বাবার পথ ধরে ছেলেও বড় দাবাড়ু হবে? তাহসিন জিয়া সেই কৌতূহল জাগাল। কদিন আগে কলকাতার টেলিগ্রাফ দাবায় খেলেছে সাত বছরের ছোট্ট শিশু। এই সাক্ষাৎকারে ছেলেকে নিয়েই শুধু বললেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান আপনার ছেলে তাহসিন তো কলকাতার টেলিগ্রাফ স্কুল দাবায় খেলল। ছেলে কি তাহলে বাবার পথে এগোচ্ছে?জিয়া: আমার পথে এগোচ্ছে কি না জানি না। ছেলে দাবাড়ু হবে কি না, তার ব্যাপার। তবে তাহসিন দাবা খুব পছন্দ করে। সে খেলতে চাইলে আমি বাধা দেব না। ওর দাবা-মেধা কেমন? টেলিগ্রাফে কেমন করেছে?জিয়া: দাবা-মেধাটা ভালোই। বড় বড় সব দাবাড়ুর নাম জানে। টেলিগ্রাফে ওর গ্রুপে সম্ভবত ১৫তম বা এর কাছাকাছি হয়েছে। পাঁচ শর মতো দাবাড়ুর টুর্নামেন্ট টেলিগ্রাফ স্কুল প্রতিযোগিতা। ওখানে প্রতিদ্বন্দ্বিতা অনেক। দেশে তো ওর খেলা আমরা এখনো দেখলাম না। সামনে দেখব?জিয়া: দেশে আসলে ওর এখনো খেলা হয়নি। প্রথমত, দেশে কমই থাকা হয় আমার। বাইরে বাইরে খেলেই সময় কাটে। তবে দেশে টুর্নামেন্ট হলে এবং আমি দেশে থাকলে নিশ্চয়ই খেলবে। ওর তো বোধ হয় আরও আগেই দেশের বাইরে অভিষেক হয়েছে। তো সামনে আপনার পরিকল্পনা কী ছেলেকে নিয়ে?জিয়া: আমি মালয়েশিয়ায় কোচ থাকার সময় মাত্র চার বছর বয়সে কুয়ালালামপুরে টুর্নামেন্ট খেলেছে সে। গত বছর ভারতে খেলেছে। সামনে ভারতে টুর্নামেন্ট থাকলে হয়তো খেলবে। জানি না কী হবে। স্কুলে (ধানমন্ডির সেন্ট জুডস স্কুল) পরীক্ষা-টরীক্ষার ব্যাপার আছে। তবে সুযোগ এলে খেলারই পক্ষে আমি। সেও খেলতে চায়। আপনার সঙ্গে তো দেশে দেশে ঘুরছে সে। এই অভিজ্ঞতাটা কেমন?জিয়া: আমার সঙ্গে সম্প্রতি সব ট্যুরই করেছে তাহসিন, অবশ্যই ওর মাও সঙ্গে থাকে। দাবা অলিম্পিয়াড পর্যন্ত দেখে এসেছে। ভারতে খেলে আমার সঙ্গে কলম্বো গিয়েছে কদিন আগেই। দেশের বাইরে সংগঠকেরা তো ওকে এখন ভালোমতোই চেনে (হাসি)। টেলিগ্রাফে খেলার সময় তো ওকে নিয়ে কলকাতার কাগজে লেখাও ছাপা হয়েছে। টেলিগ্রাফ দাবায় আপনি নিজেও খেলেছেন। এবার খেলল আপনার ছেলে। আপনার অনুভূতি কী ছিল ছেলেকে সঙ্গে নিয়ে কলকাতায় গিয়ে?জিয়া: আমি ক্লাস নাইনে পড়ার সময় প্রথম টেলিগ্রাফ স্কুল দাবায় খেলি। তখন বয়স মাত্র ১৫। আমার ওই বয়সের চেয়েও তাহসিন ৮ বছরের ছোট। বুঝতেই পারছেন, আমার অনুভূতি ছিল অন্য রকম। খুব ভালো লেগেছে নিজের কাছে। বাসায় তাহসিন আপনার সঙ্গে বেশি খেলে, নাকি অন্য কেউ তার খেলার সাথি?জিয়া: আমার সঙ্গে খেলে, তবে সারাক্ষণই আমার সঙ্গে নয়। বাসায় আসলে যাকেই পায় তার সঙ্গেই বসে পড়ে। চাচারা আছে, ওরা ওর খেলার সঙ্গী হয়। আর বেশি খেলে তো নেটেই। ছোট শিশুরা অনেক সময় বড় কাউকে হারিয়ে চমক সৃষ্টি করে। তাহসিন কি সে রকম কোনো চমক দেখাতে পেরেছে?জিয়া: গত বছর ভারতে রেটিংধারী এক খেলোয়াড়কে হারিয়েছে। তখন রেটিং হওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু তা হয়নি, না হওয়ায় ভালোই হয়েছে। কারণ, রেটিংটা তখন খুবই কম হতো। যেটা পরে ওপরে তোলা একটু কঠিনই হতে যেত।