‘ছেলেকে ডনের কথা বলি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স পেরিয়েছে ৩৭, অথচ অবসর তো দূরের কথা, শচীন টেন্ডুলকার যেন কাটাচ্ছেন ক্যারিয়ারের সেরা সময়। প্রতিদিনই নিজেকে নিয়ে যাচ্ছেন নতুন উচ্চতায়, আবার নতুন উদ্যমে শুরু হচ্ছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। একটি ইংলিশ দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে লিটল মাস্টার কথা বলেছেন অতীত, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ক্রিকেট থেকে যা কিছু পাওয়া সম্ভব, প্রায় সব পেয়েছেন। এখন লক্ষ্য কী?শচীন টেন্ডুলকার: ব্যাটসম্যান হিসেবে কীভাবে আমি পরবর্তী পর্যায়ে যেতে পারি, আমার দৃষ্টি এখন সেদিকে। কীভাবে আমি আরও আক্রমণাত্মক, আরও ধারাবাহিক হতে পারি, কীভাবে আরও ভালো হতে পারি—ভাবনায় শুধু এসব। তার মানে এখনো অনেক স্বপ্ন দেখেন?টেন্ডুলকার: স্বপ্নহীন জীবন একঘেয়ে ও বৈচিত্র্যহীন। স্বপ্ন দেখা খুব জরুরি...এরপর স্বপ্নকে তাড়া করতে হয়। আমি সত্যিই বিশ্বাস করি, স্বপ্নই আমাকে এত পরিশ্রম করতে উৎসাহ দেয়। আমি স্বপ্ন দেখে যেতে চাই, কারণ গত বছরে ব্যাটিং নিয়ে আমি অনেক খেটেছি। গ্যারি কারস্টেনেরও একটা বড় ভূমিকা আছে এতে। তিনি আমাকে স্বাধীনতা দিয়েছেন নিজেকে ইচ্ছেমতো প্রকাশ করার। নিজের মতো করে খেলার। যতটা না কোচ, গ্যারি তার চেয়ে অনেক বেশি বন্ধু। অথচ একটা সময় অনেকেই আপনার শেষ দেখে ফেলেছিলেন!টেন্ডুলকার: ২০০৫-০৬-এর দিকে কিছুটা হতাশাজনক সময় গেছে আমার। সে সময় চোটের কারণে অনেক ভুগতে হয়েছে আমাকে—আঙুলের চোট, কনুই, এরপর পিঠের চোট। শরীরের ওপরের অংশের এই চোটগুলো আমার ব্যাক-সুইংকে বাধাগ্রস্ত করেছিল। তবে সেসব এখন অতীত, ঘণ্টার পর ঘণ্টা কঠোর অনুশীলন করে আমি দুঃসময়কে পেছনে ফেলেছি। আপনার নিজের ও দলের জন্য এই বছরটা তো দারুণ কাটছে...টেন্ডুলকার: এই বছরটাই আসলে মধুরতম বছর। ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি, আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ—সব মিলিয়ে বছরটা দারুণ যাচ্ছে। বৃহস্পতিবার থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের সিরিজ শুরু। আমি উদ্গ্রীব হয়ে আছি ডিসেম্বরের দক্ষিণ আফ্রিকা সিরিজটা নিয়েও। দক্ষিণ আফ্রিকাকে ওদের মাটিতে হারানোই এখন ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবার অ্যাশেজে আপনার ফেবারিট কে?টেন্ডুলকার: আমার মনে হয়, ইংল্যান্ডের সম্ভাবনা বেশি। অ্যাশেজে মরগান ও সোয়ান হবে ইংল্যান্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মরগান দারুণ ব্যাটসম্যান, ইনিংসের গতিপথ নিয়ন্ত্রণ করতে পারে সে। যদিও সে খুবই কম টেস্ট খেলেছে, তবে সম্ভাবনা আছে খুব ভালো টেস্ট ব্যাটসম্যান হওয়ার। মরগান ছাড়াও স্ট্রাউস, কলিংউড, পিটারসেনের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান আছে ইংল্যান্ডের। সব মিলিয়ে তারা ভারসাম্যপূর্ণ একটি দল, এবারই তাদের সুবর্ণ সুযোগ। অস্ট্রেলিয়ার ক্রিকেটের মান কি ভয়াবহভাবে পড়তির দিকে? টেন্ডুলকার: হ্যাঁ, হেইডেন, ল্যাঙ্গার, গিলক্রিস্ট, ম্যাকগ্রা, ওয়ার্নের