‘বড় ম্যাচ!’বড় ম্যাচ? কী বলছেন সাকিব আল হাসান! প্রতিপক্ষের নাম হল্যান্ড আর এটা বড় ম্যাচ!বুঝতে হলে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্বের সাহায্য লাগবে। সবকিছুই তো আসলে আপেক্ষিক। পরিস্থিতি-প্রেক্ষাপট মিলিয়ে কখনো বড় ম্যাচও ছোট হয়ে যায়। ছোট ম্যাচ বড়।হল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটিও যেমন। এমনিতে এই বিশ্বকাপে এটিই বাংলাদেশের সবচেয়ে ছোট ম্যাচ হওয়ার কথা। কিন্তু হয়ে যাচ্ছে ‘বড়’। কেউ ‘সবচেয়ে বড়’ বললেও ভুল হবে না।দলের ওপর চাপ কমাতে জেমি সিডন্স যতই আশার বেলুনে সুঁই ফোটাতে চান, ইংল্যান্ডের বিপক্ষে জয়ে কোয়ার্টার ফাইনালের স্বপ্নটায় রং তো একটু লেগেছেই। সে কারণেই হল্যান্ড ‘বড় ম্যাচ’। যেটির ব্যাখ্যায় সাকিব আল হাসান বলছেন, ‘শেষ পর্যন্ত কী হবে না হবে, ভেবে তো লাভ নেই। আমরা আমাদের কাজটা করে রাখি।’সাকিব যেটিকে ‘আমাদের কাজ’ বলছেন, ভাগ্যদেবী প্রসন্ন হাসি হাসলে কাজের কাজও হয়ে যেতে পারে এতেই। ‘বি’ গ্রুপটা এমনই জট পাকিয়ে গেছে যে, কাগজে-কলমে হল্যান্ড ছাড়া বাকি ছয় দলই আছে কোয়ার্টার ফাইনালের দৌড়ে। তবে হাজারো সমীকরণের মধ্যে বাংলাদেশের জন্য সহজ একটা পথ আছে। যদিও এর অর্ধেকটা পেরোনোই শুধু বাংলাদেশের হাতে—হল্যান্ডকে হারানো।বাকি অর্ধেক? বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়ের প্রার্থনায় বসে যাওয়া। সেই প্রার্থনায় ফল হলে আগামী শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচটি হয়ে যাবে কোয়ার্টার ফাইনালের ‘প্রস্তুতি ম্যাচ’।পরের কথা পরে। আগে তো হল্যান্ডের বিপক্ষে জিততে হবে। আরে, এই ম্যাচে বাংলাদেশ তো জিতবেই। দুই দিন আগে ইংল্যান্ডের বিপক্ষে অমন একটা জয়! হল্যান্ড তো আজ এক ফুৎকারে উড়ে যাবে। দাঁড়ান, দাঁড়ান, যত সহজ ভাবছেন তত সহজ না-ও হতে পারে। বাংলাদেশের ক্রিকেট কি আর যুক্তি মেনে চলে? চললে কি আর ৫৮-বিপর্যয়ের পরের ম্যাচেই ওই রূপ!এটা খুবই স্বাভাবিক, বিশ্বকাপটাকে সাকিবের কাছে সাগরের ঢেউয়ের মতো মনে হচ্ছে। এই জোয়ারের উচ্ছ্বাস, এই ভাটার বিষণ্নতা। পরাজয়-জয়-পরাজয়-জয়—প্রথম চার ম্যাচ যেন ‘নিয়ম’ মেনে এগিয়েছে। ‘আশা করি, এবার এর ব্যতিক্রম হবে’—সাকিবের মুখে হাসি।আগের দিনই প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে মাথার ওপর থেকে পাহাড় নেমে যাওয়ার স্বস্তির কথা বলেছেন। কাল সকালের অনুশীলনে সাকিবকে কারণে-অকারণে হাসতে দেখে সেটি আরও বেশি বোঝা গেল। সংবাদ সম্মেলনে অবশ্য নিজে না এসে জেমি সিডন্সকে পাঠালেন। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে অধিনায়কের আসাটা বাধ্যতামূলক। ম্যাচের আগে আসা না-আসা তাঁর ইচ্ছা। মাঝখানে এক সপ্তাহ যে ঝড় বয়ে গেছে, তা থেকে মুক্তির আনন্দটা তারিয়ে তারিয়ে উপভোগ করতেই কি সংবাদ সম্মেলনের ‘ঝামেলা’টা এড়িয়ে গেলেন?আয়ারল্যান্ড ম্যাচের আগে ‘প্রতিশোধ’ ‘প্রতিশোধ’ চিৎকারে মুখর হয়ে উঠেছিল বাংলাদেশের আকাশ-বাতাস। প্রতিশোধের ছোট্ট একটা ব্যাপার আজও আছে। সেটি বলার আগে কুইজের একটা প্রশ্নের উত্তর দিয়ে নিন—এই বিশ্বকাপে বাকি ১৩ দলের মধ্যে কোনটিকে এখনো ওয়ানডেতে হারাতে পারেনি বাংলাদেশ?পরিসংখ্যান যে আস্ত একটা গাধা, এর প্রমাণও মিলবে এই প্রশ্নের উত্তরে। দলটির নাম হল্যান্ড! বাংলাদেশ-হল্যান্ড এক দিনের আন্তর্জাতিক ম্যাচ হয়েছে একটিই। তাতে জয়ী দলের নাম হল্যান্ড! গত বছর ২০ জুলাই বৃষ্টির কারণে ৩০ ওভারে নেমে আসা গ্লাসগোর সেই ম্যাচে ৬ উইকেটে পরাজয় ম্লান করে দিয়েছিল প্রথমবারের মতো ইংল্যান্ড-বধের আনন্দ।