‘ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট ও সন্তানের জন্মের কারণে প্রায় দুই বছর অনুপস্থিত ছিলেন। আবারও খেলায় ফিরে কাঠমান্ডু থেকে প্রথম এশীয় ভারোত্তোলনে একটি সোনা জিতে ফিরলেন মোল্লা সাবিরা সুলতানা। এই পদক জয়ে আটবারের জাতীয় চ্যাম্পিয়নের আত্মবিশ্বাসও বেড়েছে দেশের বাইরে প্রথম সোনা জয়। অনুভূতি কেমন? মোল্লা সাবিরা সুলতানা: খুবই ভালো লাগছে। অনেক দিনের স্বপ্ন ছিল দেশের বাইরে সোনা জিতব। জাতীয় সংগীত বাজার পর কেঁদেই ফেলেছিলাম। এই প্রতিযোগিতার মান আসলে কেমন ছিল?সাবিরা: এটাকে বলতে পারেন দ্বিতীয় সাফ গেমস। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে খেলা। ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তানের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সোনা জিততে হয়েছে। আমার জন্য এটা ছিল আরও বেশি চ্যালেঞ্জের। বেশি চ্যালেঞ্জ কেন বলছেন?সাবিরা: খেলার দুই দিন আগে অনুশীলনে হাত মচকে যায়। সেই ব্যথা নিয়েই খেলতে গেলাম। ব্যথানাশক ইনজেকশন দিয়ে খেলেছি। আর তা ছাড়া আমার বাবা মারা গেছেন গত মাসেই। বাবাকে হারিয়ে মনটা খুবই খারাপ ছিল। বাবার মৃত্যুর আগের দিনও তাঁর সঙ্গে আমি কথা বলেছি। আমি বলছিলাম, খেলাধুলা ছেড়ে দিব কি না। বাবা বোঝালেন, ‘কেন ছাড়বা, তোমার যত দিন ফর্ম থাকবে তত দিন খেলাটা চালিয়ে যাবা।’ কথাটা মনে করেই খেলে যাচ্ছি। বাবাকেই উৎসর্গ করেছি পদকটা।  মাঝখানে অনেক দিন খেলায় ছিলেন না...সাবিরা: হ্যাঁ। ২০১০ সালে খেলতেই পারিনি। সন্তানসম্ভবা ছিলাম। এরপর নয় মাস কোমরের ব্যথায় ভুগেছি। মাত্র সাড়ে তিন মাসের অনুশীলন করে নেপাল গেলাম। আসলে অনুশীলনের কোনো বিকল্প নেই। অনুশীলন করেছি বলেই এই সাফল্য। গত দুই বছর আমার ইভেন্টে ফাহিমা আক্তার (ময়না) চ্যাম্পিয়ন। মনের মধ্যে জিদ ছিল ময়নাকে টপকে চ্যাম্পিয়ন হব। সেই জিদেই মনোযোগ দিয়ে অনুশীলন করছি। ভারোত্তোলনে কি সেভাবে মেয়েরা আসছে? তরুণদের মধ্যে আপনি ব্যক্তিগতভাবে কতটা আগ্রহ জাগাতে পেরেছেন? সাবিরা: অনেক মেয়েই ভারোত্তোলনে আসছে। অনেকে আগ্রহ প্রকাশ করে। আগে কেউ আসতেই চাইত না। আমার দেখাদেখি অনেকেই এখন এই খেলায় আসছে। সময় কাটানো বা খেলার আনন্দের বাইরে এই খেলা থেকে প্রাপ্তি কী?সাবিরা: আপনি অ্যাথলেটিকস, শ্যুটিং, সাইক্লিংয়ের দিকে তাকান। আমাদের যেমন প্রতি মাসে ট্রায়ালের ওপর ভিত্তি করে বৃত্তি দেওয়া হয়। কিছু না-কিছু ওখান থেকে পাওয়াই যায়। যেমন এই মাসেই আমি পেয়েছি ৫ হাজার টাকা। ময়না পেয়েছে ৫ হাজার ৬০০ টাকা। কখনো কখনো ৬ হাজার টাকাও পাই। কিন্তু অন্যদের সেই সুযোগ কম। এখানে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করলে অনেক কিছুই মেলে।  গত এসএ গেমসে মেয়েরা খেলতে পারেনি। নিশ্চয়ই কষ্ট পেয়েছিলেন?সাবিরা: সত্যি কষ্ট পেয়েছিলাম। আমরা ফেডারেশনকে অনেক অনুরোধ করেছিলাম, মেয়েদের ইভেন্ট অন্তর্ভুক্ত করতে। আসলে আমাদের ছেলেদের চেয়ে মেয়েরা অনেক ব্যালান্সড দল। আমি আত্মবিশ্বাসী, আগামী সাফ গেমসে ছেলেদের চেয়ে মেয়েরা অনেক ভালো করবে। আগামী এসএ গেমস নিয়ে প্রত্যাশা কী?সাবিরা: এই সাফল্যের ধারাবাহিকতা রাখতে চাই। সোনা জিততে পারব কি না জানি না। কাঠমান্ডু থেকে ৪৮ কেজি ক্যাটাগরিতে জেতা এই সাফল্য আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিল। তবে একটা ব্যাপারে খুব দুঃখ পেয়েছি। দেশে ফেরার পর বিমানবন্দরে ফেডারেশন থেকে কেউ যায়নি। কষ্ট লাগে এই ভেবে যে শখ করেও কেউ বলে না, তোমরা ভালো করেছ, এই একটা চকলেট না-ও।