জাতীয় স্কুল ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি নারায়ণগঞ্জের ইসদাইর রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয় ও চট্টগ্রাম কাটিরহাট উচ্চবিদ্যালয়। প্রায় আট মাস ধরে চলা টুর্নামেন্ট নিয়ে রয়েছে নানা অভিযোগ। বড় বাজেটের টুর্নামেন্ট করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে জাতীয় স্কুল ফুটবল কমিটির ডেপুটি চেয়ারম্যান শেখ মোহাম্মদ আসলামকে। জাতীয় দলের সাবেক ফুটবলার তার পরও দারুণ আশাবাদী টুর্নামেন্ট নিয়ে গত ডিসেম্বরে শুরু হওয়া জাতীয় স্কুল ফুটবলের ফাইনালের আগে এ টুর্নামেন্ট নিয়ে আপনার মূল্যায়ন কী? শেখ মোহাম্মদ আসলাম: একজন সাবেক ফুটবলার হিসেবে বলব এই ধরনের টুর্নামেন্ট আমাদের দেশে বিরল। বাংলাদেশের ফুটবল উন্নয়নে এটা ব্যতিক্রমী উদ্যোগ। এতে যারা সার্বিক সাহায্য-সহযোগিতা করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এই টুর্নামেন্টের ৯৯ শতাংশ সার্থক বলে মনে করি। অনেক দেরি হলেও খেলোয়াড় গড়ার পাইপলাইনটা চালু করতে পেরেছি। কাগজে-কলমে ৪৮০০ স্কুল খেলার কথা থাকলেও ২০০০ স্কুলই নাকি অংশ নেয়নি?আসলাম: তথ্যটা সঠিক নয়। আমার কাছে রেকর্ড আছে। এতে প্রায় ৫০০০ স্কুল অংশ নিয়েছে। বয়স নিয়ে বিস্তর অভিযোগ টুর্নামেন্টের শুরু থেকেই। অনেকে বেশি বয়সী খেলোয়াড় খেলিয়েছে, আবার অনেকের বয়স ঠিক থাকা সত্ত্বেও চূড়ান্ত পর্বে খেলতে দেওয়া হয়নি।আসলাম: অনেক দিন পর চালু হয়েছে বলে সমস্যাটা দেখা দিয়েছে। একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত আমরা গিয়েছি। উপজেলা পর্যায় পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ না হলেও বয়স মানার প্রবণতা দেখা গেছে। তবে জেলা পর্যায়ে এসে কিছু কিছু জায়গায় এর ব্যত্যয় ঘটেছে। এটা আমি স্বীকার করে নিচ্ছি। যেহেতু এটা প্রথম, তাই আমরা চেয়েছিলাম এটা আগে শুরু হোক। এত বড় একটা কর্মকাণ্ডের জন্য কেউ আগে সাহায্যের হাত বাড়ায়নি। করার চেষ্টাও করা হয়নি। মাহফুজ সাহেব (এটিএন বাংলার চেয়ারম্যান) সাহসের সঙ্গে এগিয়ে এসেছেন বলে আমাদের স্বপ্ন সত্যি হয়েছে। এর জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। এত লম্বা আয়োজনের ব্যবস্থাপনা নিয়ে আছে নানা অভিযোগ। ফেডারেশনের তত্ত্বাবধান নাকি ভালো ছিল না, মাঠে চিকিৎসকও পাওয়া যায়নি। টাকাপয়সা দেওয়া হতো না প্রাথমিক পর্বে। জার্সির মান ছিল খারাপ...। এক দিনে তিন-চারটি করে ম্যাচ। কী ব্যাখ্যা দেবেন?আসলাম: অব্যবস্থাপনার কথা বলতে গেলে ডিএফএর (জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের) কথা এসে যায়। ডিএফএর কিছু লোকজন আমাদের কিছুটা হলেও ভুল পথে চালিত করেছে। তারা হয়তো বুঝতে পারেনি। আরও বেশি করে তাদের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল। কিছু কিছু জায়গায় আমরা সমন্বয়হীনতার মধ্যে পড়েছিলাম। ৫ কোটি টাকার বাজেট। অথচ রাউন্ড রবিন লিগে কেউ টাকা পায়নি। সেরা খেলোয়াড়ের এক লাখ টাকা পুরস্কার দিচ্ছেন এক সাংসদ। আপনারা দিতে পারতেন না?আসলাম: এ ব্যাপারে আমি আমার সাংগঠনিক অক্ষমতার কথা স্বীকার করছি। আমার অনেক কিছু করার সাধ ছিল এবং শখ ছিল। কিন্তু আমি একা কুলিয়ে উঠতে পারিনি। তবে আগামী টুর্নামেন্টে আরও ভালো করব, ইনশাআল্লাহ। এই টুর্নামেন্ট ধারাবাহিকভাবে চলবে? আসলাম: এই যে সমস্যাগুলো আমার চোখে ধরা পড়েছে এবং আপনাদের লেখনীর মাধ্যমে যেগুলো বেরিয়ে এসেছে, আমি আশা করব পরের টুর্নামেন্টে এগুলোর সব পূরণ করেই শুরু করব। এই টুর্নামেন্ট থেকে কি আপনাদের মতো সাবেক তারকা খেলোয়াড় বেরোবে?আসলাম: আমি আশাবাদী। আমাদের দেশ ফুটবলপাগল দেশ। আমি আশা করি, আমাদের চেয়েও ভালো খেলোয়াড় বের হবে।