আটবারের চ্যাম্পিয়নকে টপকে ৮০ কেজি ওজন শ্রেণীতে মিস্টার বাংলাদেশ হয়েছেন মাসলটেক বিডি জিমের নূরে আলম। গত শনিবার শেষ হওয়া ওয়ালটন ২৫তম সিনিয়র শরীরগঠন প্রতিযোগিতা শেষে বললেন নিজের স্বপ্ন ও ইচ্ছার কথা... আপনি এখন মিস্টার বাংলাদেশ!নূরে আলম: এটা ভাবতে খুবই ভালো লাগছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। এর আগে দুবার অংশ নিলেও এবারই প্রথম হলাম। আমার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে যার সঙ্গে সে (উইলিয়াম রিকি ব্লাজো) খুব ভালো, টানা আটবারের চ্যাম্পিয়ন। এশীয় শরীরগঠনে সাতবার অংশ নিয়েছে। ভেবেছিলাম, পারব না। কিন্তু উনি খারাপ করেছেন, আমারও অনেক উন্নতি হয়েছে। শরীরগঠন প্রতিযোগিতায় নামতে আগ্রহী হলেন কীভাবে?আলম: প্রচলিত অর্থে এটি খেলা নয়। কিন্তু শরীর বানানো একরকম নেশা। এখানে আসার গল্পটাও মজার। আমি তখন ক্লাস টেনে পড়ি। এক দিন টিভিতে হলিউডের নায়ক আরনল্ড শোয়ার্জেনেগারের একটা সিনেমা দেখছিলাম। সিনেমায় তিনি বডিবিল্ডিং করেন। ওটা দেখে আমারও বডিবিল্ডিং করতে ইচ্ছে হলো। এরপরই আমি শরীরগঠনের প্রস্তুতি নিতে থাকি। শুরুটা নিজের বাড়িতেই, না কোনো জিমে?আলম: প্রথমে বাসাতেই শুরু করি। তারপর বাসার পাশের একটা জিমে ভর্তি হই। এভাবেই ধীরে ধীরে তৈরি করতে থাকি নিজেকে। আমি যখন জিম করি, তখন এক বন্ধুর মাধ্যমে জানতে পারি এটার প্রতিযোগিতাও আছে। তারপরই আমি অংশ নিই। অন্য কোনো খেলাধুলা করেন?আলম: না, না। আর কোনো খেলাধুলায় আমি নেই। লেখাপড়া?আলম: আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় অতীশ দীপঙ্কর থেকে বিবিএ শেষ করেছি। শরীরগঠন তো অন্যসব খেলাধুলার মতো নয়, এটাকে কীভাবে দেখেন?আলম: আমাদের দেশে এটার ততটা কদর নেই। কিন্তু পাশের দেশ ভারতেই বডিবিল্ডিংয়ের জন্য প্রচুর জিম আছে। আমাদের দেশের মানুষ যেন এখন একটু সাড়া দিচ্ছে এতে। এবার বাছাইয়ে অনেক ছেলে অংশ নিয়েছে। বেশির ভাগই বিশ্ববিদ্যালয় আর কলেজপড়ুয়া। এটা ভালো দিক। আমাদের যুবসমাজ যখন নেশার জগতে ঢুকে যাচ্ছে, নীতি-নৈতিকতা হারাচ্ছে, তখন এটা ইতিবাচক যে কেউ কেউ শরীর বানানোর নেশায় ব্যস্ত থাকছে। শরীর গঠন করতে হলে বিশেষ খাবারদাবার প্রয়োজন নিশ্চয়ই? কুস্তি বা ভারোত্তোলনের সঙ্গে এটির কেমন মিল?আলম: কুস্তির সঙ্গে এটাকে মেলানো যাবে না। কুস্তির চেয়েও শরীরের অনেক বেশি যত্ন নিতে হয়। আপনি যদি সলিড পেশি বানাতে চান তাহলে আপনাকে পুরোপুরি ভাত খাওয়া বন্ধ করে দিতে হবে। যেমন আমি এই কম্পিটিশনের এক মাস আগে থেকে ভাত খাওয়া বন্ধ করে দিয়েছি। শুধু প্রোটিন জাতীয় খাবার খেয়েছি। চিকেন, স্যুপ, কলা, ডিম, রুটি ইত্যাদি। এর বাইরে অবশ্যই আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। প্রতিযোগিতার নিয়মকানুন কেমন?আলম: আমার বিভাগে আমরা মোট ১২ জন অংশ নিয়েছি। জাজদের (বিচারক) সামনে সবাইকেই পোজ দিতে হয়। জাজদের বিচারে যার পোজ সবচেয়ে ভালো হয়, যার পেশিগুলো ভালো দেখা যায় সেই সেরা হয়। আর্থিক পুরস্কার আছে?আলম: আছে, তবে কম। আমরা চ্যাম্পিয়নরা পেয়েছি পাঁচ হাজার করে টাকা, সঙ্গে সার্টিফিকেট। এটা ধরে রাখবেন নাকি চাকরি-টাকরিতে ঢুকলে বাদ দিয়ে দেবেন...আলম: শখেই করি। প্রতিযোগিতায় আসাটাও শখ। বডিবিল্ডিংটা করছি, আবার প্রতিযোগিতায় এসেও দেখি কে সেরা। নিজেকে যাচাই করি। চ্যাম্পিয়ন হলে খুব ভালো লাগে। আমি নিয়মিতই অংশ নেব। এশিয়ান গেমসে খেলতে চাই। চাই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম হোক। আপনার আদর্শ কেউ আছে? আলম: আমার আদর্শ যুক্তরাষ্ট্রের বডিবিল্ডার জে কাটলার। উনি চারবারের মিস্টার অলিম্পিয়া।