার বছরের চুক্তিতে জমি ইজারা নিয়ে ঘের করেন। পরবর্তী চার বছর একইভাবে চুক্তি করে এসব জমিতে ঘের করেন মজিদ সানা নামে অপর এক ব্যক্তি। ২০০৮ সালের ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তিনি জমি না ছেড়ে লোনা পানি তুলে ঘের করার চেষ্টা চালান। এতে বাধা দেন জমির মালিকেরা। জোট বেঁধে তাঁরা নদী থেকে লোনা পানি তোলার ঘইয়ের (সরু গেট) মুখ মাটি দিয়ে আটকে দেন। নিজ নিজ জমি ফিরিয়ে নিয়ে কৃষকেরা আমনের আবাদ করেন। এতে প্রতি বিঘায় ১৫ থেকে ২০ মণ করে ধান পেয়েছিলেন তাঁরা। জমির মালিকেরা এখন তাঁদের জমিতে রবিশস্য চাষের প্রক্রিয়া চালাচ্ছেন। কিন্তু ঘের মালিক মজিদ সানা ঘের তৈরির জন্য এসব জমির পার্শ্ববর্তী বিলে আবার লোনা পানি তোলার চেষ্টা চালাচ্ছেন। এতে খুলনা-৫ (কয়রা ও পাইকগাছা) আসনের সাংসদ সোহরাব আলী সানার পরোক্ষ সহযোগিতা রয়েছে বলে গ্রামবাসী অভিযোগ করেন। গত শনিবার কুমখালী গিয়ে দেখা যায়, কয়েক হাজার গরিব কৃষক সপরিবার ওই বিলের ধারে জড়ো হয়েছেন। তাঁদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘লবণপানির হাত থেকে পরিবেশ বাঁচাও’, ‘প্রধানমন্ত্রীর কৃষি বিপ্লব সফল হতে দাও’, ‘পুলিশের অত্যাচার চলবে না, বিচার চাই’, ‘মজিদ সানার কালো হাত ভেঙে দাও’ ইত্যাদি। গ্রামের কৃষক দ্বিজেন্দ্র নাথ মণ্ডল বলেন, মজিদ সানার লোকজন বিলে লোনা পানি তোলার চেষ্টা চালালে গ্রামের শত শত নারী-পুরুষ গিয়ে এতে বাধা দেন। তিনি অভিযোগ করেন, বাধা পেয়ে প্রভাবশালী সানা পুলিশের সহযোগিতায় গ্রামবাসীর ওপর হামলা চালিয়েছেন।অভিযোগ অস্বীকার করে পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) আইনউদ্দিন বলেন, কারও পক্ষ নিয়ে পুলিশ ঘটনাস্থলে আসেনি। ওই এলাকায় শান্তি বজায় রাখতেই এসেছে।ঘের মালিক মজিদ সানা প্রথম আলোকে বলেন, চার বছরের চুক্তি শেষ হওয়ার পর কুমখালী বিলের অধিকাংশ জমির মালিক আরও এক বছরের জন্য ঘের করতে চুক্তিবদ্ধ হয়েছেন। এ জন্য তাঁরা ২২ লাখ টাকাও নিয়েছেন। এখন ঘের করতে তাঁরা বাধা দিচ্ছেন। আরও এক বছরের জন্য চুক্তি করার কথা অস্বীকার করে শ্যামলী রানী মণ্ডল বলেন, মজিদ সানা যেসব জমিতে লোনা পানি তুলতে চান, তা অন্যান্য জমির তুলনায় অনেক উঁচু। কাজেই (দক্ষিণে ও পশ্চিমে) ওই জমিতে পানি তুললে প্রায় সাত হাজার বিঘা জমি আপনা-আপনি তলিয়ে যায়। এতে সেখানকার ফসল নষ্ট হয়। কাজেই তাঁকে বিলের জমিতে পানি তুলতে দেওয়া যাবে না।কৃষক মনিরুল ইসলাম বলেন, এক বছর আগেও গ্রামের মানুষ খাবারের অভাবে গরু-ছাগল ও হাঁস-মুরগি পালন করতে পারত না। ধান চাষের পর থেকে আবার এসব পালন শুরু করেছে। ধানের নাড়া দিয়ে গ্রামের মানুষ ঘরের ছাউনি দিতে পারছে।নবম শ্রেণীর ছাত্রী তনুশ্রী রায়ের ভাষ্য, এক বছর আগেও লোনা পানিতে গোসল ও রান্না করতে হতো। এখন মিঠাপানি ব্যবহার করি। অসুখ-বিসুখ কমেছে। নিভা রানী ঘরামী (৫৬) বলেন, ‘সাংসদ সোহরাব আলী সানাকে বলেছি, হয় চিংড়ি ঘের বন্ধ করেন, তা না হলে জমিগুলো কিনে নিয়ে আমাদের হাতে একটি করে মাটির বাসন ধরিয়ে দেন। যেন ভিক্ষে করে খেতে পারি। সাংসদ লোনা পানির চিংড়িঘের হবে না—এই প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়েছিলেন। এখন ঘের মালিকদের পক্ষে তিনি কথা বলছেন।’ সাংসদ সোহরাব আলী সানা বলেন, ‘খুলনা জেলা প্রশাসককে কুমখালী গ্রামের অধিকাংশ মানুষের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। আমি সাধারণ মানুষের মতের বিরুদ্ধে কখনোই ছিলাম না, এখনো নেই। আমি চাই লবণপানির আগ্রাসন বন্ধ হোক। ঘের মালিক মজিদ সানার পক্ষ নেওয়ার প্রশ্নই ওঠে না।’পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সবুর হোসেন বলেন, কুমখালীর সাধারণ জমির মালিকেরা যেভাবে করতে চাইবেন জমি সেভাবেই ব্যবহার করা হবে। এটা তার মৌলিক অধিকার। এ জন্য প্রয়োজনে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। জমির মালিকদের ইচ্ছের বিরুদ্ধে কাউকে কিছু করতে দেওয়া হবে না।