‘ছেলের শোকে অর্ধেক অইয়া গেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছেলের শোকে আমরা অর্ধেক অইয়া গেছি। কদিন আর বাঁচুম? দিবালোকে ছেলেটারে পিটাইয়া-কোপাইয়া মারল। এর যদি বিচার না অয়, তাইলে কোন ঘটনার বিচার অইব? সরকার চাইলে কেমনে আসামি পালাইয়া থাকে?’ গতকাল মঙ্গলবার বিশ্বজিতের বাবা অনন্ত কুমার দাস আক্ষেপ করে প্রথম আলোকে এসব কথা বলেন। তিনি বলেন, ‘ডিবি পুলিশ আশ্বাস দিছিল তদন্ত করে চার্জশিট (অভিযোগপত্র) দেবে। আপনারা বিচার পাবেন। ধরা পড়া আসামিরা স্বীকার গেল। কিন্তু পুলিশ এত দিনেও বাকি আসামিদের ধরতে পারল না।’অসহায় এই পিতা বলেন, ‘সরকার বিচার না করলে আমরা কিছু করতে পারমু না। কাজকর্ম ছাইড়া দিয়া এহন আমরা পাগলের মতো অইয়া গেছি। ওর মা কাইন্দা কাইন্দা দিন কাটাইতেছে।’ তিনি জানান, এখনো তাঁদের ঘরে রান্নাবান্না হয় না। ছোট ভাইয়ের ঘর থেকে রান্না করে পাঠায়।শরীয়তপুরের নড়িয়া উপজেলার মসুরা গ্রামে বাড়ির পেছনে বিশ্বজিতের একটি ভাস্কর্য বানানো হয়েছে। সে ভাস্কর্যের পাশে গিয়ে প্রায়ই পড়ে থাকেন বিশ্বজিতের মা ও বাবা। বৃদ্ধ এই মা-বাবা মৃত্যুর আগে ছেলের হত্যার বিচার দেখে যেতে চান।