‘ছোট’দের চাপে ফেলে দিয়েছে আইসিসি
বিশ্বকাপে ‘ছোট’দের কাছে ‘বড়’রা প্রায়ই কুপোকাত হয়। ১৯৯৬ বিশ্বকাপ থেকে এই অঘটন তো ঘটছে নিয়মিত! কিন্তু এবার কেন ছোট দলগুলো চমক দেখাতে পারছে না? যদিও টুর্নামেন্ট কেবলই শুরু। তার পরও যতটুকু গড়িয়েছে, ছোট দলগুলো মাঠে কোমর সোজা করেই দাঁড়াতে পারেনি।নিউজিল্যান্ডের পর পাকিস্তান—দুই ম্যাচেই কেনিয়া অসহায় আত্মসমর্পণ করেছে। হল্যান্ড ইংল্যান্ডকে একটা পরীক্ষার মধ্যে ফেললেও শ্রীলঙ্কার কাছে কানাডা হেরেছে যাচ্ছেতাইভাবে। কেন এই অসহায় আত্মসমর্পণ? হল্যান্ড অধিনায়ক পিটার বোরেনের বিশ্বাস, আইসিসির বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্তই ছোট দলগুলোকে চাপের মধ্যে ফেলে দিয়েছে। ২০১৫ বিশ্বকাপ থেকে ১৪ দলের পরিবর্তে ১০ দলের বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এই বিশ্বকাপে ছোট দলগুলো তাই অলক্ষ্যেই আইসিসির একটা পরীক্ষার সামনে পড়ে গেছে। ছোট দলগুলোর মাঠের পারফরম্যান্সের ওপর বিশেষ দৃষ্টি রাখছে আইসিসি। বোরেন বলেছেন, ‘আমরা একটি মাত্র ম্যাচই খেলেছি (ইংল্যান্ডের বিপক্ষে)। আমরা জানি, এই টুর্নামেন্টে আমরা আইসিসির মূল্যায়নের ভেতর দিয়ে যাচ্ছি, সম্ভবত এটা খুবই নিষ্ঠুর। তারা আমাদের পারফরম্যান্স বিবেচনা করবে।’‘আইসিসির এই নজরদারি আমাদের চাপের মধ্যে ফেলে দিয়েছে। এই বিশ্বকাপের আগে গত তিন-চার বছরে একবার মাত্র আমরা পূর্ণ সদস্য দলের বিপক্ষে খেলছি। কাজেই আমাদের আরও বেশি বেশি খেলতে দেওয়া প্রয়োজন। এখানে আমাদের পারফর্ম করা দরকার, কারণ আমরা এখানে কিছুটা চাপে আছি’—যোগ করেছেন বোরেন। এএফপি।