ওয়ানডে মাত্র একটি। কিন্তু হল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ অনেক পুরোনো স্মৃতির ঝাঁপি খুলে দিয়েছে। টেস্ট-পূর্ব আইসিসি ট্রফি যুগের স্মৃতি। বেদনার স্মৃতি, আনন্দের স্মৃতিও। ১৯৯৪ আইসিসি ট্রফিতে হল্যান্ডের কাছে পরাজয়েই বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্নপূরণ আরও চার বছর পিছিয়ে যাওয়ার পথে যাত্রা শুরু। বাংলাদেশের আগে বিশ্বকাপ খেলে ফেলে হল্যান্ড। যে হল্যান্ডে ক্রিকেট রীতিমতো ‘হরিজন’ পর্যায়ের খেলা। হল্যান্ড ফুটবলের দেশ, হল্যান্ড হকির দেশ। অধিনায়ক পিটার বোরেন একটু দুঃখভরেই জানালেন, ডাচ মানসে ফুটবল-হকি ছাড়াও আরও অনেক খেলার পর আসবে ক্রিকেটের নাম। ক্রিকেট সেখানে ‘মাইনর স্পোর্ট’।বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গের সঙ্গে জড়িয়ে হল্যান্ডের নাম। স্বপ্ন পূরণের সঙ্গেও। আকরাম খান কাল বাংলাদেশের অনুশীলনের সময় মাঠের পাশে বসে সেই গল্প বললেন, আর হাঁ করে গিলল সাংবাদিকদের নবীন প্রজন্ম। ১৯৯৭ আইসিসি ট্রফিতে হল্যান্ডের কাছে হারলেই বাংলাদেশের আর সেমিফাইনালে ওঠা হয় না। খেলা হয় না ১৯৯৯ বিশ্বকাপেও। আইসিসি ট্রফি থেকে বিশ্বকাপ, বিশ্বকাপ থেকে টেস্ট স্ট্যাটাস—মহানাটকীয় সেই ম্যাচে আকরামের অপরাজিত ৬৮ রানের ইনিংসটির ওপর ভর করেই ক্রমশ গড়ে উঠেছে বাংলাদেশের ক্রিকেটের স্বপ্নসৌধ। ‘গাড়ি চালিয়ে যখন মাঠে আসছি, খুব মনে পড়ছিল ওই ম্যাচটির কথা’—এত দিন পরও আকরামের কণ্ঠে কাঁপন।সেই বাংলাদেশ আর এই বাংলাদেশ এক নয়। তবে হল্যান্ড প্রায় সেই হল্যান্ডই আছে। কী আশ্চর্য, ১৯৯৭ আইসিসি ট্রফিতে ‘আকরামের ম্যাচ’-এর এক খেলোয়াড় পর্যন্ত আছেন দলে! বাস জুইডারেন্ট।পিটার বোরেনের কথা শুনে মনে হলো, হল্যান্ডের বিশ্বকাপ আসলে এত দিনে শুরু হচ্ছে। গ্রুপের বড় চার দলের সঙ্গে খেলার পর শেষ দুই ম্যাচ বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এই দুটি ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই বিশ্বকাপে এসেছিলেন। সেই লক্ষ্য এখনো আছে। ভদ্র ভাষায় বাংলাদেশের উৎসবে জল ঢেলে দেওয়ার একটা হুমকিও দিয়ে রাখলেন।নানা দৃষ্টিকোণ থেকে ম্যাচটা দেখা যায়। এর মধ্যে একটার নাম—‘ডানহাতি বনাম বাঁহাতি’। হল্যান্ড দলে প্রায় সবাই ডানহাতি ব্যাটসম্যান। এমনকি এই বিশ্বকাপে তাদের সেরা বোলার, বাঁহাতি স্পিনার পিটার সিলার পর্যন্ত ব্যাটিংয়ের সময় ডানহাতি হয়ে যান। যা দেখে বাংলাদেশ তৃতীয় বাঁহাতি স্পিনারটিকেও নামিয়ে দিচ্ছে। নাঈমের জায়গায় আসছেন সোহরাওয়ার্দী শুভ। রকিবুলকে সরিয়ে শাহরিয়ার নাফীস আসায় বাঁহাতি ব্যাটসম্যানও একজন বাড়ছে। অবাক একটা কাণ্ডও ঘটে যাচ্ছে এতেই। ২০০৪ সালের আগে বাঁহাতি স্পেশালিস্ট ব্যাটসম্যানই দেখেনি বাংলাদেশ দল। আর আজ সেই দলেই বাঁহাতির মেলা। এক থেকে পাঁচ পর্যন্ত সবাই বাঁহাতি। রাজ্জাক আর শুভকে যোগ করলে সংখ্যাটা হয়ে যাচ্ছে সাত! যা নিয়ে এক সাংবাদিক রসিকতা করলেন, হল্যান্ডের জন্য বাংলাদেশের বাঁ হাতই যথেষ্ট।বাংলাদেশ দল অবশ্যই তা মনে করছে না। প্রায় অচেনা হল্যান্ডকে নিয়ে কাল সন্ধ্যার টিম মিটিংয়ে বিস্তর হোমওয়ার্ক হয়েছে। তাতে সবচেয়ে সরব ভূমিকা রেখেছেন বাংলাদেশ দলের বোলিং কোচ। কেন, হল্যান্ডের ব্যাটিং কি এতই ভালো নাকি! ঘটনা তা নয়। এই বছর কয়েক আগেও যে হল্যান্ড দলের বোলিং কোচ ছিলেন ইয়ান পন্ট।