মতো ক্রিকেটারদের হারানো মানে বিরাট একটা শূন্যতা সৃষ্টি হওয়া। ওদের এখনো কিছু বিশ্বমানের ক্রিকেটার আছে। তবে ব্যাটিংটা একটু বেশিই পন্টিংয়ের ওপর নির্ভরশীল। পন্টিংকে আউট করলেই ওদের ব্যাটিংয়ের ফাঁকটা বেরিয়ে আসে। আপনার ক্যারিয়ারে বড় ভাই অজিত টেন্ডুলকারের খুব বড় প্রভাব ছিল সব সময়ই। এখনো কি তাই আছে? টেন্ডুলকার: ব্যাটিংয়ে কোনো সমস্যা হলে আমি সব সময়ই তাঁর সঙ্গে কথা বলি। ব্যাটিংয়ের ক্ষেত্রে অজিতকেই আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি। বাড়িতে আমাদের দৃষ্টিভঙ্গিটা ছিল এ রকম—আমরা সব সময়ই সামনের ম্যাচটা নিয়ে ভাবতাম, আগের ম্যাচ নিয়ে অন্যরাই কথা বলুক। ১৪ বছর বয়সে একটি টুর্নামেন্টের সেমিফাইনালে আমি ট্রিপল সেঞ্চুরি করেছিলাম। ঠিক ওই সময়ই স্কুল টুর্নামেন্টে আমার স্কুলের খেলা ছিল। আমি অন্য ম্যাচে ব্যাটিং করছি বলে আমার স্কুল ১০ জন নিয়েই ফিল্ডিং করছিল। ট্রিপল সেঞ্চুরি করে ফিরে আমি আবার আমার স্কুলের হয়ে ব্যাটিং করে অপরাজিত ছিলাম ১৭৮ রানে। পরে টুর্নামেন্টের ফাইনালে করেছিলাম অপরাজিত ৩৪৬। সেই একই মানসিকতা আমার এখনো আছে। নিজের মতো করে সময় কাটানো তো হয়ই না। কখনো কি ভোরে মুম্বাইয়ের রাস্তায় একা একা ড্রাইভিংয়ে বের হন?টেন্ডুলকার: কখনো কখনো, কারণ একান্তে কিছুটা সময় কাটানো আমার প্রয়োজন। গান শুনতে শুনতে আমি ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতে গাড়ি চালাই অথবা ইঞ্জিনের শব্দ শুনি। সে সময় আমি ক্রিকেট নিয়ে মোটেও ভাবি না, শুধুই নিজের মাঝে থাকি। আপনাকে সবচেয়ে বেশি ঝামেলায় ফেলেছেন কোন বোলার?টেন্ডুলকার: হানসি ক্রনিয়ে। সত্যি! আর সবার চেয়ে আমি হানসির বলে বেশি আউট হয়েছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ডোনাল্ড কিংবা পোলক নয়, সব সময়ই আমি হানসির বলে আউট হয়েছি। এমন নয় যে ওর বল বুঝতে সমস্যা হতো, তবে যে শটই খেলতাম, ফিল্ডার সোজা চলে যেত। ডারবানে একবার ডোনাল্ড-পোলকের বলে অনেক মারছিলাম। হানসি বোলিংয়ে এল, প্রথম বলেই লেগ স্লিপের হাতে ক্যাচ তুলে দিলাম। বুঝতেই পারতাম না কী করা উচিত। মুখোমুখি হওয়া সেরা বোলার কি তাহলে তিনিই?টেন্ডুলকার: সেরা গ্লেন ম্যাকগ্রা। ওয়ার্ন তো বলেছিল স্বপ্নেও আপনাকে দেখেন...টেন্ডুলকার: ওর বিপক্ষে আমি ভালোই করেছি। তবে সেরা সময়ের ওয়ার্ন ছিল বিশেষ কিছু। স্যার ডন ব্র্যাডম্যানের জন্মদিনে আপনার ও ওয়ার্নের আমন্ত্রণ পাওয়াটা নিশ্চয়ই জীবনের স্মরণীয় স্মৃতিগুলোর একটি?টেন্ডুলকার: তাঁর ৯০তম জন্মদিনে আমি আর ওয়ার্ন আমন্ত্রণ পেয়েছিলাম। এটা ছিল বিশেষ একটা মুহূর্ত। তাঁর গড় নিয়ে কথা হলো। আমি জিজ্ঞাসা করেছিলাম, ‘স্যার ডন, এখন যদি খেলতেন আপনার গড়া কত হতো?’ তিনি বলেছিলেন ‘হয়তো...৭০।’ আমি বললাম, ‘কেন ৭০? ৯৯ কেন নয়?’ তাঁর উত্তর, ‘এই ৯০ বছর বয়সে ৭০ গড় কি কম নাকি!’ (হাসতে হাসতে) এই কথাটা এখন আমি আমার ছেলেকে বলি। তুমি ১১ বছর বয়সী কেউ হও আর ডন ব্র্যাডম্যান, কখনোই ভোলা উচিত নয়, এটা স্রেফ একটা খেলা, আমাদের সবারই উচিত উপভোগ করা।