‘চেয়ারম্যান-মিম্বাররা কেই আমাগে দ্যাহে না’
‘লিহে আর কী করবা, বয়স ভোর মাছ ধরে খাই। দেহো তিনডে ছেলেমেয়ে নিয়ে আমরা ৫ জন এই ঘরে থাহি। ঘরে উঠার মুখ পর্যন্ত নিয়ে গেছে। যে কোনো দিন রাত্রিরি ভাটির টানে নদী আমাগেও নিয়ে যাতি পারে।’ আক্ষেপ করে এসব কথা বলেন খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রা নদীর ভাঙনের শিকার বরাতিয়া গ্রামের পঞ্চা বিশ্বাস (৫০)।ডুমুরিয়া উপজেলার ভদ্রা নদীর ভাঙনে বরাতিয়া গ্রামের শতাধিক জেলে পরিবারের ভিটেবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঘর-বাড়িহারা মানুষ বেড়িবাঁধসহ আশপাশে মানবেতর জীবন যাপন করছেন। সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর আগে খুকশিয়ার বিলে পলি ভরাট করার লক্ষ্যে টিআরএম প্রকল্প চালু করা হয়। ফলে মৃতপ্রায় ভদ্রা নদী নাব্যতা ফিরে পেয়ে খরস্রোতা হয়ে ওঠে। কিন্তু খর্ণিয়া সেতুর কাছে ইটভাটা মালিকেরা বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করায় নদী তার গতিপথ পরিবর্তন করে। ফলে এই ভাঙন চলছে। ভাঙনে ঘর-বাড়িহারা মানুষ এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) একাধিকবার আবেদন-নিবেদন করলেও ভাঙন থামানোর কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।জেলে বিধান বিশ্বাস বলেন, ‘আগে আমাগে বাড়ি ছিল ওই নদীর মদ্ধিখানে। ১৯৮৭ সালে একবার খেঁচা ফেলালি ভাঙন কুমে গিল। তহনও বাড়ি-ঘর হারাইয়ে অনেকে বিভিন্ন জাগায় চলে যায়। বেশ কয় বছর ভালো থাহার পরে চার-পাঁচ বছর ধরে আবারও ভাঙন চলতেছে। এইবার আমাগে সব জালেগে এ্যাবারা ভিটেছাড়া করে দেছে।’ মিনতি বিশ্বাস বলেন, ‘দ্যাখেন আমরা বাদেগে মতো আজকে এহিনি তো কাল ওহিনি বস্তি করে থাকতিছি। জামগাছটার জন্নি এহনো এই ঘরডা রয়ছে। আমাগে হাত-পা ছাড়া কিচ্ছু নেই বলে এহিনি পড়ে রইছি। চেয়ারম্যান-মিম্বাররা কেই আমাগে দ্যাহে না।’ আটলিয়া ইউনিয়নের সাবেক মেম্বার বৃদ্ধ খোরশেদ আলী শেখ বলেন, ‘এই নদীডা সম্পূর্ণ আমার জমির ওপর দিয়ে যাচ্ছে। এই দোতলা বাড়িডার অদ্ধেক নদীতি চলে গিলিউ আমার সরার শক্তি নেই বলে এহিনি পড়ে রইছি। আর আমার সাথে ১০-১২ ঘর মরা (গরিব) জালেরও সরার জাগা নেই।’এ প্রসঙ্গে কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি এ বি এম শফিকুল ইসলাম বলেন, ‘খর্ণিয়া ব্রিজের পশ্চিম পাশের ইটভাটাগুলো নদীর চরে বাঁধ দিয়ে ও ইট ফেলে গতিপথে বাধা সৃষ্টি করেছে বলে এই ভাঙন চলছে। অবিলম্বে ওই সব বাধা অপসারণ করলে বরাতিয়ার ভাঙনও থেমে যাবে।’আটলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ বদরুজ্জামান তসলিম বলেন, ‘গত বছর পানি উঠে কয়েকটি গ্রাম প্লাবিত হতে থাকলে পাউবো জরুরি ভিত্তিতে কিছু বরাদ্দ দেয়, কিন্তু তাতে কোনো কাজ হয়নি।’ ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত্ হোসেন বলেন, ‘পাউবো কর্মকর্তাদের জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য বলব।’খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘আমি পাউবো কর্মকর্তাকে জরুরিভাবে পাইকোপাইন (বাঁশের খাঁচা) দেওয়ার জন্য বলেছি।’খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল মজিদ মোল্লা বলেন, ‘গত ২৪ ফেব্রুয়ারি আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমি বিভাগীয় কর্মকর্তাদের “ক্রস সেকশন” এবং “ডিজাইন ডাটা” তৈরি করতে বলেছি। খরচের হিসাব পেলে বোর্ডকে বরাদ্দের জন্য বলব।’