লাল-সবুজ জার্সিটা গায়ে তোলা হয় না অনেক দিন। প্রিমিয়ার ক্রিকেট লিগে এবার ব্রাদার্সে নাম লিখিয়ে আফতাব আহমেদের গায়ে আপাতত কমলা রঙের জার্সি। তবে চট্টগ্রামের এই ব্যাটসম্যানের বিশ্বাস, তিনি এখনো হারিয়ে যাননি। জাতীয় দলের দরজা খোলাই আছে তাঁর জন্য আফতাব আহমেদ কি হারিয়ে গেল?আফতাব আহমেদ: না, আফতাব আহমেদ হারিয়ে যায়নি। আফতাব হারাতে চাইলেও আফতাবকে হারাতে পারবে না। বাংলাদেশ দলে যেকোনো সময় যেকোনো খেলোয়াড় আসতে পারে, এটা আমি বিশ্বাস করি। তবে এখন আমি জাতীয় দল নিয়ে চিন্তা করছি না। প্রিমিয়ার লিগ সামনে। এখানে বা যেখানেই ভালো করি, বাংলাদেশ দলে ঢোকা অনেক সহজ হবে। জাতীয় দলে খেলার আশা তাহলে এখনো করেন?আফতাব: অবশ্যই। কেন করব না! বাংলাদেশ দল এখন যে রকম খেলছে, আমি একটু ভালো খেললে অবশ্যই ঢুকতে পারব। দলে ফেরাটা তাহলে সহজই মনে হচ্ছে?আফতাব: জাতীয় দলে আসা কঠিন বলব না। এটা এখন আসলেই সহজ। কিছু খেলোয়াড়ই অন্য খেলোয়াড়দের জাতীয় দলে আসার সুযোগ করে দিচ্ছে। এখন যারা আছে তারাই সুযোগ করে দিচ্ছে অন্যদের আসার। ভালো খেললে যেকোনো সময় যে কেউ আসতে পারে। মানুষ যে আফতাবকে দেখে অভ্যস্ত, জাতীয় দলে ফিরলে কি আবার সেই আফতাবকেই দেখা যাবে?আফতাব: আশা করি, ও রকম আফতাবকেই আপনারা দেখবেন...হয়তো বা আরও পরিণত আফতাবকেই দেখা যাবে। কিন্তু সেই আফতাবকে এখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কেন?আফতাব: সত্যি বলতে কি, চোখের আড়াল হলে কিন্তু মনের আড়াল হয়। মিডিয়ার কাছ থেকেও আমি দূরে সরে গেছি। এ জন্যই হয়তো কেউ আমাকে দেখছে না। দেখা হলেও জিজ্ঞেস করে, আপনাকে দেখছি না কেন? এটাই স্বাভাবিক। যারা ফোকাসে থাকে মানুষ তাদের নিয়েই কথা বলে। আমি দূরে আছি তাই এটা বলবেই। চেষ্টা করব সামনে আসতে। ভক্ত-সমর্থকেরা যে আপনাকে খুব মিস করে, এটা বোঝেন?আফতাব: অবশ্যই...অবশ্যই। বুঝব না কেন? আসতে-যেতে বা অন্ধকার কোনো জায়গায় দাঁড়িয়ে থাকলেও মানুষ এসে কথা বলে। জানতে চায়, আমি কেন খেলছি না, কবে আমাকে দলে দেখা যাবে। তাঁদের কী বলেন আপনি?আফতাব: এখন এ ব্যাপারে আমি কী বলব? ক্রিকেট বোর্ডকেও এটা চিন্তা করতে হবে। জাতীয় দলের বাইরে ‘এ’ দল বা অন্য কোনো দলেও তো আমাকে রাখা হচ্ছে না! জাতীয় দল থেকে বাদ পড়ার পর আমি আর কোথাও সুযোগ পাইনি। অথচ জাতীয় দল থেকে বাদ যাওয়া খেলোয়াড়েরা অটোমেটিক ‘এ’ দলে ঢোকে। এত বছর এটাই জানতাম। আমার বেলায় অন্য রকম হচ্ছে। এটা কেন? ওনারা দেখুক না আমি কেমন করি। না দেখেই সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আফতাবকে আর কোথাও রাখা হবে না। এবারের জাতীয় লিগে এখন পর্যন্ত নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট?আফতাব: না, আমাকে আরও ভালো খেলতে হবে। জাতীয় দলে যে রকম ৪০-এর ঘরে আউট হয়ে যেতাম, জাতীয় লিগেও এ রকম কয়েকবার আউট হয়েছি। জাতীয় দলে আসতে হলে এই ৪০-গুলোকে ৮০-১০০ করতে হবে। চেষ্টার ত্রুটি করছি না। প্রিমিয়ার লিগে ব্রাদার্সে নাম লেখালেন। ব্যক্তিগত লক্ষ্য কী থাকবে?আফতাব: আগে এক বছর খেললেও ব্রাদার্সের এবারের দলটা বলতে গেলে নতুনই। চেষ্টা করব ভালো কিছু করতে। যেন সামনের বছর আরও ভালো দল পাই। সবাই যেন আফতাবকে খুঁজে পায়। এটাই আমার আশা। সাদামাটা ক্রিকেট খেলার আর ইচ্ছা নেই। ওসব ক্রিকেট খেলে লাভও নেই। এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে। এর পরও কিছু না হলে দুঃখ থাকবে না। আমি নিজেকে নিজে জিজ্ঞেস করব, শতভাগ দিয়েছি কি না। উত্তর যদি ‘হ্যাঁ’ পাই, সেটাই আসল।