শুক্রবার। জাতীয় জাদুঘর মিলনায়তন। সন্ধ্যা সাড়ে ছয়টায় এখানে মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য শাপমোচন। জানা গেল, যেমনটা সচরাচর দেখা হয়েছে, তা থেকে এই শাপমোচন একটু ভিন্ন হবে। কারণ, এই নৃত্যনাট্যের সঙ্গে শাস্ত্রীয় নাচের নানা আঙ্গিক ব্যবহার করেছেন ভারতের প্রখ্যাত নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী, ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর স্ত্রী। খুব বেশি ব্যবহার করেছেন ওড়িশি নাচ। নির্দেশনা দেওয়ার পাশাপাশি শাপমোচন-এর গুরুত্বপূর্ণ ‘কমলিকা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সঙ্গে আছেন ডোনার নৃত্যশিক্ষা-প্রতিষ্ঠান দীক্ষা মঞ্জরীর শিক্ষক ও শিক্ষার্থীরা। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সংস্কৃতিকেন্দ্রের আমন্ত্রণে ঢাকায় এসেছেন ডোনা। সঙ্গে এসেছেন তাঁর বাবা-মা আর মেয়ে সানা। অনুষ্ঠান শুরুর ঘণ্টা খানেক আগে আলাপ হলো ডোনা গাঙ্গুলীর সঙ্গে। তখন তিনি ছিলেন নাচের পোশাকে।বাংলাদেশে এসে কেমন লাগছে?ভীষণ ভালো লাগছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে এসেছি শাপমোচন নৃত্যনাট্য নিয়ে। আমরা ওড়িশি নাচ করি। ঢাকায় এসে ওড়িশি নাচ করতে পারলে আরও খুশি হতাম। সারা বছর তো ওই নাচেরই চর্চা করি। সৌরভের সঙ্গে অনেকবার ঢাকায় এসেছি, পাঁচ-ছয়বার তো হবেই। প্রতিবারই ও ক্রিকেট খেলতে এসেছিল। এবারই প্রথম আমি নাচ করছি।‘শাপমোচন’ নৃত্যনাট্যটি পুরোপুরি ওড়িশি নাচের আঙ্গিকে করেছেন?আমি ওড়িশি নাচ করি। তার আগে ১৩ বছর অমলা শঙ্করের কাছে সাধারণ নাচ শিখেছি। শাপমোচন নৃত্যনাট্যটি পুরোপুরি ওড়িশিতে করছি, তা বলব না। ‘চন্দ্রমা’ কিন্তু ওড়িশি ভঙ্গি। আবার এটা যেকোনো নাচেই দেখানো যায়। রবীন্দ্রনাথ এই নৃত্যনাট্যের জন্য নাচের ধরনটা চূড়ান্ত করে দেননি। তিনি নিজেও নানা ধরনের নাচ মিশিয়ে করতে বলেছেন। আমরা মোহিনীআট্টম থেকে পোশাক নিয়েছি। রবীন্দ্রনাথ যেমন কল্পনা করেছেন, সেভাবেই করতে চেয়েছি। এর আগে ওড়িশি পোশাক পরেই নেচেছি। এবারই প্রথম আমি শাড়ি পরে নাচ করছি।রবীন্দ্রনাথের আর কোনো নৃত্যনাট্য নিয়ে কাজ করছেন?চিত্রাঙ্গদা, এ বছরই আমরা মঞ্চে এনেছি। পুরোটাই হিন্দিতে। এখানে অর্জুন চরিত্রে কণ্ঠ দিয়েছে সৌরভ। আমি একটা ভালো কণ্ঠ খুঁজছিলাম। তখন সৌরভ নিজে থেকেই আগ্রহ দেখায়। এর আগে ও এই কাজ কখনো করেনি। আমাদের মধ্যে ভয় কাজ করছিল, চিত্রাঙ্গদার হিন্দি রূপ সবাই কীভাবে নেয়। কারণ, বাংলাটাই সবার মনের মধ্যে গেঁথে আছে। কিন্তু দেখলাম, সবাই প্রশংসা করছে। সৌরভ গাঙ্গুলী এখন আইপিএল টি-টোয়েন্টি ক্রিকেট খেলছেন। এবার আইপিএলের কোনো খেলা দেখা হয়েছে?দুটি ম্যাচ দেখেছি—মুম্বাই আর পুনেতে গিয়ে।ঢাকায় আসার কারণে বৃহস্পতিবারের খেলাটা দেখা হয়নি। আসলে আমাদের মেয়ে সানার কারণেই খেলাগুলো দেখতে যেতে হয়। বাবার খেলা দেখার জন্য ওর ভীষণ আগ্রহ। সামনে আমার মেয়ের স্কুল বন্ধ থাকবে। তখন দেখব। বাবা সৌরভ গাঙ্গুলী মেয়েকে কতটা সময় দেন?যথেষ্ট সময় দেয়। যখন বাসায় থাকে, প্রায় পুরোটা সময়ই মেয়েকে দেয়।ক্রিকেট খেলোয়াড়েরা অবসর নিলে সবচেয়ে বেশি খুশি হয় তাঁদের পরিবার।...আমরাও কিন্তু খুব খুশি হয়েছিলাম। কিন্তু অবসরের ঘোষণা দিয়ে এখন ও কিন্তু আরও ব্যস্ত হয়ে পড়েছে। আইপিএল খেলছে, ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছে, স্কুল তৈরি করছে, দেশি-বিদেশি দু-তিনটা কাগজে লেখালেখি করছে, কয়েকটা টিভি চ্যানেলে বলছে, খেলার ধারাবর্ণনা করছে। আগে তো শুধু যখন খেলা থাকত, তখন বাইরে থাকত, বাকিটা সময় পরিবারকে দিত। এখন সময়ই পায় না।সৌরভ গাঙ্গুলীর সঙ্গে আপনার পরিচয়টা কীভাবে হয়েছিল?আমাদের পাশাপাশি বাসা।সেই ছোটবেলা থেকেই পরিচয় আর জানাশোনা ছিল। এরপর বিয়ে হয়েছে।যখন সৌরভ বাসায় থাকেন, তখন তাঁকে কী কী খাবার খাওয়াতে পছন্দ করেন?সৌরভ খেতে দারুণ ভালোবাসে। ওর তো অনেকটা সময় বাইরে বাইরে থাকা হয়। বাসায় এলে খুব সাধারণ খাবার খেতে পছন্দ করে—ভাত, মাছ, সবজি। তবে আমাকে কখনো রান্না করতে হয় না। ওই কাজটা আমার শাশুড়ি করেন। আর বাসায় অনেক লোক আছেন।বাংলাদেশের কোন জিনিসটা আপনার নিজের খুব পছন্দ?বাংলাদেশের শাড়ি। জামদানি যে কতগুলো আছে, হিসাব নেই। নানান রঙের। এ ছাড়া টাঙ্গাইলও পাবনার শাড়িও আছে।অনুষ্ঠানের সময় ঘনিয়ে এসেছে। ডোনাকে প্রস্তুতি নিতে হবে। তাই তাঁকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করতে হলো কথোপকথন। মেহেদী মাসুদ