হঠাৎ করেই দায়িত্ব পেয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। কিন্তু প্রথম ম্যাচেই রহমতগঞ্জের মতো ক্লাবের কাছে হার মানতে হলো জাতীয় দলের সাবেক কোচ মোহাম্মদ আবু ইউসুফকে। কাল এই হারের পর বললেন শেখ জামালের কোচ ছাঁটাই এবং অন্যান্য প্রসঙ্গে... শেখ জামালের কোচ হিসেবে অভিষেকটা ভালো হলো না।আবু ইউসুফ: হ্যাঁ। আমি হতাশ। তবে এমন বাজে অবস্থায় আগেও অনেক পড়েছি। ফুটবল ক্যারিয়ারে এর চেয়েও অনেক চাপ নিয়ে খেলেছি। এসব নিয়ে আপাতত ভাবছি না। এখন সামনের দিকে তাকাতে চাই। মৌসুমের শুরুতে নেপালের পোখরা কাপ জয়, এরপর ফেডারেশন কাপ জিতেও চাকরি হারালেন সাইফুল বারী (টিটু)। এমন পরিস্থিতিতে দায়িত্ব নিলেন। খেলায় কি এর প্রভাব পড়েছে?আবু ইউসুফ: হতে পারে। তবে ছেলেরাও ভালো খেলতে পারছে না। ফুটবল পুরোটাই টিমওয়ার্ক। এখানে সবার একসঙ্গে কাজ করতে হবে। বাজে পারফরম্যান্সে কাউকে এককভাবে দায়ী করা ঠিক নয়। কিন্তু আমাদের এখানে আঙুলটা একজনের দিকেই তোলা হয়। মোহামেডান, মুক্তিযোদ্ধায় কোচ হিসেবে ছিলেন। এবার শেখ জামালে এলেন। চ্যালেঞ্জটা কীভাবে নিচ্ছেন?আবু ইউসুফ: ওই আগের কথাই বলব। চ্যালেঞ্জ নিতে ভয় পাই না। তবে মাত্র দুই দিন হলো এই দল নিয়ে কাজ করছি। ওদের ভালো করে জানতে হবে আমাকে। ওরা আমার কাছে কতটা চায়, সেটাও দেখতে হবে। আর আমিও ওদের বুঝব। এ জন্য একটু সময় লাগবে। আরেকটা কথা, সবাই ম্যাচিউরড খেলোয়াড়। আশা করি বাজে সময়টা কাটিয়ে উঠব। একজন কোচ হিসেবে সাইফুলের দায়িত্ব হারানোটা কীভাবে দেখেন?আবু ইউসুফ: বিষয়টা কারোরই ভালো লাগার কথা নয়। ও একজন ভালো কোচ। মানুষ হিসেবেও অনেক ভালো। এবং আমার সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক। সে আমাকে যথেষ্ট শ্রদ্ধা করে। এখানে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবেন?আবু ইউসুফ: এটা বুঝতে হবে যে আমাদের দেশের ক্লাব সংস্কৃতিই এমন। আমাদের দেশের ফুটবলে ওই রকম অবস্থান এখনো তৈরি হয়নি। দলটাকে কেমন অবস্থায় পেয়েছেন?আবু ইউসুফ: এলোমেলো দলই পেয়েছি। আজ (কাল) তো তার ফলও দেখলেন। লিগে এর আগে এক ম্যাচও খেলানো হয়নি এভারটনকে। কিন্তু এ ম্যাচে তিনি প্রথম একাদশেই খেললেন...আবু ইউসুফ: এভারটন এখন দলের সবচেয়ে ফিট খেলোয়াড়। শারীরিক ফিটনেস যদি বলেন, ও খুবই ভালো অবস্থায়। ও ভালো খেলতে পারেনি, এ জন্য প্রতিপক্ষকেও কৃতিত্ব দিতে হবে। প্রতিপক্ষ ওকে খেলতে দেয়নি। গত কয়েকটি ম্যাচের কোনো ভিডিও ফুটেজ দেখেছেন?আবু ইউসুফ: না। দেখার কোনো সুযোগ পাইনি। আবাহনী-মোহামেডানের স্বর্ণযুগের খেলোয়াড় আপনি। কিন্তু এখন ওই দুই দলের খেলায়ও কোনো উন্মাদনা নেই। গ্যালারি থাকে ফাঁকা। কেমন লাগে আপনার?আবু ইউসুফ: খুবই খারাপ লাগে। কিন্তু কী করবেন বলুন? দেশের খেলার মানের জন্যই এমনটা হচ্ছে। খেলা ভালো হলে দর্শক এমনিতেই আসবে। খেলায় যদি ওই রকম উত্তেজনা থাকে, ফুটবলাররা যদি দর্শককে আকৃষ্ট করার মতো খেলা উপহার দেয়, তাহলে অবশ্যই দর্শক আসবে। মাঠে দর্শক আনার ব্যাপারে ক্লাবগুলোর কী করণীয়?আবু ইউসুফ: শুধু চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব—এটা মাথায় না রেখে খেলার মানের উন্নতির দিকটি ভাবতে হবে। আমাদের ক্লাব সংস্কৃতি তো খুব ভালো না। তবে ক্লাবগুলোকে দর্শক ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।