‘ছাত্রলীগ করি পরিচয় দিতেও লজ্জা লাগে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী প্রতিটি কমিটির মেয়াদ এক বছর। বয়স ২৯ বছর ও ছাত্রত্ব আছে—এমন ব্যক্তিদের দিয়ে গঠিত হবে ছাত্রলীগের কমিটি। কিন্তু বরগুনায় ছাত্রলীগের বর্তমান কমিটির বয়স সাত বছর। আর ১০১ সদস্যের জেলা কমিটির প্রায় সবাই ছাত্রত্ব হারিয়েছেন অনেক আগে। একইভাবে দুই বছর পর পর কমিটি হওয়ার কথা থাকলেও বরগুনা জেলা ছাত্রদলের বর্তমান কমিটির বয়সও প্রায় আট বছর। এই সংগঠনেরও ৭৬ সদস্যের জেলা কমিটির অধিকাংশ সদস্য অছাত্র, ব্যবসায়ী এমনকি সরকারি-বেসরকারি চাকুরে।খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা জেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়েছে ২০০৩ সালের ১ জানুয়ারি। এনায়েত করিম মুরাদ ও আবুল কালাম আজাদকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের এই কমিটি গঠন করা হয়। এর মধ্যে মুরাদ ১৯৯৭ সালে এবং আবুল কালাম আজাদ ১৯৯৮ সালে স্নাতক পাস করে ছাত্রত্ব হারান।কমিটির ১৩ জন সহসভাপতির মধ্যে একজনেরও ছাত্রত্ব নেই। এর মধ্যে তিনজন বিবাহিত। জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ আল মামুন দুই সন্তানের জনক। পাঁচজন যুগ্ম সম্পাদকের মধ্যে একমাত্র জুনাইদ জুয়েল ছাড়া বাকি কারোরই ছাত্রত্ব নেই। পাঁচজনের মধ্যে তিনজন বিবাহিত। পাঁচজন সাংগঠনিক সম্পাদকের কারোরই ছাত্রত্ব নেই। তাঁদের মধ্যে তিনজন বিবাহিত। একজন আছেন সন্তানের জনক। শুধু নেতৃত্বে আছেন এমন নেতারাই নন, পুরো জেলা কমিটির সম্পাদকমণ্ডলী ও সদস্যদের মধ্যে অধিকাংশেরই ছাত্রত্ব নেই।এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এখন ছাত্রলীগ করি সেই পরিচয় দিতেও লজ্জা লাগে। সম্মেলন হলে বিদায় নিতে পারতাম। কিন্তু বহুদিন ধরে সম্মেলন না হওয়ায় তাও পারি না।’বরগুনা শহর ও সদর উপজেলা কমিটির সম্মেলন হয়েছে ২০০২ সালে। বরগুনা সরকারি কলেজে ২০০৬ সালে সম্মেলন হলেও আজ পর্যন্ত কমিটি হয়নি। বামনায় ২০০০ সালে, বেতাগীতে ২০০৫ সালে, আতলীতে ২০০১ সালে, পাথরঘাটায় ২০০৩ সালে, কাকচিঁড়ায় ২০০১ সালে সর্বশেষ সম্মেলন হয়।ছাত্রদল: বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের অবস্থাও প্রায় অভিন্ন।জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, ২০০২ সালের ২৫ অক্টোবর রেজবুল কবির ও সফিকুজ্জামান মাহফুজকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে ৭৬ সদস্যের বরগুনা জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠিত হয়। সভাপতি রেজবুল কবির ১৯৯৭ সালে স্নাতক পাস করার পর বর্তমানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। সম্পাদক সফিকুজ্জামান স্নাতক করার পর বরিশাল বিএম কলেজে স্নাতকোত্তর শ্রেণীতে পড়ছেন বলে দাবি করেন।জেলা কমিটির সাতজন সহসভাপতির কারোরই ছাত্রত্ব নেই। এর মধ্যে কামরুজ্জামান মুনেম ও অহিদুজ্জামান বেসরকারি সংস্থায় ঢাকা ও শরীয়তপুরে চাকরি করেন। বাকিরা সবাই ব্যবসা করছেন। চারজন যুগ্ম সম্পাদকের মধ্যে গোলাম হায়দার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বাকি তিনজনই ব্যবসায়ী ও একজন বিবাহিত। সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহাগ ঢাকায় ব্যবসা করেন চার-পাঁচ বছর ধরে। সহসাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম ইউনিয়ন স্বাস্থ্য সহকারী হিসেবে সরকারি চাকরি করেন।একই অবস্থা বরগুনা শহর, সদর উপজেলা ও জেলার পাঁচটি সাংগঠনিক উপজেলা ও তিনটি পৌর কমিটির। শহর কমিটির সভাপতি খলিলুর রহমান এবং সদর উপজেলা কমিটির সভাপতি তারিকুজ্জামান টিটু বিবাহিত ও সন্তানের জনক। টিটু তিন বছর ধরে একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। সম্পাদক রাশেদুল হাসানও বিবাহিত ও ব্যবসায়ী। এ ছাড়া আমতলী, পাথরঘাটা, বেতাগী, বামনা ও তালতলী উপজেলা কমিটির সম্মেলন হয়েছে ২০০৩ সালের প্রথম দিকে। এসব কমিটির অধিকাংশ নেতার ছাত্রত্ব নেই এবং অনেকেই বিবাহিত।সর্বশেষ জানা গেছে, গত ৩০ মার্চ জেলা ছাত্রদলের ৬১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি। এই কমিটিতে শফিকুজ্জামান মাহফুজকে আহ্বায়ক এবং মুরাদুজ্জামান টিপন, মাইনুল ইসলাম ও আহসান হাবিবকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তাঁরা সবাই স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন অনেক আগেই। পরে কমিটির অন্যদের নিয়োগ দেওয়া হবে।