‘জনগণের জানমাল রক্ষার জন্য’ আগামী তিন দিনের মধ্যে সারা দেশে ‘কমিটি ফর পাবলিক সেফটি’ (জননিরাপত্তা কমিটি) গঠন করবে ১৮ দলীয় জোট। এ ছাড়া ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারদলীয়দের হামলার’ প্রতিবাদে কাল সোমবার সারা দেশে বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি দিয়েছে বিরোধীদলীয় এই জোট। গতকাল শনিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী এ কমিটি গঠন ও কর্মসূচির কথা জানান।বিএনপি এমন এক সময়ে এ জননিরাপত্তা কমিটি গঠনের কথা বলছে, যখন সরকার সারা দেশে ‘সন্ত্রাস ও নাশকতাবিরোধী কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সব মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এ কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। আর বিএনপি জানিয়েছে, ১৮ দলীয় জোটের নেতা-কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও শক্তি এবং গণতন্ত্রে বিশ্বাসী দল ও সংগঠনের প্রতিনিধিদের নিয়ে তারাও সব মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জননিরাপত্তা কমিটি গঠন করবে। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আওয়ামী সরকারের পুলিশ, র্যাব ও তাদের সহায়তায় সশস্ত্র যুবলীগ-ছাত্রলীগের ক্যাডারদের নির্বিচার গণহত্যা এবং বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার, মামলা, হামলা ও তাদের ওপর নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছে। এর প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট কাল সোমবার সারা দেশে জেলা সদর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে। ঢাকায় এ সমাবেশ হবে বেলা তিনটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।প্রতিরোধ গড়তে নেতা-কর্মীদের প্রতি খোকার আহ্বান: এর আগে গতকাল আসরের নামাজের পর দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর বিভিন্ন স্থানে সহিংসতায় নিহতদের উদ্দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ গায়েবানা জানাজা শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেড় শতাধিক মানুষকে পিটিয়ে, গুলি করে ও ছাদ থেকে ফেলে বর্বরভাবে হত্যা করেছে। এটাকে ১৮ দলের পক্ষ থেকে ‘গণহত্যা’ বলা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জোটের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।সাদেক হোসেন খোকা বলেন, ভবিষ্যতে এ রকম ঘটনার জন্য গণমানুষের পক্ষ থেকে কেবল নিন্দা জানানো হবে না, এ ধরনের আক্রমণের কার্যকর প্রতিরোধ গড়ে তোলা হবে। গণতন্ত্র ধ্বংস হতে পারে এমন কর্মকাণ্ড কাউকে করতে দেওয়া হবে না। গায়েবানা জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জামায়াতে ইসলামীর নেতা শফিকুল ইসলাম (মাসুদ), জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধানসহ ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা অংশ নেন।শাহবাগে বেআইনি সমাবেশ: নিজেদের সব ব্যর্থতা আড়াল করতে সরকার শাহবাগে বেআইনি সমাবেশ সৃষ্টি করে জাতিকে চরম অনিশ্চয়তা, অস্থিতিশীলতা ও সংঘাতের দিকে ঠেলে দিয়েছে বলে মনে করে বিএনপির স্থায়ী কমিটি। খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত গত বৃহস্পতিবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্তে এ কথা বলা হয়। তাতে বলা হয়, শাহবাগের এই সমাবেশ স্বাধীন বিচারব্যবস্থায় চরম আঘাত হেনেছে। স্বাধীন এবং নিরপেক্ষভাবে বিচারকার্য পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের ঘটনা নজিরবিহীন। সরকার গোটা জনগোষ্ঠীকে বিভক্ত করে ভয়ংকর সংঘাত ও সহিংসতার পরিবেশ সৃষ্টি করেছে। এর দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্তে আরও বলা হয়, ‘সরকার দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস ইসলাম ও স্বাধীনতাকে পরিকল্পিতভাবে প্রতিপক্ষ বানিয়ে মুখোমুখি দাঁড় করাচ্ছে। এর মাধ্যমে সরকার সমগ্র জাতিকে উদ্দেশ্যমূলকভাবে বিভক্ত করে ফেলেছে।’দলটি গত কয়েক দিনে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ‘প্রায় ১৫০ জন নিরীহ মানুষকে হত্যার’ ঘটনায় উদ্বেগ ও নিন্দা এবং এর বিচারের দাবি করে। এ ছাড়া নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা, আহতদের সুস্থতা কামনা ও গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।