‘ছবি-পাঠ’-এ শেকড়ের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী ওয়াকিলুর রহমান নিজের কাজকে বৃত্তাবদ্ধ করেননি। অনুষঙ্গের ভাব, বর্ণের গতি ও রেখার দীপ্তিকে চারপাশে ছড়িয়ে দিয়েছেন। তাঁর ক্যানভাসে যে শুভ্র-আভার খেলা রয়েছে, মানুষের প্রাত্যহিক যাপনে তা ধরা দেয়। দীর্ঘদিন থেকে তিনি অক্ষর, বর্ণবিন্যাস, ভাষার সঙ্গে চিত্র ও চিত্রপটের সম্পর্ক নানা দিক থেকে বিশ্লেষণ করে শিল্পকর্ম সৃষ্টি করছেন। সেই দীর্ঘ পরিক্রমায় সৃষ্টিকাজ নিয়ে গতকাল রোববার বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হয়েছে একক প্রদর্শনী—‘ছবি-পাঠ’।গুলশানে সদ্য প্রতিষ্ঠিত বেঙ্গল আর্ট লাউঞ্জে ওয়াকিলুর রহমানের এ প্রদর্শনী উদ্বোধন করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী ওয়াকিলুর রহমান, বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের, আর্ট লাউঞ্জের সহকারী ব্যবস্থাপক ক্যাটরিনা ডন বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।‘ছবি-পাঠ’ প্রদর্শনীতে শিল্পকর্মের সংখ্যা ৫৬টি। অধিকাংশ কাজ চীনা কাগজে জলরঙে করা, সঙ্গে রয়েছে কিছু ছাপচিত্র। প্রদর্শনী ২৯ জানুয়ারি প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।অনুষ্ঠানে শিল্পীর কাজের প্রশংসা করে মতিউর রহমান বলেন, ‘কাজগুলো শব্দ, শব্দের ইমেজ এবং অক্ষর নিয়ে। হাসি, কান্না, ভালোবাসার প্রতি শব্দ বা অক্ষর এবং সংখ্যার ঐতিহাসিক যোগাযোগ রয়েছে। ওয়াকিলের কাজের গভীরতা আমাদের আনন্দিত করে, অনুপ্রাণিত করে দেশকে ভালোবাসতে।’আবুল খায়ের বলেন, ‘ওয়াকিলুর রহমানের সৃজনভূমি শিল্পগুণসম্পন্ন, নিরীক্ষাধর্মী। অক্ষরবিন্যাস ও শব্দাবলি নিয়ে এসব শিল্পকর্ম তাঁকে শেকড়-সন্ধানী ও ঐতিহ্যের প্রতি লগ্ন করে তুলেছে।’ওয়াকিলুর রহমানের জন্ম ১৯৬১ সালে রংপুরে। তিনি ১৯৮১ সালে ঢাকা চারু ও কারুকলা কলেজ থেকে স্নাতক এবং ১৯৮৬ সালে বেইজিং কেন্দ্রীয় একাডেমি থেকে এমএফএ ডিগ্রি নেন। ১৯৮৮ সালে বার্লিনে যান। কিন্তু পাশ্চাত্যের কোনো বিশেষ শিল্পরীতিতে আবদ্ধ থাকেননি। এ পর্যন্ত তাঁর ৪০টির বেশি একক প্রদর্শনী হয়েছে। দেশে ও বিদেশে বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। তিনি ১৯৮৯ সালে টরন্টোতে অনুষ্ঠিত বার্ষিক আন্তর্জাতিক মিনিয়েচার আর্ট প্রদর্শনীতে ‘সম্মানসূচক পুরস্কার’, ১৯৯৪ সালে ঢাকায় অনুষ্ঠিত দশম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে ছাপচিত্র বিভাগে ‘শ্রেষ্ঠ পুরস্কার’ লাভ করেন।