এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক চাঁদ ফুল অমাবস্যা। লিখেছেন ফারিয়া হোসেন। পরিচালনা করেছেন আরিফ খান। নাটকটিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। কথা হলো তাঁর সঙ্গে।‘চাঁদ ফুল অমাবস্যা’ নাটকে কাজের খবর কী?নাটকটিতে প্রায় বছর খানেক আগে কাজ করেছিলাম। ১৬ নভেম্বর থেকে আবার শুটিং শুরু হচ্ছে। পুরো কাজটা ঢাকাতেই হবে। নাটকে বাবা-মায়ের ওপর অভিমান করে আমি আলাদা হয়ে যাই। নিজে এককভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করি। মায়ের (প্রিসিলা পারভীন) সঙ্গে আমার দ্বন্দ্ব নিয়েই নাটকের গল্প। চ্যানেল আইতে ‘চৈতা পাগল’ ধারাবাহিকটির প্রচারের সময় কি একটু বেড়েছে?হ্যাঁ, গত অক্টোবর থেকে সপ্তাহের শনি, রবি ও সোমবার নাটকটি প্রচারিত হচ্ছে। আগে দুই দিন প্রচারিত হতো। আশা করছি, নতুন বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নাটকটির প্রচার শেষ হবে। বিধবা মেয়ে আলতার (জয়া আহসান) অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনাকে ঘিরে গ্রামে নানা কাণ্ড ঘটছে। এই ঘটনার জন্য বিভিন্নজনকে দোষারোপ করা হচ্ছে। কিন্তু এই ঘটনার সঙ্গে যে জড়িত, নাটকের শেষ দিকে তার কথা জানা যাবে। মজার ব্যাপার হলো, গ্রামে এত সালিস ও কানাঘুষা হচ্ছে, কিন্তু এই ব্যক্তিটির নাম কেউ ভাবতেই পারবে না। আপনি তো এনটিভিতে প্রচারিত ‘রূপকথা’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। নাটকটির নাকি আবার শুটিং হবে?হ্যাঁ, আগামী ডিসেম্বর থেকে আবার নাটকটির শুটিং শুরু হবে। এবার আমি জেল থেকে ভালো হওয়ার স্বপ্ন নিয়ে বেরিয়ে আসব। কিন্তু এই সমাজ আর এই সমাজের কিছু মানুষ আমার ভালো হওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে। এবার আমার সঙ্গে আরেকজন নায়িকা ‘রূপকথা’ চরিত্রে অভিনয় করবেন। ‘চৈতা পাগল’ তো শেষ হচ্ছে। এরপর নিজের পরিচালনায় আবার কবে নতুন ধারাবাহিকের কাজ শুরু করবেন?শিগগির কিছু করব না। একটু সময় নিচ্ছি। তবে প্রস্তুতি চলছে। বিভিন্ন চিত্রনাট্য দেখছি। আর এবার আমার পরিচালনায় মার কাছে যাব নাটকটি বিটিভিতে ঈদের পরদিন প্রচারিত হয়েছে। নাটকটির জন্য অনেক প্রশংসা পেয়েছি। আমার আরও দুটি ভালো কাজ এবার ঈদে প্রচারিত হয়েছে—বাংলাভিশনে জলতরঙ্গ ও এটিএন বাংলায় প্রতিহরণ।