‘চ্যালেঞ্জ দিলাম...নইলে খেলা ছাড়ব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝাঁকের কই হয়ে এবার ঘরোয়া ফুটবলে জাতীয় দলের প্রায় সব ফুটবলারই ভিড়েছেন নবাগত শেখ জামাল ধানমন্ডিতে। কিন্তু দলটিতে এখন নিয়মিত চার বিদেশি খেলায় এঁদের অন্তত আটজনের ঠিকানা সাইড বেঞ্চ। দেশের সেরা রাইট উইঙ্গার জাহিদ হোসেন সেটি মানতে পারছেন না কিছুতেই কয়েক ম্যাচ ধরেই আপনাকে সাইড বেঞ্চে দেখা যাচ্ছে। তাহলে কি আপনার জায়গায় বিদেশি ফুটবলারটিই ভালো খেলছেন?জাহিদ হোসেন: অবশ্যই না। আমার জায়গায় খেলা ক্যামেরুনের খেলোয়াড়টি আমার চেয়ে কোনোভাবেই এগিয়ে নেই। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারব। কোচ যেহেতু বিদেশিকেই একাদশে রাখছেন, তাহলে তো ধরে নিতে হবে আপনার চেয়ে তিনিই এগিয়ে...জাহিদ: কোচ কেন বিদেশি খেলাচ্ছেন আমার জায়গায়, এটা কোচের ব্যাপার। আমি মনে করি, ওর চেয়ে ভালো ফুটবল খেলার সামর্থ্য আমার আছে। কিন্তু আমি সাইড বেঞ্চে। মন থেকে এটা মানতে পারছি না। খুব খারাপ লাগছে। কারণটাও বুঝছি না। প্র্যাকটিসে কিন্তু ভালো করছি। কিন্তু আপনারা স্থানীয়রা পারছেন না বলেই তো এমন বিদেশির দিকে ঝুঁকল শেখ জামাল?জাহিদ: এটা ঠিক, আমরা কিছু ম্যাচে প্রত্যাশিত ফল পাইনি। সবারই কমবেশি খারাপ সময় আসে। কিন্তু একটা সময় তো সবাই ভালো পারফর্ম করতে পারে। নিজের কথা বলি, ব্রাদার্সের সঙ্গে এক গোলে পিছিয়ে থাকা অবস্থায় আমি দুই গোল করে দলকে জিতিয়েছি। মিয়ানমারেও দারুণ খেলেছি। এমিলিও খুব ভালো খেলেছে। এখন সে-ও বেঞ্চে। এমিলির কথা বললেন। বাংলাদেশ লিগের প্রথম পর্বে তাঁর গোল মাত্র তিনটি। এনামুলের একটি। এই অবস্থায় দল বিদেশির ওপর নির্ভর না করে আর কী করতে পারে?জাহিদ: আমি নিজের কথা বলি। এক লাখ লোকের সামনে ম্যাচ আয়োজন হোক। আমার জায়গায় খেলা বিদেশির চেয়ে আমি ভালো না খেললে খেলাই ছেড়ে দেব। এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। বাংলাদেশে আমি আমার পজিশনে সেরা। এটাও আমার চ্যালেঞ্জ। এনামুল, ওয়ালি, এমিলি, কমল, সবুজ, রেজাউল, মিন্টু শেখ...আপনাদের এই সাইড বেঞ্চ নিয়েই একটা সেরা দল হয়ে যায়। কিন্তু খেলতে না পারলে আপনাদের পারফরম্যান্সে তো সেটির ছাপ পড়বেই...জাহিদ: এটাই তো ভয়। আমরা বেঞ্চের সবাই খেলার জন্য উদগ্রীব। এমিলির মতো প্লেয়ার বেঞ্চে, বুঝতেই পারছেন অবস্থা কত প্রতিকূল আমাদের জন্য। এমিলি দেশের জন্য কম করেছে বলুন? কিন্তু সে খেলার সুযোগ কেন পাবে না? এটা ভাবলে হতাশ হই। তবে অন্যদের কথা কী ভাবব, আমি নিজেরটা ভেবেই তো কূলকিনারা পাচ্ছি না। তাহলে সবাই ঝাঁকের কই হয়ে শেখ জামালে নাম লেখানো ভুল হয়েছে মনে করেন?জাহিদ: এভাবে সবাই এক দলে না এলেই হয়তো ভালো ছিল। কিন্তু দেখুন, আমাদের তো টাকার ব্যাপারটাও ভাবতে হবে। শেখ জামাল থেকে ভালো অফার পেয়ে এসেছি। অন্য দল থেকে তো তখন এই অফারটা ছিল না। ওই সময় শেখ জামালের অফারে সাড়া না দিয়ে কী করার ছিল! এই যে মাঠের বাইরে আপনি বা আপনারা—আপনার পরিবার বা কাছের লোকজন কী বলেন?জাহিদ: সবাই তো বোঝে না পুরো ব্যাপারটা। কিন্তু জিজ্ঞাসা করে, কী রে খেলস না কেন? তাদের ধারণা, হয়তো ইনজুরিতে আছি। আমি বলি, খেলব। একটু সমস্যা যাচ্ছে। আসল কথাটা বলতে তো লজ্জাও লাগে।