‘চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগে সিঙ্গাপুরে সর্বশেষ এএইচএফ কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই দলের কোচ মাহবুব হারুন এবারও একই দায়িত্বে। আরেকটি এএইচএফ কাপ খেলতে আগামীকাল ব্যাংকক যাওয়ার আগে জাতীয় দলের সাবেক মিডফিল্ডার যথেষ্ট আত্মবিশ্বাসী এশিয়া কাপের বাছাইপর্ব হচ্ছে এএইচএফ কাপ। গতবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার পারবে? মাহবুব হারুন: আমি আশাবাদী। চ্যাম্পিয়ন হওয়াই আমাদের লক্ষ্য। আমাদের গ্রুপে আছে সিঙ্গাপুর, চীনা তাইপে ও থাইল্যান্ড। সিঙ্গাপুরকে নিয়ে একটু ভয় পাচ্ছি। এ দলটার কাছে আমরা হেরেছি আগে। বাকি দল নিয়ে খুব একটা দুশ্চিন্তা করছি না। কিন্তু বাংলাদেশ দলের প্রস্তুতি তো ভালো হয়নি...। আপনি নিজেই বলেছেন...মাহবুব: আমরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পেরেছি। বিকেএসপি আর নৌবাহিনীর বিপক্ষে। আরও বেশি প্রস্তুতি ম্যাচ খেললে ভালো হতো। এটা খুব দরকারও। যা-ই হোক, এসব বলে তো এখন কোনো লাভ নেই। ফেডারেশনকে কি এই ইচ্ছার কথা জানিয়েছিলেন?মাহবুব: ফেডারেশনের ইচ্ছা থাকলেও আমরা স্থানীয় কোনো দল পাইনি। এ ছাড়া আমাদের ব্যাংকক যাওয়া কথা ছিল তিন-চার দিন আগে। ভিসা-জটিলতায় সেটাও হয়নি।  আপনি ছিলেন একজন সেরা মিডফিল্ডার। হকির সোনালি সময়ে খেলেছেন। কিন্তু হকির এই দুঃসময় দেখে কেমন লাগে? মাহবুব: খারাপ লাগে। তবে নতুন অ্যাডহক কমিটি হকিকে জাগিয়ে তোলার চেষ্টা করছে।  নতুন কমিটির সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর সঙ্গে খেলেছেন। এই কমিটি কতটা ভালো করতে পারবে বলে মনে করেন?মাহবুব: দায়িত্ব নেওয়ার পর থেকেই এই কমিটি বেশ কয়েকটি টুর্নামেন্ট করেছে। এবার লিগ কমিটির একটা মাত্র সভায়ই দলবদলের তারিখ চূড়ান্ত হয়ে গেছে। এটা আমাদের হকির ইতিহাসে বিরল। এসব দেখে আমি আশাবাদী। বর্তমান নেতৃত্ব পারবে।  নিয়মিত লিগ হয় না। ক্লাবগুলো একে অন্যেকে দোষ দেয়। আসলেই এতে ক্লাবের দায় কতটুকু?মাহবুব: ক্লাব কর্মকর্তাই কিন্তু হকি ফেডারেশনের কর্মকর্তা। এ সমস্যার সমাধানের জন্য সব পক্ষকেই এগিয়ে আসতে হবে। ফেডারেশন তো চাইবেই প্রতিবছর লিগ হোক। কিন্তু ক্লাব না চাইলে ফেডারেশনের একটু সমস্যা হয়ে যায়। আপনি নিজে কতটা যুক্ত হতে পারেন? কোনো পরামর্শ দেন কমিটিকে?মাহবুব: অবশ্যই পরামর্শ দিই। রহমত ভাই জাতীয় দলের ব্যাপারে আমার সঙ্গে সব আলোচনা করেন। আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করেন। আরও একটা ব্যাপার, আমিও তাঁর সঙ্গে যেহেতু খেলেছি তাই সবকিছু শেয়ার করি। জিমি, চন্দন, চয়নদের মতো খেলোয়াড় চলে গেলে নতুন কোনো খেলোয়াড় কি উঠে আসবে? মাহবুব: অবশ্যই উঠে আসবে। চয়নের কথাই ধরুন। ওর বিকল্প এসেছে খোরশেদুর রহমান। জিমির জায়গায় নিলয় খুব ভালো। মাঝমাঠে একটা ছেলে খেলে, বিকেএসপির সারোয়ার। ওর উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে পাইনি। সেও খুব ভালো। হকিতে দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা আছে?মাহবুব: আছে কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। এই যেমন জুনিয়র এশিয়ান হকিতে দল পাঠাতে পারল না ফেডারেশন। মালয়েশিয়ায় টুর্নামেন্ট হবে ৩-১৩ মে। আমি যত দূর জানি, পৃষ্ঠপোষকতার অভাবে এটা হয়নি। দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দিতে হবে। একজন কোচের অধীনে কমপক্ষে দুই বছর দলকে খেলাতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া কেনো দেশেই উন্নতি সম্ভব নয়। বিদেশি কোচের প্রয়োজনীয়তা দেখছেন?মাহবুব: অবশ্যই বিদেশি কোচের দরকার আছে। শুধু বিদেশি কোচ থাকলেই হবে না। তাঁর অধীনে ভালো দেশি কোচও থাকতে হবে। মালয়েশিয়ায় দেখেছি, স্থানীয় ছাড়া কোনো প্রধান কোচ ওরা নেয় না। অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-২১ ও অনূর্ধ্ব-২৩ দলের সব কোচ বিদেশি। কিন্তু প্রধান কোচ দেশি।