‘চৈত্রসংক্রান্তি উত্সব’ নিয়ে মাকসুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের হাজার বছরের কৃষ্টি সমুন্নত রাখা ও সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তন সূচনার লক্ষ্যে ‘সংক্রান্তি অ্যালায়েন্স’ দিনব্যাপী চৈত্রসংক্রান্তি উদযাপনের উদ্যোগ নিয়েছে। এটি তাদের প্রথম উদ্যোগ। ব্যান্ড তারকা মাকসুদের নেতৃত্বে ১৩ এপ্রিল শুক্রবার ৩০ চৈত্র ১৪১৮ বঙ্গাব্দ শুক্রবার কলাবাগান ক্রীড়াচক্র মাঠে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন। ভিন্নমাত্রার এই চৈত্রসংক্রান্তি উত্সবকে সামনে রেখে আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি উত্সবের আয়োজক, শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে দিনব্যাপী চৈত্রসংক্রান্তি উত্সবের নানা আয়োজনের কথা তুলে ধরেন সংক্রান্তি অ্যালায়েন্সের আহ্বায়ক মাকসুদুল হক। তিনি জানান, চৈত্রসংক্রান্তি উত্সবে দিনের প্রথমভাগে থাকছে সাধুসঙ্গ। এরপর লোকসংগীতের ধ্রুপদি শিল্পী কাঙ্গালিনী সুফিয়া, শাহজাহান মুন্সি, টুনটুন শাহ, লতিফ শাহ, হাশেম চিশতি, নইর শাহ এবং বিমল শাহ লোক ও বাউল গান পরিবেশন করবেন। এরপরই থাকবে সাঈদুর রহমান বয়াতি ও তাঁর দলের পালাগান কবি লড়াই। এ ছাড়া বিকেলের অধিবেশনে যাঁরা গান পরিবেশন করবেন তাদের মধ্যে রয়েছেন আনান অ্যান্ড ফ্রেন্ডস, বোহেমিয়ান, এলিটা অ্যান্ড রিটেক, চিত্কার, লীলা, মাকসুদ ও ঢাকা, মেহরীন, নেমেসিস, শাহেদ ও গাছ, সায়ান, শিরোনামহীন, শূন্য ও সমগীত। এ ছাড়া সান্ধ্য অধিবেশনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে নাউর ও তার দলের অগ্নিনৃত্য।চৈত্রসংক্রান্তি উত্সবে মাঠে প্রবেশের ক্ষেত্রে কোনো বিনিময় মূল্য নেই, তবে প্রবেশপথে নিয়মানুসারে নিবন্ধিত হতে হবে। সকাল আটটা থেকে উত্সব প্রাঙ্গণে ঢোকার পথ খোলা থাকবে। দিনব্যাপী চলতে থাকা চৈত্রসংক্রান্তি উত্সবের পুরো অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে বৈশাখী টেলিভিশন।