‘ছাত্রাবাস পুড়েনি, পুড়েছে আমাদের হৃদয়’
‘আমরা আমাদের কলেজের ছাত্রাবাসকে নিজের বাসার মতো মনে করি। কেউ তাঁর নিজের বাসা পুড়িয়ে দিতে পারে না। আমরা নিশ্চিত এমসি কলেজে অধ্যয়নরত কোনো ছাত্র ছাত্রাবাসে আগুন দিতে পারে না। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা বহিরাগত। ছাত্র নামধারী সন্ত্রাসী। শতবর্ষী এই এমসি কলেজের ছাত্রাবাস পুড়েনি, পুড়েছে আমাদের হূদয়।’ আজ শুক্রবার বিকেলে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘এমসি কলেজের সাবেক সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ’ আয়োজিত মানববন্ধনে কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকেরা একথা জানান। তাঁরা ছাত্রাবাস পোড়ানোর ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার দাবি করেন। মানববন্ধনে প্রবীণ শিক্ষাবিদ মো. আবদুল আজিজ বলেন, ‘দুটি কারণে সিলেটকে বাইরের মানুষ চিনতে পারে। একটি হচ্ছে সুরমা নদীর কিনব্রিজ আর অন্যটি হচ্ছে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাস। আমি এমসি কলেজের চার প্রজন্মের প্রতিনিধি। এখানে আমি লেখাপড়া করেছি, অধ্যাপনা করেছি, অধ্যক্ষও ছিলাম। যে ছাত্রাবাস পোড়ানো হয়েছে, সেই ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ছিলাম ১০ বছর। তাই আমাদের একটিই দাবি ছাত্রাবাসটি যেন আগের মতো করে নির্মাণ করা হয় এবং যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হয়।’মানববন্ধন চলাকালে এমসি কলেজের প্রাক্তন শিক্ষার্থী, রাজনীতিবিদ ও বর্তমান শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা একাত্ম হন। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন, এমসি কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও অধ্যক্ষ মো. আবদুল আজিজ, জেলা জাসদের সাধারণ সম্পাদক লোকমান আহমদ, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিজামউদ্দিন লস্কর, নারী জোটের সভানেত্রী শামীমা আক্তার, সংস্কৃতি কর্মী শামসুল বাসিত, এমসি কলেজের প্রাক্তন ছাত্র রাজনীতিবিদ হাবিবুর রহমান, সাংবাদিক মুহাম্মদ তাজ উদ্দিন, সাংস্কৃতিক কর্মী মিশফাক আহমদ চৌধুরী, এমসি কলেজের প্রাক্তন শিক্ষার্থী শমশের রাসেল, ওয়াসিমুজ্জামান, কামরুল, দেলোয়ার জাহান চৌধুরী, আখলাকুল আম্বিয়া, সাবের হোসেন চৌধুরী, সাদিয়া নওশিন তাসনিম প্রমুখ।সিলেটের এমসি কলেজে গত রোববার রাতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের জের ধরে ছাত্রলীগ ছাত্রাবাসে আগুন ধরিয়ে দেয়। আগুনে ছাত্রাবাসের তিনটি ব্লকের ৪২টি কক্ষ পুড়ে যায়। এ ঘটনার পাঁচ দিন পরও জড়িত কাউকে গ্রেপ্তার না করায় আজ বিকেলে মানববন্ধন করেন প্রাক্তন সাধারণ শিক্ষার্থীরা।