‘ছায়া-ছবি’তে গান গাইলেন নিশিতা
ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০০৬-এর দ্বিতীয় রানারআপ নিশিতাকে গানের জগতে খুব একটা সেভাবে দেখা যায় না। পড়াশোনা নিয়ে এখন বেশি ব্যস্ত তিনি। তবে সম্প্রতি একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তিনি।নিশিতা বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে স্নাতক শেষ বর্ষে পড়াশোনা করছেন। জানালেন, আর কয়েক দিন পরেই তাঁর ইন্টার্নি প্রস্তুতি শুরু হবে। তবে পড়াশোনার ফাঁকে সময় সুযোগ পেলে গান করে থাকেন। এবারে যেমনটি ঘটেছে। এবারে চলচ্চিত্রের গান করতে ঠিক সে সময়টাকেই কাজে লাগিয়েছেন নিশিতা। তিনি বলেন, ‘ ২০০৬-এ ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার পর মাত্র তিনটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছি। এবারেরটি নিয়ে হলো চারটি। আমাদের সব ধরনের সুযোগ-সুবিধা ঢাকাকে ঘিরেই। যেহেতু আমি চট্টগ্রামে পড়াশোনা করি, তাই নিয়মিতভাবে ঢাকায় আসা-যাওয়া সম্ভব হয় না। এখন ঢাকা-চট্টগ্রাম আসা-যাওয়া করতে ১০/১২ ঘণ্টা সময় লাগে। ইচ্ছে থাকা সত্ত্বেও তাই ঢাকায় গিয়ে গান করা সম্ভব হয় না। একটানা পড়াশোনা শেষ করেই গানে নিয়মিত হব।’নতুন চলচ্চিত্রের গানটিতে কণ্ঠ দিয়ে নিশিতা নিজেও বেশ সন্তুষ্ট। তিনি বলেন, ‘গানটি করেছি মুহাম্মদ মুস্তফা কামাল রাজের ‘ছায়া-ছবি’ চলচ্চিত্রের জন্য। এতে আমার সহশিল্পী আরফিন রুমী। গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন তিনি। গানটিতে কণ্ঠ দেওয়ার পর যখন শুনলাম তখনই নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে সেটা আমারই কণ্ঠ। আমি খুবই সন্তুষ্ট।’‘ওই আকাশ আমার চোখ, সেই চোখে দেখি তোমায় সারাক্ষণ’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।নিশিতার দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়। এগুলো হচ্ছে, ‘বন্ধু তোমায় মনে পড়ে’ ও ‘আমায় নিয়ে চল’।