‘ছাদঢাকা বেসবল স্টেডিয়ামে খেলেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডায় বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের ম্যাচ খেলে কাল সকালেই ফিরেছেন দেশে। নিজের পারফরম্যান্স মিশ্র হলেও দারুণ কিছু অভিজ্ঞতা হয়েছে। শেষটায় যদিও একটু খারাপ লাগা আছে, জানালেন অলরাউন্ডার নাসির হোসেন কেমন হলো অভিজ্ঞতা?নাসির হোসেন: অন্য রকম এক অভিজ্ঞতা। আগে কখনো এমন কিছু হয়নি, আর হবে কি না কে জানে। আমাদের ম্যাচটি হয়েছে আসলে একটি বেসবল স্টেডিয়ামে (টরন্টো স্কাইডোম, রজার্স সেন্টার)। পুরো স্টেডিয়ামের ছাদঢাকা! আর উইকেট ছিল অদ্ভুত, হকি টার্ফের মতো কিছু একটা! স্টাম্প গাঁথতে হয়েছে স্টাম্প হোল্ডারে। ম্যাচটা কেমন হলো?নাসির: বর্ণনা শুনেই তো বুঝতে পারছেন, অনেক মজার ম্যাচ ছিল। আমার তো মাঠ-উইকেট দেখে দারুণ মজা লেগেছে। এটাও একটা অভিজ্ঞতা! ম্যাচটাও ভালো জমেছিল। আমরা যে কীভাবে জিতে গেলাম, জানি না। ওদের দল অনেক শক্তিশালী ছিল। আমাদের দলে তো সবই কানাডার ক্রিকেটার! বলার মতো ছিলাম শুধু আমি, জয়াসুরিয়া, সাকলাইন, সুনীল জোসি। জয়াসুরিয়া ভালো করল (২৪ বলে ৪১), সবাই একটু-আধটু করে জিতে গেলাম! আপনার নিজের ব্যাটিংটা মোটামুটি হলেও বোলিংটা ভালো হয়নি...নাসির: আসলে বেসবল স্টেডিয়াম তো, একপাশে খুব ছোট। আমাকে ‘পাওয়ার প্লে’র মধ্যে এনেছিল। একটা ছয় বাজে বলে খেয়েছি, বাকি বলগুলো এমন খারাপ কিছু ছিল না (১ ওভারে ২২)। টি-টোয়েন্টি তো, হয়ে যায়। ব্যাটিংটা খারাপ হয়নি (২০ বলে ২১)। তবে এমন একটা ম্যাচ খেলার অভিজ্ঞতাটাই আসল।  যাওয়ার আগে তো ভিসা নিয়ে অনেক ঝামেলা হলো। যে জন্য যেতে এত আগ্রহ ছিল, সেটা কি পূরণ হয়েছে?নাসির: আসলে এ ধরনের একটি ম্যাচে খেলা দারুণ অভিজ্ঞতা। নানান দেশের নানা ক্রিকেটার, অনেক কিছু জানা যায়, বোঝা যায়। এ জন্যই এত আগ্রহ ছিল। সেটা অবশ্যই পূরণ হয়েছে। দুই দলের ড্রেসিংরুম ছিল একটাই। সবাই মিলে ভালোই আড্ডা হয়েছে। অনেক কথা হয়েছে। সব মিলিয়ে ভালো লেগেছে। জয়াসুরিয়ার সঙ্গে তো বিপিএলেও খুলনা দলে খেলেছেন...নাসির: ও দেখেই চিনতে পেরেছে। খোঁজখবর নিয়েছে। সাকলাইন, জোসি, বাউচার—সবার সঙ্গেই টুকটাক কথা হয়েছে। জয়াসুরিয়া বিপিএলের টাকার খোঁজখবর নিল। ব্যাপারটা আমার জন্য একটু বিব্রতকরই ছিল, ওরা দেখলাম নিজেদের মধ্যে বিপিএলের টাকা ঠিকমতো না পাওয়া নিয়ে আলোচনা করছে। দেশের ভাবমূর্তির ব্যাপার, খারাপ লেগেছে। মাঠে তো শোনা গেছে অনেক দর্শক হয়েছিল?নাসির: বেসবল মাঠের তুলনায় বেশি না, কিন্তু এই ম্যাচে ১০-১২ হাজার দর্শক ছিল, এটাও তো কম নয়! সবচেয়ে ভালো অভিজ্ঞতা দর্শকদের নিয়েই। কানাডায় যে আমার আর বাংলাদেশ ক্রিকেটের এত সমর্থক আছে, ভাবতে পারিনি! যখন মাঠে নামলাম, হাজারো বাংলাদেশি আমার নাম ধরে চিৎকার করেছে। অন্যরা সবাই তো অবাক, বলে, ‘তুমি এত জনপ্রিয়!’ খুব ভালো লেগেছে আমার, অবিশ্বাস্য অনুভূতি! পুরো সময়টা দর্শক আমার আর বাংলাদেশের নাম ধরে চেঁচামেচি করে গেছে।  লারার সঙ্গে কথা হয়নি?নাসির: লারার জন্যই আমি বেশি রোমাঞ্চিত ছিলাম। কিন্তু ও দেরিতে এসেছিল বলে খেলতে পারেনি। তবে ড্রেসিংরুমে আমার পাশেই এসে বসেছিল। পরিচিত হলাম, বাংলাদেশের ক্রিকেটের খোঁজখবর নিল। এশিয়া কাপে ভালো খেলায় সবাই প্রশংসা করেছে আমাদের। সবাই বলেছে বাংলাদেশ দারুণ উন্নতি করেছে।  মাঠের বাইরে কেমন কাটল সময়?নাসির: প্রথম কানাডা গেলাম, ভালোই লেগেছে। খেলা শেষে ঘুরে বেড়িয়েছি। তবে একটা দুঃখজনক ঘটনাও ঘটেছে। আমাদের সম্মানী দেওয়া হয়নি। কাউকেই না। এ জন্য জয়াসুরিয়া, বাউচার, স্মিথ, মিলসরা মিলে স্থানীয় সংবাদমাধ্যমকে ডেকেছিল, আমিও ছিলাম। কিন্তু সম্মানী এখনো পাইনি। এটা ছাড়া সব মিলিয়ে খারাপ লাগেনি।