‘চ্যাম্পিয়ন হতেই এবার এত কিছু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফল্যবুভুক্ষু শেখ রাসেল এবার বড় বাজেটের দল গড়ছে ঘরোয়া ফুটবলে। অনেকের মতে স্থানীয় খেলোয়াড় নিয়ে শেখ রাসেলই এবার সবচেয়ে শক্তিশালী দল হবে। দলটির গতবারের অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য এবারও থেকে যাচ্ছেন। শেখ রাসেলের লক্ষ্য, নতুন দল, ফুটবলারদের চড়া বাজারমূল্য...প্রভৃতি প্রসঙ্গে কথা বললেন এই গোলরক্ষক আপনার দল তো মনে হচ্ছে এবার শিরোপা জিতেই ছাড়বে। হঠাৎ এভাবে জেগে ওঠার কারণ কী মনে করেন?বিপ্লব ভট্টাচার্য: কারণ একটাই, চ্যাম্পিয়ন হতেই হবে। শেখ রাসেল বরাবরই শক্তিশালী দল গড়ে। কিন্তু যেকোনো কারণেই হোক সাফল্যটা আসে না। তাই এবার বাড়তি শ্রম দেওয়া হচ্ছে। অন্যবার টাকা খরচ করা হতো পরের দিকে, এবার অনেক আগেই কর্মকর্তারা মাঠে নেমে এমিলি-মিঠুন, মামুনুল, রেজাউল, জাহিদ, নাসির, মামুন মিয়াদের নিশ্চিত করেছে বলে শুনেছি। শেখ রাসেল অনেক টাকা খরচ করে ঠিকই। কিন্তু একটা পর্যায়ে খেই হারিয়ে ফেলে। গতবারের অধিনায়ক হিসেবে কী সমস্যা দেখছেন দলের ভেতরে?বিপ্লব: সমস্যা কিছু নয়। এমন হতেই পারে। তবে এটাও ঠিক, গতবার আমাদের দলে কিছু কিছু পজিশনে তেমন ভালো খেলোয়াড় ছিল না। তা ছাড়া গত লিগে বিদেশিরাও ভালো সার্ভিস দিতে পারেনি। সব মিলিয়েই আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। চ্যাম্পিয়ন হতেই এবার এত কিছু করা হচ্ছে। স্থানীয়ভাবে ভালো খেলোয়াড় নিলেও চ্যাম্পিয়ন হওয়ার কোনো নিশ্চয়তা আছে?বিপ্লব: তা নেই। মাঠে পারফর্ম করতে হবে। পাশাপাশি সাফল্য-রেসিপি বিদেশির ওপরও অনেকটা নির্ভর করে। আমি যত দূর জানি, ক্লাব ম্যানেজমেন্ট ভালো বিদেশি আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্ভবত তারা ৩০ আগস্ট আসবে।  কেমন মানের এবং কোন দেশের বিদেশি আনা হচ্ছে?বিপ্লব: শুনেছি, ব্রাজিল-আর্জেন্টিনা থেকে আপাতত কয়েকজন আসছেন। তাদের অনুশীলনে দেখা হবে। এটা বলতে পারি, ক্লাব ম্যানেজমেন্ট বিদেশি খেলোয়াড় সংগ্রহে খুব সতর্ক আছে।  কিন্তু বিদেশি ফুটবলার এনে দেশের ফুটবলের ক্ষতি করা হচ্ছে, এমন অভিযোগ আপনারা ফুটবলাররাই করেন। তাহলে বিদেশিদের ওপর এত নির্ভরতা কেন?বিপ্লব: আমাদের দেশের সমস্যা হলো, নিম্নমানের বিদেশি আসে। উন্নতমানের বিদেশি এলে আমরা তাদের কাছ থেকে শিখতে পারতাম। এই জায়গায় আপত্তি। তবে সংখ্যাও একটা ব্যাপার। তবে আশা করি, আরও একটু মানসম্মত বিদেশি আনবে সবাই। বিদেশি বাড়ানোর পক্ষে যুক্তি দিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, স্থানীয়দের প্রতারণা করে টাকা নিতে দেবেন না তিনি। তার মানে স্থানীয় ফুটবলারা চিট করে টাকা নেন!বিপ্লব: আমি জানি না, সালাউদ্দিন ভাই কীভাবে এই কথাটা বললেন! কেউ কী ইচ্ছে করে খারাপ খেলে? নিজের কথা বলতে পারি, মাঠে সেরাটাই দিয়েছি সব সময়। পারফরম্যান্স ওঠা-নামা করতেই পারে। ফুটবলারদের তো এবার বাজার বেশ চওড়া। মাঠে কী এর প্রভাব পড়বে? ক্লাবের জরাজীর্ণ অবকাঠামোও তো বদলাচ্ছে না...বিপ্লব: অবকাঠামো আস্তে আস্তে বদলাবে আশা করি। যেমন আমাদের থাকার ভালো ব্যবস্থা করা হয়েছে গতবার, এবারও সেটাই আছে। পাশেই বুয়েট মাঠে অনুশীলন। তবে নিজস্ব মাঠ দরকার। আশা করি, একদিন সেই মাঠও হবে। আর খেলোয়াড়েরা আগের চেয়েও বেশি টাকা পাচ্ছে, এটা ফুটবলের জন্য সুসংবাদ। আমিও চাইব, ফুটবলাররা আরও ভালো খেলুক মাঠে। এই যে পাতানো খেলার শাস্তি দেওয়া নিয়ে বাফুফে অনেক টালবাহানা করছে, ফুটবলার হিসেবে এসব দেখে আপনার কেমন লাগে? বিপ্লব: কেউ যদি পাতানো ম্যাচ খেলে এবং সেটা প্রমাণিত হয় তাহলে অবশ্যই শাস্তি হওয়া উচিত।