‘জনগণের ঐক্যের মাধ্যমে দক্ষিণ এশিয়াকে বদলে দিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় বৈষম্য ও বহুজাতিক করপোরেশনের আধিপত্যের বিপরীতে জনগণের সঙ্গে জনগণের ঐক্যের মাধ্যমে দক্ষিণ এশিয়াকে বদলে দেওয়ার আহ্বান জানালেন এ অঞ্চলের বিশিষ্ট নাগরিকেরা। গতকাল শুক্রবার থেকে রাজধানীতে শুরু হওয়া দক্ষিণ এশীয় সোশ্যাল ফোরাম-২০১১-এ তাঁরা এ আহ্বান জানান। রাজধানীর শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত শোভাযাত্রা দিয়ে ফোরামের সূচনা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় সামাজিক আন্দোলনের কয়েক হাজার কর্মী অংশ নেন। ‘দক্ষিণ এশিয়ায় সামাজিক পরিবর্তনের জন্য গণতন্ত্র: অংশগ্রহণ, সাম্য, ন্যায্যতা ও শান্তি’—এ স্লোগান সামনে রেখে শহীদ মিনারে হয় মূল উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার বলেন, ‘ক্ষুধা, বঞ্চনা, বৈষম্য, দারিদ্র্যমুক্ত যে দক্ষিণ এশিয়ার স্বপ্ন আমরা দেখি, তার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ধর্ম, জাতি, সীমান্ত বিরোধের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হতে না পারলে সে স্বপ্ন কখনোই সফল হবে না। সে জন্যই দক্ষিণ এশীয় হিসেবে অভিন্ন পরিচয়ে আমাদের গর্বিত হতে হবে।’ ভারত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি এগিয়েছে উল্লেখ করে কুলদীপ নায়ার বলেন, ‘ভারতের উচিত এ অঞ্চলের অন্য দেশগুলোকে প্রযুক্তি ও পুঁজি দিয়ে সহায়তা করা, যাতে দক্ষিণ এশিয়া সমতার ভিত্তিতে একযোগে এগোতে পারে।’ সম্মেলনের সহ-আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এ সম্মেলনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার হবে। বিশ্বায়নবিরোধীদের কাছে তীব্রভাবে সমালোচিত সুইজারল্যান্ডভিত্তিক ফাউন্ডেশন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিরুদ্ধে ২০০১ সালে ব্রাজিলে নাগরিক সমাজের সংগঠন হিসেবে ওয়ার্ল্ড সোশ্যাল ফোরামের যাত্রা শুরু হয়। পরে বিশ্বজুড়ে এর বেশ কিছু আঞ্চলিক সংগঠন জন্ম নেয়। এর আগে ভারত ও পাকিস্তানে দক্ষিণ এশীয় ফোরামের সম্মেলন হলেও বাংলাদেশে তা এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। ফোরামের সমন্বয়কারী মুহাম্মদ হিলালউদ্দিন এ আন্দোলনের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেন, গণতন্ত্র, সুষম রাষ্ট্রীয় ব্যয় ও জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা এর লক্ষ্য। তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পার্লামেন্টের ওপর যাতে ক্যান্টনমেন্টের প্রভাব তৈরি না হয় এবং জনগণের শতকরা এক ভাগের জন্য যাতে রাষ্ট্রের বেশির ভাগ সম্পদ ব্যয় না হয়, সেই লক্ষ্যে দেশে দেশে আন্দোলন গড়ে তুলতে হবে। দক্ষিণ এশিয়ার জনগণকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে।’ ফ্রান্স থেকে আসা সামাজিক আন্দোলনের কর্মী মাটি কোহেনেন বলেন, দক্ষিণ এশিয়া থেকে বছরে ২০ বিলিয়ন ডলার ধনী দেশে পাচার হয়ে যায়। খাদ্যনিরাপত্তাহীনতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও জ্বালানিসংকটে ভোগা দক্ষিণ এশিয়ার জনগণের ভাগ্য বদলাতে হলে সম্পদ পাচার ঠেকানোর আন্দোলন গড়ে তুলতে হবে। বেসরকারি সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, নারীনেত্রী শিরিন আখতার, অ্যাকশনএইড বাংলাদেশের আবাসিক পরিচালক ফারাহ কবীর, নিজেরা করির প্রধান নির্বাহী খুশী কবির, ব্র্যাকের শিপা হাফিজা, সমতলের আদিবাসী নেতা রবীন্দ্রনাথ সরেন ও আদিবাসী নেতা শক্তিপদ ত্রিপুরা অনুষ্ঠানে বক্তব্য দেন। আয়োজকেরা জানান, বিশ্বের ৪০টি দেশ থেকে ৫০০টি সংগঠন এ ফোরামে যোগ দিচ্ছে। ২২ নভেম্বর পর্যন্ত ফোরাম উপলক্ষে নানা আয়োজন রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের মাঠে ফোরামের মেলা ও বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনসহ বিভিন্ন স্থানে সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।