আওয়ামী লীগ দলীয় স্থানীয় সাংসদ গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং সাবেক সেনাপ্রধান ও সেক্টর কমান্ডারস ফোরামের সহসভাপতি কে এম সফিউল্লাহ বীর উত্তম বলেছেন, আর্মি হাউজিং স্কিমের (এএইচএস) জন্য জমি কেনার ক্ষেত্রে সেনাবাহিনীর কিছু ভুল ছিল। নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ও কায়েতপাড়া ইউনিয়নের পুরো জমি দেখিয়ে এএইচএসের ওয়েবসাইটে নকশা প্রদর্শন ও সাব-রেজিস্ট্রি অফিসে জমির রেজিস্ট্রি বন্ধ করে দেওয়া ঠিক ছিল না।রূপগঞ্জে গত শনিবার র্যাব, পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষের সময় নিহত মোস্তফা জামাল হায়দারের কুলখানিতে শরিক হওয়ার পর গতকাল দুপুরে ওই দুই নেতা সাংবাদিকদের এ কথা বলেন। হরিণাদি এলাকায় জামালের নিজ বাড়িতে এই কুলখানি হয়।এদিকে সমশের মোল্লা (৩২) নামের আরেক যুবক নিখোঁজ রয়েছেন উল্লেখ করে তাঁর বাবা মোস্তফা মোল্লা গতকাল দুপুরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ নিয়ে ওই ঘটনায় তিনজনের নিখোঁজ হওয়ার ব্যাপারে তাদের পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হলো। স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং অতিরিক্ত পুলিশ সুপার আত্মগোপনে থাকা লোকজনকে নিজ নিজ বাড়ি ফেরার আহ্বান জানিয়ে বলেছেন, সাধারণ মানুষকে গ্রেপ্তার বা হয়রানি করা হবে না। যারা নিরীহ লোকজনের হাতে লাঠি তুলে দিয়েছে, তাদের চিহ্নিত করা হবে।স্থানীয় সাবেক সাংসদ কে এম সফিউল্লাহ বলেন, কোনো এলাকায় সেনাক্যাম্প স্থাপন করতে হলে সেখানকার প্রশাসন ও ইউনিয়ন পরিষদকে অবহিত করার কথা। স্থানীয় সাংসদ (এমপি), উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বলেছেন, তাঁরা এ বিষয়ে কিছুই জানতেন না। সেনাবাহিনী তাঁদের অবহিত করেনি।সাবেক সেনাপ্রধান ও রূপগঞ্জের সাবেক সাংসদ কে এম সফিউল্লাহ বলেন, সেনাবাহিনী আর্মি হাউজিং স্কিমের নামে জমি কিনেছে। এই জমির কাগজপত্র পরীক্ষার জন্য লোকজনকে সব সময় ঢাকার সেনানিবাসে নেওয়া সম্ভব নয়। তাই তারা এখানেই চারটি ক্যাম্প করেছে। কিন্তু ক্যাম্প করার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদকে অবহিত করার কথা। তিনি বলেন, সেনাবাহিনী কারও কাছ থেকে জোর করে জমি কেনেনি। তারা জমি কিনেছে দালালদের মাধ্যমে। আর দালালেরা দ্রুত লাভের আশায় চেয়েছিল তড়িঘড়ি জমি কিনে দিতে। এ কারণে মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়। তিনি আরও বলেন, ‘দালালেরা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে খবর পেয়ে আমি সমস্যা সমাধানের উদ্যোগ নিলাম। বিষয়টি যখন মীমাংসা হয়, তখন সুযোগ নিয়েছে দালাল চক্র ও আবাসন কোম্পানিগুলো। কারণ তাঁরা চায়নি মীমাংসা হোক। এ ছাড়া শীতলক্ষ্যা ও বালু নদ ঘেঁষে তিন লাখ লোক-অধ্যুষিত দুটি ইউনিয়নের পুরোটাই প্রকল্পের আওতায় দেখিয়ে ওয়েবসাইটে নকশা প্রদর্শন করায় সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ে। তাড়াহুড়ো করে এই নকশা ওয়েবসাইটে ছাড়া ঠিক হয়নি। যদিও নকশা মানে পুরো প্রকল্প বাস্তবায়ন নয়, পরিকল্পনা মাত্র।গোলাম দস্তগীর গাজী বলেন, সেনাবাহিনী জমি কিনবে, তাতে কারও কোনো আপত্তি থাকার কথা নয়। কেনাবেচা যেমন হয়, তেমনই হবে। দালালদের কারণেই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। গোলাম দস্তগীর আরও বলেন, ‘আমরা ওয়েবসাইট থেকে নকশা সরিয়ে নিতে বলেছিলাম। কিন্তু এটি সরিয়ে নিতে দেরি করা হয়েছে। এ জন্যই মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে। আমরা বিষয়টি মীমাংসা করে প্রচারপত্র বিলি করেছিলাম। কিন্তু বিএনপি ও আবাসন কোম্পানিগুলো বিভ্রান্তি ছড়িয়ে এ ঘটনার জন্ম দিয়েছে। একই ধরনের গেঞ্জি ও লাঠি এল কোথা থেকে? সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে ওই ঘটনা ঘটানো হয়েছে। সাধারণ মানুষ যারা হাতে লাঠি নিয়েছিল, তাদের কোনো দোষ নেই। যারা তাদের হাতে লাঠি তুলে দিয়েছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। গোলাম দস্তগীর গাজী, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া বলেন, রূপগঞ্জে চারটি সেনাক্যাম্প স্থাপনের বিষয়ে তাঁদের জানানো হয়নি।রূপগঞ্জের ৪০টি গ্রামে গতকালও আতঙ্ক কাটেনি। বাড়ি ফেরেনি এসব গ্রামের অনেকে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, নিরীহ কাউকে পুলিশ গ্রেপ্তার বা হয়রানি করবে না। নেপথ্যের হোতাদের চিহ্নিত করা হচ্ছে। তিনি সাধারণ মানুষকে বাড়ি ফেরার আহ্বান জানান।