কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে সর্বস্তরের মানুষের অবস্থানের ষষ্ঠ দিন আজ রোববার। টানা ছয় দিন ধরে প্রতিবাদী স্লোগানে মুখর শাহবাগ।অনেকেই ধারণা করেছিলেন, মহাসমাবেশের পর আজ প্রথম কর্মদিবসে লোকসমাগম অনেকটা কমে যাবে। কিন্তু তা হয়নি। আজও শাহবাগের গণজাগরণ মঞ্চকে কেন্দ্র করে ভিড় জমিয়েছে হাজার হাজার মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে লোকসমাগম। আজও সন্ধ্যায় শাহবাগে আলোর বন্যা। মোমবাতি জ্বালিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে আন্দোলন চলছে। অংশগ্রহণকারীরা মনে করছেন, আজ লোকসমাগম আরও বেশি। আন্দোলন আরও গতিশীল। অন্য দিনগুলোর মতো আজও সকাল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ছিলেন বেশ কিছু তরুণ-তরুণী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষ। বেলা ১১টা পেরোনোর আগেই শাহবাগে জড়ো হয় হাজারো জনতা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে আসতে থাকে শিক্ষার্থীরা। সবার মুখে একটাই স্লোগান—‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই, রাজাকারদের ফাঁসি চাই’; ‘জনতার সংগ্রাম চলছে, চলবে’। দুর্বার তারুণ্যের এই প্রতিবাদী সমাবেশকে আজ বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে দেশের জাতীয় ক্রিকেট দলের উপস্থিতি।জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলবেআজ রাতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে স্বাগত জানিয়েছেন শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনকারীরা। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি সংশোধন না হওয়া পর্যন্ত তাঁরা আশ্বস্ত হতে পারছেন না বলেও তাঁরা জানিয়েছেন।প্রধানমন্ত্রীর বক্তব্যের পর এ ব্যাপারে জানতে চাইলে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে আন্দোলনকারীদের মধ্যে হাসান তারেক ও পারভেজ নামের দুই কর্মী প্রথম আলো ডটকমকে এসব কথা জানান। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের যে দাবি, সেটি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তাঁরা জানান।পয়লা ফাগুনে কালো কাপড় পরার আহ্বানপয়লা ফাগুনের (১৩ ফেব্রুয়ারি, বুধবার) দিনে তরুণ-তরুণীরা হলুদ রঙের কাপড় পরে থাকেন। কিন্তু এবারের পয়লা ফাগুনের দিনে হলুদ রঙের জামা, শাড়ি ও পাঞ্জাবির পরিবর্তে সবাইকে কালো কাপড় পরার আহ্বান জানানো হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে।এটা আংশিক বিজয়আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেন, আগামীকাল মন্ত্রিসভায় সংশোধিত আইনের প্রস্তাব উত্থাপন করা হবে। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলনের অন্যতম সংগঠক, ব্লগার ও ফেসবুক অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্য মাহবুব রশিদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘এটা এক ধরণের আংশিক বিজয়। লক্ষ্য পুরণের আমরা কিছুটা এগিয়ে গেলাম।’সময় যত গড়িয়েছে, লোকসমাগম তত বেড়েছেআজও বেলা যত বেড়েছে, সময় যত গড়িয়েছে, লোকসমাগম তত বেড়েছে। নানা স্লোগান আর প্রতিবাদী গানে তারুণ্যের প্রতিবাদ অব্যাহত রয়েছে। সকাল থেকে নানা শ্রেণী-পেশার মানুষ শাহবাগের প্রজন্ম চত্বরে গিয়ে আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন। স্লোগানে স্লোগানে মুখরিতশুরু থেকেই আন্দোলনে তেমন বক্তৃতা নেই। শুধু মাঝেমধ্যে কেউ কেউ এসে সংহতি জানিয়ে দুয়েক কথা বলছেন। আর চলছে জাগরণী গান। বাকি পুরোটা সময় শুধু স্লোগান আর স্লোগান। ক্লান্তিহীন স্লোগানে মুখরিত তারুণ্য দাবি জানিয়ে চলেছে রাজাকারদের ফাঁসি নিশ্চিত করার।‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’; ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’; ‘সাম্প্রদায়িকতার আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’; ‘পাকিস্তানের প্রেতাত্মারা, পাকিস্তানেই ফিরে যা’; ‘বাংলাদেশের মাটিতে জামায়াত-শিবিরের ঠাঁই নাই’; ‘আমাদের ধমনিতে শহীদের রক্ত, এই রক্ত কোনো দিনও বৃথা যেতে দেব না’; ‘আর কোনো দাবি নাই, রাজাকারের ফাঁসি চাই’; ‘জামায়াতে ইসলাম, মেড ইন পাকিস্তান’; ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘জয় বাংলা’—এসব স্লোগানে মুখরিত শাহবাগ চত্বর। তবে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে ‘ক-তে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ক-তে কামারুজ্জামান, তুই রাজাকার তুই রাজাকার’; ‘গ-তে গোলাম আযম, তুই রাজাকার তুই রাজাকার’; ‘স-তে সাকা, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ম-তে মুজাহিদ, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ন-তে নিজামী, তুই রাজাকার তুই রাজাকার’; ‘স-তে সাঈদী, তুই রাজাকার তুই রাজাকার’ স্লোগান। প্রস্তুত ‘ফাঁসির মঞ্চ’যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে উত্তাল শাহবাগে তৈরি করা হয়েছে প্রতীকী ফাঁসির মঞ্চ। কালো কাপড়ে তৈরি করা ফাঁসির মঞ্চে ঝুলছে শূন্য ফাঁস, যেন রাজাকারের ঘাড়ের অপেক্ষায়। সেখানে প্রতীকী ফাঁসিও দেওয়া হচ্ছে। সংহতি জানালেন সাংসদ মমতাজসাংসদ ও গায়িকা মমতাজ রাতে শাহবাগে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করেন। সংহতি জানালেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সন্ধ্যায় শাহবাগে গিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, ‘জামায়াতের আস্ফাালন দেখে মনে হয়েছিল বাংলাদেশ মৃত্যুমুখে পতিত হয়েছে। জামায়াতে ইসলামী দেখে যাও, তোমাদের বিরুদ্ধে বাংলাদেশ রুখে দাঁড়িয়েছে।’ কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত মঙ্গলবার বিকেলে শাহবাগ মোড়ে এই বিক্ষোভের সূচনা করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম। এরপর বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা এ আন্দোলনে যোগ দেন। গত শুক্রবার লাখো জনতার মহাসমুদ্রের কেন্দ্রবিন্দু শাহবাগের ‘প্রজন্ম চত্বরের’ নবজাগরণ মঞ্চ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।