‘চোখ সরাতে পারছিলাম না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসিদের সফরের বর্ণাঢ্য আয়োজনে তিনি ছিলেন অপাঙেক্তয়। শৃঙ্খলা ভঙ্গের জন্য দিতে হয়েছে অনেক চড়া মূল্য। তবে মাঠে গিয়ে ঠিকই খেলা উপভোগ করেছেন জাহিদ হাসান এমিলি। জাতীয় দলের স্ট্রাইকার জানালেন মেসিদের নিয়ে তাঁর উচ্ছ্বাস, রোমাঞ্চ আর আফসোসের কথা কেমন লাগল ম্যাচ?এমিলি: যে জন্য মাঠে গিয়েছিলাম, তা পুরোপুরি সার্থক। আমি আর্জেন্টিনার কঠিন ভক্ত। তবে সত্যি বলতে মাঠে গিয়েছিলাম স্রেফ মেসির জন্য। মেসি যা খেলল...অসাধারণ। বিশ্বের সেরা ফুটবলার তো আর এমনি এমনি নয়। সামনাসামনি মেসির খেলা দেখতে পারব, কখনোই ভাবিনি। সে অর্থে এটা স্বপ্নপূরণ নয়, তার চেয়েও বেশি কিছু। এই মানের দুটি দলের ম্যাচ তো সামনাসামনি এই প্রথম দেখলেন, টিভির চেয়ে পার্থক্য কোথায় মনে হলো?এমিলি: অনেক পার্থক্য। টিভিতে তো পুরো মাঠের চিত্রটা দেখা যায় না। বল যেখানে, ক্যামেরা সেখানে। কিন্তু ফুটবল মাঠে আরও অনেক ব্যাপার থাকে। তা ছাড়া টিভিতে তো ক্যামেরা সব সময় মেসির দিকে ধরা থাকে না। বল ছাড়া অন্য সময়গুলোয় মেসি কী করে, এসব প্রথম দেখলাম। অসম্ভব ভালো লেগেছে। আপনি তো মনে হয় ৯০ মিনিট মেসির দিকেই তাকিয়ে ছিলেন?এমিলি: বিশ্বাস করুন, আসলেই তাই। চোখ সরাতে পারছিলাম না। ওর হাঁটাচলা, জগিং, ইশারা-ইঙ্গিত—সব খেয়াল করেছি। কীভাবে পজিশনে যায়, একটা আক্রমণের বিল্ডআপে কীভাবে নিজে জড়ায়, অফ দ্য বল প্রতিপক্ষের ফুটবলাররা ওকে কীভাবে নজরে রাখে এসব...ওর সবকিছুই আসলে মুগ্ধ করার মতো।  আপনারা দুজনই ফরোয়ার্ড, তবে দুজনের তুলনা করাটা আসলে অন্যায়। তার পরও এত গভীরভাবে যখন খেয়াল করেছেন, মেসির সঙ্গে মূল নিজের পার্থক্যগুলো নিশ্চয়ই চোখে লেগেছে?এমিলি: তুলনাটাই তো কেমন যেন...আমার মনে হয়েছে, ওকে নির্দিষ্ট কোনো দায়িত্ব দেওয়া হয় না। বার্সেলোনার হয়ে যেমন, তেমনি সাবেলার দলেও। ও নিজের মতো খেলতে পারে। আরেকটা ব্যাপার খেয়াল করেছি, ও সব সময় প্রতিপক্ষের ডিফেন্সকে ব্যতিব্যস্ত রাখে। যখন পায়ে বল থাকে না, তখনো। মেসি হাঁটাহাঁটি করলেও প্রতিপক্ষের ডিফেন্স আতঙ্কে থাকে, কী না জানি করে ফেলে! উপভোগ তো করেছেনই, নিশ্চয়ই শিখেছেনও অনেক কিছু?এমিলি: মেসি বল নিয়ে এমন কিছু করে, যা অন্য কারও পক্ষে করা সম্ভব নয়। তার পরও অনেক কিছু দেখেছি। চেষ্টা করব, সেসব অনুশীলন করার। ওর মতো খেলা তো আর সম্ভব নয়, তবে ওর অফ দ্য ফিল্ড মুভমেন্টগুলো অনুসরণ করার চেষ্টা করব। পজিশন সেন্স আরও ভালো করার চেষ্টা করব।  চারজনকে কাটিয়ে গোলে কিক নেওয়ার মুভটা দেখার সময়কার অনুভূতিটা মনে পড়ে?এমিলি: অবিশ্বাস্য...আমি জাহিদ-মিঠুনদের সঙ্গে পশ্চিম গ্যালারিতে বসে খেলা দেখেছি। ওই মুহূর্তে কখন যে সিট থেকে উঠে দাঁড়িয়েছি, বুঝতেই পারিনি! টিভিতে ওর এমন মুভ অনেক দেখেছি, কিন্তু মাঠে দেখার অনুভূতি অন্য রকম। ও যখন এগিয়ে যাচ্ছিল, হঠাৎ করেই গতি ক্ষিপ্র হলো, বুঝতে পারছিলাম দারুণ কিছু হতে যাচ্ছে। গোলটা হলে দারুণ হতো। ওর ক্যারিয়ারের অন্যতম সেরা গোল হতো। ঢাকাকে, বঙ্গবন্ধু স্টেডিয়ামকে ও সব সময় মনে রাখত। এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবার যখন খেলতে নামবেন, রোমাঞ্চকর লাগবে না?এমিলি: মেসি আমার আদর্শ, অনুপ্রেরণা। ওর মতো একজন যে মাঠে খেলে গেছে, সেখানে আমি খেলছি, এই অনুভূতি অবশ্যই রোমাঞ্চকর হবে। যখন থেকে ম্যাচটা হবে ঠিক হয়েছে, তখন থেকেই কিন্তু আমরা সবাই এটা ভাবছি। পুরো আয়োজনটায় আপনার কোনো সম্পৃক্ততা নেই, আফসোস হয়নি?এমিলি: অনেক, অনেক বড় আফসোস। এত বড় সুযোগ আর জীবনে আসবে বলে মনে হয় না। মেসিকে যদি ফুল দিতে পারতাম, হাত মেলাতে পারতাম বা অটোগ্রাফ নিতে পারতাম, সেটা হতো জীবনের সবচেয়ে বড় পাওয়া। বলে বোঝাতে পারব না কতটা কষ্ট পেয়েছি।