শিশুতোষ ছড়ার বই ছড়ার দেশে হেসে হেসে-এর মোড়ক উন্মোচন করা হলো গতকাল সোমবার। বেঙ্গল শিল্পালয়ে নাজিয়া জাবীনের লেখা বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচনা ছাড়াও ছিল শিশুদের আবৃত্তি আর পুতুলনাচের আয়োজন। বিকেলে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়লা হাসান, রোকেয়া কাদের ও বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। অনুষ্ঠানে এসেছিল বিভিন্ন সংগঠনের শিশুরা। তাদের হাতে বইটি তুলে দেওয়া হয়। এ বইয়ে স্বাধীনতা আমার স্বাধীনতা, বর্ষা এলো, একুশ এলেই, নীল আকাশের বুকে, রুপালি জাল, পাখির বিয়ে, রাজার রাজাসহ মজার মজার ছড়া রয়েছে। প্রতিটি ছড়ার সঙ্গে রয়েছে চমৎকার সব ছবি। বইটি প্রকাশ করেছে বেঙ্গল পাবলিকেশন্স লিমিটেড। লেখক নাজিয়া জাবীনের ১০টি বই প্রকাশিত হয়েছে। তিনি শিশুতোষ মাসিক পত্রিকা জল পড়ে পাতা নড়ে-এর সহসম্পাদক।আলোচনার পর শিশুরা ছড়ার দেশে হেসে হেসে বইয়ের ছড়া আবৃত্তি করে। সঙ্গে ছিল ছড়ার বিষয়বস্তুর ওপর ভিত্তি করে পুতুলনাচ।জাতীয় প্রেসক্লাবে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতাস্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল সোমবার শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে জাতীয় প্রেসক্লাব। শিল্পী হাশেম খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।জাতীয় প্রেসক্লাবের সদস্যদের ছেলেমেয়েরা তিনটি গ্রুপে প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদা ইয়াসমীন।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী নমিতা দে, কল্যাণী ব্যানার্জি, অরুপ রতন রায় চৌধুরী এবং জাতীয় প্রেসক্লাবের শিশুশিল্পীরা। বিজ্ঞপ্তি।