‘জওয়ানদের শর্তে বৈঠক থেকে বেরিয়ে আসি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যা মামলায় গতকাল বুধবার সাক্ষ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন। জবানবন্দিতে তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর তৎকালীন বাসভবন যমুনায় বৈঠক শুরুর মুহূর্তে বিডিআরের বিদ্রোহী জওয়ানরা সেনাবাহিনীর কোনো কর্মকর্তা থাকতে পারবেন না বলে শর্ত দিলে প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি বৈঠকস্থল থেকে বেরিয়ে আসেন।ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী মহানগর দায়রা জজ আদালতে এই হত্যা মামলার বিচারকাজ চলছে। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনার সময় মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক ছিলেন। জবানবন্দি দেওয়ার পর তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম, ফারুক আহমেদ ও শামীম সরদার।অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আকতারুজ্জামান এ মামলায় সাক্ষ্য দিতে সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ, মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বর্তমানে মরক্কোয় রাষ্ট্রদূত নূর মোহাম্মদকে হাজির হতে গত ২ জুলাই সমন জারি করেন। নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ ও বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমান ইতিমধ্যে এ মামলায় সাক্ষ্য দিয়েছেন।গতকাল সকাল সাড়ে নয়টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। বিচারক জহুরুল হক এজলাসে আসার পরপর জয়নুল আবেদীন জবানবন্দি দেন। তিনি বলেন, সেদিন (২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ের সময় তিনি শুনতে পান বিডিআরে গন্ডগোল হচ্ছে। সকাল সোয়া ১০টায় তিনি যমুনায় পৌঁছান। পর্যায়ক্রমে সেখানে নেতা ও বাহিনীর প্রধানেরা আসতে থাকেন। তিনি আরও বলেন, বিডিআরে কী হচ্ছে, সে ব্যাপারে পরিষ্কার ধারণা পেতে বিভিন্নভাবে খোঁজখবর নিচ্ছিলেন। বিকেল চারটার দিকে খবর আসে বিডিআরের কিছু সেনাকে আলোচনার জন্য যমুনার প্রধান ফটকে আনা হয়েছে। যমুনায় মূল ভবনে ঢোকার সময় আর্চওয়ের মাধ্যমে বিডিআর জওয়ানদের নিরাপত্তা তল্লাশি করা হয়। তাঁদের পরনের পোশাকের সঙ্গে নামফলক ছিল না। একটি সাদা কাগজে তাঁদের নাম লিখে রাখা হয়। এঁদের মধ্যে ছিলেন: ডিএডি তৌহিদ, রহিম, নাসির, জলিল, হাবিব, হাবিলদার রফিক, নায়েক সালাম, নায়েক শফিক, সৈনিক সেলিম, রাজ্জাক ও রেজওয়ান। তাঁরা সন্ধ্যা ছয়টার দিকে যমুনা ছেড়ে চলে যান। পরিস্থিতির কারণে তাঁদের পুরো পরিচয় নেওয়া যায়নি।জবানবন্দির পর আইনজীবীদের জেরার জবাবে মেজর জেনারেল জয়নুল বলেন, যাঁরা বৈঠকে এসেছিলেন, তাঁদের নাম রেজিস্টারে তোলা হয়নি। তাঁদের আগমনের উদ্দেশ্য, তারিখ বা সময় লেখা হয়নি। তিন বাহিনীর প্রধানেরা পরে বৈঠকস্থলে যান বলে তিনি জানতে পারেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্রোহীদের প্রবেশ এবং বের হওয়ার সময় করা ভিডিও ফুটেজ তাঁরা জব্দ করেছিলেন। পিলখানার ভেতরের অবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্রোহের সময় কর্নেল শামস তাঁকে ফোন করে জানান, তিনি পালিয়ে আছেন। তাঁর জীবন বিপন্ন।জেরার শেষ পর্যায়ে আসামি ডিএডি হাবিবের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নুরুল ইসলাম জেরা শুরু করলে হাবিব চিৎকার করে বলেন, তিনি নিজেই জেরা করবেন। এ সময় আদালত বলেন, আইনে এ ধরনের জেরা করার সুযোগ নেই। এর পরও হাবিব চিৎকার করে বলেন, মাস্তানি করা হচ্ছে। এটা কোনো বিচার নয়। এ আচরণ আদালতের নজরে এনে তাঁর শাস্তির দাবি করেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক। তবে আদালত কোনো সিদ্ধান্ত দেননি।মেজর জেনারেল জয়নুলের জেরা শেষ হলে এসএসএফের কর্মকর্তা কর্নেল সৈয়দ আহমেদ আলী এবং এসএসএফের তৎকালীন কর্মকর্তা বর্তমানে বিমানবাহিনীতে কর্মরত স্কোয়াড্রন লিডার খালেদ মীর সালেহ সাক্ষ্য দেন। দুই আইনজীবী তাঁদের জেরা করেন।বেলা একটার দিকে মামলার কার্যক্রম ৬ আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়।পরে জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, বিদ্রোহের দিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে এসেছিলেন ১৪ জন। কিন্তু নাম লেখা হয়েছিল ১২ জনের। সে সময় তাঁরা এত উগ্র ও ঔদ্ধত্যপূর্ণ ছিলেন যে তাঁদের সঙ্গে কথা বলাও মুশকিল ছিল। তাঁরা ভেতরে ঢোকার সময় ভুল তথ্য দিয়েছিলেন, নাম ভুল বলেছিলেন। বিডিআরের কর্মকর্তাদের হত্যার বিষয়টিও গোপন করেছিলেন।