‘জনগণের জানমাল রক্ষায়’ মাঠে থাকবে আ.লীগ
জামায়াত-শিবিরের ডাকা আজকের হরতালে ‘জনগণের জানমালের নিরাপত্তা দিতে’ মাঠে থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। দলীয় সূত্র থেকে জানা গেছে, রাজধানী ঢাকাসহ মহানগরগুলোতে ওয়ার্ডে ওয়ার্ডে সরকারি দলের নেতা-কর্মীদের অবস্থান নিতে দল থেকে নির্দেশনা হয়েছে। আর কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে একটি দল পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেবে। এর মধ্যে রাজধানীর মতিঝিল, মিরপুর-১০, ডেমরা, কারওয়ান বাজার, খিলগাঁও, যাত্রাবাড়ী ও সাতরাস্তা এলাকাকে স্পর্শকাতর মনে করে সেই এলাকাগুলোতে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সতর্ক পাহারায় থাকতে বলা হয়েছে। আর মতিঝিল এলাকায় সরকার সমর্থক ব্যাংক কর্মচারী ইউনিয়নগুলোকে সক্রিয় রাখা হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, জামায়াত-শিবিরের আক্রমণ থেকে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য দলের নেতা-কর্মীদের ওয়ার্ডে ওয়ার্ডে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ দায়িত্বে অবহেলা করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সবাইকে বলে দেওয়া হয়েছে, নাশকতার চেষ্টারতদের ধরে পুলিশের হাতে সোপর্দ করার জন্য।আওয়ামী লীগের অপর একটি সূত্র জানায়, পুলিশের ওপর জামায়াত-শিবির যেভাবে হামলা শুরু করেছে, তাতে তাদের মনোবল দুর্বল হয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই দলের নেতা-কর্মীরা পাশে থাকলে পুলিশ ঠিক থাকবে। পাশাপাশি দলের নেতা-কর্মীদেরও চাঙা রাখা যাবে।‘দাঁতভাঙা জবাব দেওয়া হবে’: গতকাল সোমবার বিকেলে যুবলীগ আয়োজিত এক সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম জামায়াতের হরতাল প্রতিহত করার ঘোষণা দেন। তিনি বলেন, হরতাল, নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বিচার কেউ বন্ধ করতে পারবে না। মাঠে নামেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিও মাঠে থাকবে। স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির যদি হরতালের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তাহলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।ওয়াশিংটন টাইমস-এ প্রকাশিত খালেদা জিয়ার নিবন্ধের প্রতিবাদে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন যুবলীগ মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী। অন্যান্যের মধ্যে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।‘পুলিশকে দৃঢ়তা দেখাতে হবে’: এদিকে জামায়াতের সহিংস কর্মসূচি দমনে পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দৃঢ়তা এবং দক্ষতা দেখানোর আহ্বান জানিয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘নৌকাসমর্থক গোষ্ঠী’ নামের একটি সংগঠনের আলোচনা সভায় সুরঞ্জিত এ আহ্বান জানান। তিনি বলেন, চোরাগোপ্তা হামলার পাশাপাশি জামায়াত পুলিশ পাহারায় যে কর্মসূচি পালন করছে, এ ধরনের পরস্পরবিরোধী অবস্থান গ্রহণযোগ্য নয়। জামায়াত কখনো লাঠিসোঁটা নিয়ে পুলিশ বাহিনীর ওপর আঘাত করবে। আবার কখনো গণতান্ত্রিক হয়ে পুলিশ বাহিনীর সহযোগিতায় সমাবেশ করবে। এ পরস্পরবিরোধী অবস্থান জনগণ মেনে নেবে না।‘রামকৃষ্ণ মিশন চালাতে আসিনি’: জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আরেক আলোচনা সভায় পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলার সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা রামকৃষ্ণ মিশন চালাতে আসিনি যে প্রতিদিন রাজপথে পুলিশ নির্যাতিত হবে আর তা মেনে নিতে হবে।’ তিনি বলেন, পুলিশের কাজ জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। সেই পুলিশ নিজেরাই যদি নিরাপত্তাহীনতায় ভোগে, সেটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।