‘জনি ভাইয়ের দোয়া নিয়েছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর নেতৃত্বে পেশাদার ফুটবল লিগে হ্যাটট্রিক শিরোপা জিতল আবাহনী। বিপ্লব ভট্টাচার্যের আনন্দ আর সবার চেয়ে বেশিই হওয়ার কথা। হলোও, তবে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফরাশগঞ্জকে হারানোর পর আবাহনী গোলরক্ষক সতীর্থ আর কর্মকর্তাদের প্রশংসাতেই বেশি পঞ্চমুখ থাকলেন— হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি কেমন? বিপ্লব ভট্টাচার্য: দারুণ। ভাষায় প্রকাশ করতে পারব না। আমার নেতৃত্বে ২৫ বছর পর আবার ঘরোয়া ফুটবলে আবাহনী হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলো। এটা আমার, আমার পরিবার এবং গোটা আবাহনী পরিবারের জন্যই গর্বের। আবাহনীই আমাকে আজকের বিপ্লব বানিয়েছে। এই সাফল্যের রহস্য কী?বিপ্লব: আবাহনী একটা সুশৃঙ্খল দল। টিম ম্যানেজমেন্ট খুব ভালো। যে কারণে আমাদের মধ্যে দারুণ একটা টিম স্পিরিট গড়ে উঠেছিল।  পঁচাশিতে ঢাকা লিগে আবাহনী হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল ইমতিয়াজ সুলতানের (জনি) নেতৃত্বে। তাঁর সঙ্গে আপনার কথা হয়েছে?বিপ্লব: হ্যাঁ, হয়েছে। ম্যাচের আগে জনি ভাইয়ের দোয়া নিয়েছি। ওনাকে ফোন করে বলেছি, আপনি ’৮৫ সালে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন। ২৫ বছর পর আমার সামনে সেই সুযোগ, দোয়া করবেন। উনি বলেছেন, বিপ্লব, আমার বিশ্বাস, তুমি পারবে। আমাকে স্মরণ করার জন্য তোমাকে ধন্যবাদ।  আপনার এবং আবাহনীর পরবর্তী লক্ষ্য কী?বিপ্লব: আমি আরও ৭-৮ বছর খেলতে চাই। আমাদের পরের লক্ষ্য মোহামেডানকে হারিয়ে লিগটা শেষ করা। সমর্থকদের এই উচ্ছ্বাসটা আমরা শেষ ম্যাচেও ধরে রাখতে চাই। আমার বিশ্বাস, আবাহনী সামনে আরও ভালো করবে।  আপনারা হ্যাটট্রিক শিরোপা জয়ের উত্সব করছেন। মাঠ কিন্তু প্রায় ফাঁকা। মাত্র ৩-৪ হাজার দর্শক এসেছে। খারাপ লাগছে না?বিপ্লব: কিছুটা খারাপ তো লাগেই। স্টেডিয়াম ভরা থাকলে কার না ভালো লাগে! আসলে এবার লিগে অনেক বিরতি পড়েছে, তাই দর্শক মাঠে আসা কমিয়ে দিয়েছে।  এবার লিগে পাতানো খেলা হয়েছে বলে অনেকে বলছেন। আপনার অভিমত কী?বিপ্লব: পাতানো খেলার ব্যাপারে কিছু জানি না। এসব নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। আমরা আমাদের খেলাটা খেলেছি। লিগে প্রতিদ্বন্দ্বিতার অভাব ছিল। এটা কেন?বিপ্লব: আবাহনী-মোহামেডানের ধারেকাছে অন্য দলগুলো ছিল না, তাই প্রতিদ্বন্দ্বিতা হয়নি।  আবাহনীর মাঠের খেলায় আপনি কতটা খুশি?বিপ্লব: পুরোপুরি খুশি। আমরা ভালো ফুটবল খেলে চ্যাম্পিয়ন হয়েছি। মাঠে সব খেলোয়াড়ের প্রতিজ্ঞা ছিল, আমাদের জিততেই হবে। ফেডারেশন কাপ হারানোর পর জয়ের তাগিদটা আরও বেশি অনুভব করেছি আমরা। স্ট্রাইকার এনামুল তো দারুণ করলেন। এই সাফল্যে তো তাঁর বড় ভূমিকা...বিপ্লব: এনামুলের অসাধারণ একটা বছর গেল। ভবিষ্যতে আরও ভালো যাবে আশা করি। নিজের খেলায় আরও মনোযোগ দিলে সে আরও গোল পাবে।  তিন বিদেশি ইব্রাহিম, সামাদ, শেরিফও তো ভালো খেলেছেন...বিপ্লব: হ্যাঁ, ওরাও খুব ভালো খেলেছে। টিমের সঙ্গে ওরা একাত্ম হয়েছে এবং এটার ফল আমরা পেয়েছি। ইব্রাহিম তো পরীক্ষিত খেলোয়াড়ই, কিন্তু শেরিফ এবারই প্রথম দলে যোগ দিয়ে দারুণ করেছে। ওয়ালি ফয়সাল, জাহিদ হাসান, মামুনুলরা দল ছাড়ায় একটু কি হতাশায় ছিলেন মৌসুমের শুরুতে?বিপ্লব: হতাশ ছিলাম না। পেশাদার ফুটবলার হিসেবে ওরা চলে গেছে, যেতেই পারে। ওদের ওপর আমাদের কোনো রাগ ছিল না।  এ মুহূর্তে কার কথা বেশি মনে পড়ছে?বিপ্লব: আমার শাশুড়ি মারা গেছেন এক মাস আগে। ওনার কথা খুব মনে পড়ছে। উনি আবাহনীর ম্যাচের দিন আমার জন্য পূজা দিতেন।