‘ছায়া-ছবি’র গানের অ্যালবাম বাজারে
‘ছায়া-ছবি’ চলচ্চিত্রের গানের অ্যালবামটি বাজারে এসেছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে অ্যালবামটির মোড়ক খোলা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছায়া-ছবি চলচ্চিত্রের কয়েকটি গান থেকে খণ্ড খণ্ড কিছু দৃশ্যও উপস্থিত দর্শকদের সামনে দেখানো হয়। ছায়া-ছবি চলচ্চিত্রের অডিও অ্যালবামের মোড়ক খোলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ণিমা, আরেফিন শুভ, আরফিন রুমি, ফজলুর রহমান বাবু, পড়শী, জেনী, শায়না আমিনসহ আরও অনেকে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছবিটির পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, চ্যানেল নাইনের সিইও বিবেক তিওয়ারি, জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া, পোলারের ব্র্যান্ড ম্যানেজার মো. আবদুল্লাহ আল মামুন, ওয়ালটনের পিআর ও মিডিয়া এক্সিকিউটিভ হুমায়ূন কবির, এবিসি রেডিওর সিনিয়র এক্সিকিউটিভ রুম্মান ওয়াহিদ, আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার হাবিবুর রহমান প্রমুখ।নাইন এন্টারটেইনমেন্ট প্রযোজিত চলচ্চিত্রটির সবগুলো গানের সুর ও সংগীত করেছেন আরফিন রুমি। ছায়া-ছবির চলচ্চিত্রের নামেই অ্যালবামটির নাম করণ করা হয়েছে।অনুষ্ঠানে পূর্ণিমা বলেন, ‘অনেক দিন ধরে যে ধরনের চরিত্রের জন্য অপেক্ষা করছিলাম ছায়া-ছবিতে তেমনই একটি চরিত্র পেয়েছি। ছবিটিতে কাজের অভিজ্ঞতা আসলে অসাধারণ। ছায়া-ছবি ভালো মানের একটি ছবি হবে, সবাই দেখবেন।’শুভ বলেন, ছায়া-ছবি চলচ্চিত্রে কাজ করাটা আমার জন্য একেবারেই অন্য রকম অভিজ্ঞতা। আর সহশিল্পী হিসেবে পূর্ণিমার যে সহযোগিতা পেয়েছি তা এককথায় অসাধারণ। সব শেষে ছবিটির পরিচালক রাজকে ধন্যবাদ এ ধরনের একটি চলচ্চিত্রে কাজ করতে আমাকে সুযোগ দেওয়ার জন্য।পরিচালক রাজ বলেন, ‘ছবিটি কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। তার আগেই গানগুলো প্রকাশ করা হলো। চেষ্টা করছি ভালোমানের একটি ছবি সবাইকে উপহার দেওয়ার। আশা করি সবাই ছবিটি দেখবেন।’ ছায়া-ছবি অ্যালবামে একটি যন্ত্রসংগীতসহ মোট গান রয়েছে ১৩টি। গানগুলোর কথা লিখেছেন কবির বকুল, মৌসুমী, মারজুক রাসেল, রবিউল ইসলাম জীবন, মাহমুদ মানজুর ও আরফিন রুমী।গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ভারতের শান, অভিজিত্, আকৃতি কাক্কার, জুনে ব্যানার্জি, রাঘব চ্যাটার্জি, অন্বেষা আর বাংলাদেশের আরফিন রুমী ও নিশিতা।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এবিসি রেডিওর কথাবন্ধু কিবরিয়া।